প্রেমে বয়স কোনো বাধা নয়: নারীদের ঝোঁক কম বয়সিদের দিকে
মুখে সমবয়সি বা বয়স্ক পুরুষকে পছন্দ করার কথা বললেও, জরিপ বলছে উল্টা কথা।
সাধারণত একজন পুরুষ- প্রেম, ভালোবাসা বা বিয়ের ক্ষেত্রে ‘বয়সে কম’ এমন নারী বেছে নেয়। তবে গবেষণায় উঠে এসেছে অন্য তথ্য।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’য়ে প্রকাশিত প্রতিবেদনে, ‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ডেভিস’য়ের গবেষকদের করা একটি পর্যবেক্ষণের প্রাপ্ত ফলাফল অনুসারে জানানো হয়- দেখা গেছে নারীরাও পুরুষের মতো বয়সে ছোট সঙ্গীকে পছন্দ করছেন।
প্রধান গবেষক ও বিশ্ববিদ্যালয়টির মনোবিজ্ঞানের অধ্যাপক পল ইস্টউইক বলেন, “স্পিড ডেটিংয়ে অংশগ্রহণকারী নারীরা প্রায়শই কম বয়সি পুরুষকে আরও আকর্ষণীয় বলে মূল্যায়ন করেছেন, যদিও তারা মুখে সমবয়সি বা বয়স্ক পুরুষকে পছন্দ করার কথা বলেন। এই প্রবণতা বিশ্বব্যাপী বাড়ছে, বিশেষ করে অগ্রসর দেশগুলোতে।”
জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান দিনা এই বিষয়ে বলেন, “ঐতিহ্যগতভাবে পুরুষেরা কম বয়সি নারীকে সঙ্গী হিসেবে বেছে নিলে সমাজ তা স্বাভাবিকভাবে গ্রহণ করে। তবে নারীর ক্ষেত্রে এটি এখনও নতুনত্ব বহন করে।”
তবে বর্তমানে অনেক নারী বয়সের ফারাককে গুরুত্ব দিচ্ছেন না। নারীরা সুন্দর মন, আত্মবিশ্বাস, মানসিক সংযোগ এবং ব্যক্তিগত সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছেন।
কম বয়সি পুরুষেরা প্রায়শই আরও উদ্যমী, কৌতূহলী এবং নমনীয় হয়ে থাকেন, যা সম্পর্কে গতিশীলতা ও ভারসাম্য আনে।
আজকাল নারীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও স্বাধীন। পারিবারিক নিরাপত্তার জন্য বয়স্ক সঙ্গী খোঁজার প্রথাগত ধারণা থেকে তারা সরে আসছেন- বলে জানানো হয় গবেষণায়।
বরং নিজের সুখ, মানসিক পরিপূর্ণতা এবং আকর্ষণকে প্রাধান্য দিচ্ছেন।
কম বয়সি সঙ্গীর সান্নিধ্যে অনেক নারী নিজেকে আরও তরুণ ও জীবন্ত অনুভব করেন। তরুণ পুরুষেরা স্বাস্থ্যসচেতন, নতুন অভিজ্ঞতার প্রতি উন্মুক্ত এবং সম্পর্কে সমতা বজায় রাখতে আগ্রহী।
এছাড়া, সমবয়সী বা বয়স্ক পুরুষেরা প্রায়শই বিগত সম্পর্কের জটিলতা বহন করেন, যা নতুন সম্পর্ককে জটিল করে তোলে।
সামাজিক দৃষ্টিভঙ্গিও বদলাচ্ছে। নারীরা এখন পুরানো রীতিনীতিকে চ্যালেঞ্জ করছেন এবং বয়সকে সম্পর্কের একমাত্র মাপকাঠি মানছেন না।
গবেষণায় দেখা গেছে- লিঙ্গ সমতা যত বাড়ছে, বয়সের ব্যবধান তত কমছে। নারীরা নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে কম বয়সি সঙ্গী বেছে নিচ্ছেন, যা তাদের মানসিক সন্তুষ্টি বাড়াচ্ছে।
এই প্রবণতা প্রমাণ করে, প্রেমে বয়স শুধু একটি সংখ্যা— সত্যিকারের সংযোগই মুখ্য।
আরও পড়ুন
