বিচ্ছেদের পর যে কয়টি কাজ ভুলেও করা যাবে না
প্রেম ও সম্মান কখনও জোর করে আদায় করা যায় না। তাই নিজের সম্মান নিজেকেই বজায় রাখতে হবে।
‘ব্রেইকআপ’ বা বিচ্ছেদ-পরবর্তী সময়টি মানসিকভাবে সামলানো অত্যন্ত কঠিন। বুকের ভেতর এক অবিরাম হাহাকার, শূন্যতার অনুভূতি, দম নিতে কষ্ট, খাবারে স্বাদ না পাওয়া, ঘুম থেকে উঠে আবারও ঘুমিয়ে পড়তে চাওয়া— এসব অনুভূতি একসঙ্গে আসে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা বলেন, “এই সময়ে মানুষ প্রায়ই সাময়িক স্বস্তির আশায় এমন কিছু কাজ করে ফেলেন, যা পরে নিজের মানসিক সুস্থতাকে আরও জটিল করে তোলে।”
সময়ের সঙ্গে এই কষ্ট কমবে, তবে ভুল পদক্ষেপ না নিলে সুস্থ হয়ে ওঠার পথ অনেক সহজ হয়।
নিচে বিচ্ছেদের পর যে সাতটি কাজ ভুলেও করা উচিত নয়, তা বিস্তারিতভাবে আলোচনা করা হল।
শেষ সুযোগের আশায়
বিচ্ছেদের পর অনেকে ভাবেন, আরেকটু চেষ্টা করলে হয়ত সম্পর্ক টিকে যেত। এই চিন্তা থেকে প্রাক্তন সঙ্গীর কাছে বারবার ক্ষমা চাওয়া, শেষ একটা সুযোগ চাওয়া বা জোর করে সম্পর্ক ফিরিয়ে আনার চেষ্টা করা সবচেয়ে ক্ষতিকর।
প্রেম ও সম্মান কখনও জোর করে আদায় করা যায় না। এ ধরনের আচরণ নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ করে এবং প্রাক্তনের কাছে অসম্মানিত করে।
সবচেয়ে কার্যকর পদক্ষেপ হল- যোগাযোগ পুরোপুরি বন্ধ করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনফলো, ব্লক এবং ফোন নম্বর ব্লক করা।
যে কোনো ধরনের বার্তা চালাচালি করা
বিচ্ছেদের পর প্রথম কয়েকদিন সবচেয়ে কঠিন। এসময় মেসেজ পাঠানো, পুরানো ছবি দেখা, চিঠি পড়া বা প্রাক্তনের ‘সোশ্যাল মিডিয়া প্রোফাইল’ দেখা থেকে নিজেকে বিরত রাখতে হবে।
প্রথম ৭২ ঘণ্টা কোনো বার্তা না পাঠানোর চেষ্টা করুন। তারপর একটানা ২১ দিন যোগাযোগ বন্ধ রাখুন। এই সময় নিজেকে মানসিকভাবে স্থির করতে সাহায্য করে।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাময়িক বিরতি নেওয়া এই প্রক্রিয়াকে সহজ করে।
আরও পড়ুন
প্রতিশোধের চিন্তা করা
রাগ, ক্ষোভ বা প্রতিশোধের অনুভূতি স্বাভাবিক হলেও এটিকে কাজে লাগানোর চেষ্টা করো যাবে না। প্রতিশোধ নেওয়ার চিন্তা মানসিক শান্তিকে দীর্ঘদিনের জন্য নষ্ট করে দেয়।
প্রাক্তনের সঙ্গে কোনো প্রতিযোগিতায় জড়ানো যাবে না। নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে। এটিই সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া।
প্রাক্তনের গোপনীয়তা প্রকাশ করা
প্রাক্তনের সঙ্গে থাকাকালীন যে গোপন কথা, ছবি, ভিডিও, চিঠি বা স্ক্রিনশট আছে, তা কোনোভাবেই প্রকাশ করা যাবে না। এটি শুধু প্রাক্তনের গোপনীয়তা লঙ্ঘনই নয়, নিজের নৈতিকতাকেও ক্ষুণ্ণ করে।
বিচ্ছেদের পরও মানুষটির প্রতি সম্মান রক্ষা করুন— এটি মানসিক পরিপক্বতার পরিচয়।
অনুভূতি লুকিয়ে রাখা
বিচ্ছেদের কষ্ট লুকিয়ে রাখার দরকার নেই। ভালো থাকার ভান করলে মানসিক চাপ আরও বাড়ে।
কাছের বন্ধু, পরিবারের সদস্য বা বিশ্বস্ত কাউকে মন খুলে বলুন। তবে কথায় যেন প্রাক্তনের দোষারোপ বা অভিযোগ বেশি না থাকে। নিজের অনুভূতি ও নিজের সুস্থতার দিকে মনোযোগ দিন।
নেশা বা অস্বাস্থ্যকর আসক্তিতে জড়িয়ে পড়া
কষ্ট ভুলতে অ্যালকোহল, ধূমপান, অতিরিক্ত ওষুধ সেবন বা অন্য কোনো আসক্তির দিকে ঝুঁকে পড়া থেকে বিরত থাকতে হবে। এগুলো সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করে।
কষ্টের মুখোমুখি হয়ে তা কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। এটিই সত্যিকারের সুস্থতার পথ।
রাতারাতি বড় সিদ্ধান্ত নেওয়া
বিচ্ছেদের পর আবেগের বশে বিয়ে করে ফেলা, চাকরি ছেড়ে দেওয়া, শহর বদল করা বা অন্য কোনো বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া যাবে না।
এসব সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব থাকে এবং আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্তে ভুলের সম্ভাবনা বেশি। সময় নিয়ে চিন্তা করুন, পরিণত মনে সিদ্ধান্ত নিন।
সময় ও সচেতনতাই সবচেয়ে বড় ওষুধ
বিচ্ছেদের পরবর্তী সময়ে ভুল পদক্ষেপ না নিলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
ডা. ফারজানা রহমান দিনার পরামর্শ- নিজেকে সময় দিন, প্রাক্তনের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখুন এবং নিজের প্রতি মনোযোগী হোন।
এই কষ্ট কেটে গেলে আপনি আরও শক্তিশালী, পরিণত ও স্বাধীন একজন মানুষ হয়ে উঠবেন।
আরও পড়ুন
