২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে দেরিতে নাকি আগে-ই করা ভালো?

তরুণ বয়সে বিয়ের মর্ম একরকম, বেশি বয়সে বিয়ের মর্ম অন্য রকম।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 03:50 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

সময়ের সঙ্গে সম্পর্কের সংজ্ঞা বদলেছে, বদলেছে বিয়ে নিয়ে ভাবনাও। অনেকে মনে করেন ‘ক্যারিয়ার’ গুছিয়ে, ত্রিশের পর স্থির হয়ে বিয়ে করাই ভালো।

আবার কেউ বিশ্বাস করেন কলেজ প্রেম, তরুণ বয়সের সাহস ও একসঙ্গে বড় হয়ে ওঠার মধ্যেই লুকিয়ে আছে সুখের চাবিকাঠি।

বাংলাদেশের আইন (বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭) অনুযায়ী, বিয়ের জন্য মেয়েদের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ন্যূনতম বয়স ২১ বছর।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা এই বিষয়ে বলেন, “আইন অনুযায়ী বিয়ের বয়স নির্দিষ্ট করা। এরপর কেউ যদি বিয়ে করতে চায় সেটি সম্পূর্ণ ব্যক্তিগত প্রস্তুতি, জীবনের লক্ষ্য ও দুজনের মানসিক সামঞ্জস্যের ওপর নির্ভর করে।”

তরুণ বয়সে বিয়ের পক্ষে যুক্তি বেশ শক্তিশালী।

‘ব্রিগহ্যাম ইয়াং ইউনিভার্সিটি’র উইটলি ইনস্টিটিউটের ২০২২ সালের এক গবেষণায় দেখা গেছে, ২২ থেকে ২৫ বছর বয়সে বিয়ে করা দম্পতিদের মধ্যে বৈবাহিক সন্তুষ্টির হার ছিল প্রায় ৮১ শতাংশ, যেখানে দেরিতে বিয়ে করা দম্পতিদের ক্ষেত্রে ছিল ৭১ শতাংশ।

যৌন সন্তুষ্টির ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে— ৬৩ শতাংশ বনাম ৪৯ শতাংশ। এই বয়সে দম্পতিরা একসঙ্গে বড় হন, জীবনের চ্যালেঞ্জগুলো একসঙ্গে মোকাবিলা করেন এবং গভীর বন্ধনে আবদ্ধ হন।

তবে তরুণ বয়সে বিয়ের চ্যালেঞ্জও কম নয়। মানসিক পরিপক্বতার অভাব, আর্থিক অস্থিরতা ও অনাকাঙ্ক্ষিত সন্তানের দায়িত্বে অনেক দম্পতি বিপর্যস্ত হয়ে পড়েন। এসব চাপ সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।

যারা প্রতিশ্রুতিবদ্ধ হতে প্রস্তুত, পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী এবং দ্রুত পরিবার গড়ার পরিকল্পনা রাখেন, তাদের জন্য এই বয়স বেশি উপযোগী।

তিরিশের পর বিয়ের পক্ষে যুক্তিও শক্ত।

যুক্তরাষ্ট্রের আদমশুমারির দীর্ঘমেয়াদি তথ্যভিত্তিক এক বিশ্লেষণে দেখা গেছে, প্রথম বিয়ের সাফল্য সবচেয়ে বেশি ২৫-৩৪ বছরের মধ্যে। ২৫ বছরের পর বিয়ে করলে বিচ্ছেদের ঝুঁকি প্রায় ২৪ শতাংশ কমে। এই বয়সে মানুষ সাধারণত বেশি পরিণত হন। মত-বিরোধ সামলানোর দক্ষতা বাড়ে, জীবনের মূল্যবোধ স্পষ্ট হয়, আর্থিক নিরাপত্তা গড়ে ওঠে।

কর্মজীবনে প্রতিষ্ঠিত নারীরা সম্পর্কে তুলনামূলকভাবে বেশি আত্মবিশ্বাসী থাকেন। নিজস্ব আয় ও আত্মপরিচয়ের স্পষ্টতা দাম্পত্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।

তবে দেরিতে বিয়েরও চ্যালেঞ্জ রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সঙ্গী নির্বাচনে খুঁতখুঁতে ভাব বাড়তে পারে। অতীত সম্পর্কের অভিজ্ঞতা বা অভ্যাস থেকে মানসিক বোঝা তৈরি হতে পারে।

নারীদের ক্ষেত্রে সন্তান ধারণের সময়সীমা নিয়েও উদ্বেগ থাকে। পুরুষদের ক্ষেত্রে দেরিতে বিয়ে করলে আয় সাধারণত বেশি থাকে। তবে তরুণ বয়সে বিয়ে করলে দ্রুত দাম্পত্য অংশীদারিত্ব গড়ে ওঠার সুযোগ পাওয়া যায়।

‘সায়েন্সডিরেক্ট’য়ে প্রকাশিত যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অফ টেক্সাস’ করা ২০১০ সালের গবেষণায় দেখা গেছে, ২২ থেকে ২৫ বছরের মধ্যে বিয়ে করা ব্যক্তিদের মধ্যেই সর্বোচ্চ মানের স্থিতিশীল দাম্পত্যের সম্ভাবনা বেশি।

তাই বলা চলে, বিয়ের ‘পারফেক্ট’ সময় সেই ব্যক্তির জন্যই সঠিক, যিনি মানসিকভাবে প্রস্তুত। সুখী দম্পতিরা ঘড়ির কাঁটা দেখে নয়, চরিত্র ও লক্ষ্য মিললে বিয়ে করেন।

বাইশের তাড়াহুড়া করে বিয়ে ঝুঁকিপূর্ণ হতে পারে, আবার আটত্রিশে অতিরিক্ত খুঁতখুঁতে হতে গিয়ে একাকিত্বও আসতে পারে।

চাপের কাছে নয়, জীবনের লক্ষ্য ও মূল্যবোধে মিল আছে, এমন সঙ্গীকেই বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন

বিয়ে করতে কেন এত ভয়?

বিয়েতে সম্মতি দেওয়ার আগে যে বিষয়গুলো আলোচনা করা প্রয়োজন

বিবাহিতরা কি অবিবাহিতদের চাইতে বেশি সুখী?

বিয়ের জন্য আপনি কি প্রস্তুত?

বিয়ে মানেই সমাধান নয়