২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লো ফেস্ট শেষ হল আনন্দে, সুস্থতার বার্তা নিয়ে

তিন দিনের ‘দি ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’-এর শেষ ঘণ্টা পর্যন্ত ছিল সুস্থ থাকার বারতা।

বিডিনিউজ২৪

আহমেদ ফেরদৌস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 06:22 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

রাজধানীর গুলশান-২-এর বিচারপতি সাহবুদ্দিন আহমদ পার্কে শনিবার সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। ভোরের আলো ফোটার আগেই পূর্ব গেটের সামনে জড়ো হতে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। ‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’-এর তৃতীয় দিন শুরু হচ্ছে—এই খবরে সবাই উৎসাহে টগবগ। কারও হাতে পানির বোতল, কারও ব্যাগে জুতার ফিতা বাঁধার তাড়া। সকাল সাতটায় ‘রেডি সেত গো’ ম্যারাথনের জন্য অপেক্ষা করছেন সবাই।

সকালের দৌড়, যোগ ও মেডিটেইশন

ম্যারাথন শুরু হয় ইয়োগা শালার সামনে থেকে। পাঁচ কিলোমিটারের এই দৌড়ে যোগ দেন শিশু থেকে কর্মজীবী নারী-পুরুষ—সব বয়সের মানুষ। কেউ দ্রুত ছুটছেন, কেউ ধীরে ধীরে এগোচ্ছেন, তবে আনন্দের কমতি নেই কারও। দৌড় শেষে অনেকেই বললেন, এটি শরীরচর্চার প্রতি নতুন উদ্যম জাগিয়েছে।

দৌড়ের পর ‘রানার্স স্ট্রেংথ ট্রেনিং সেশন’ নেন স্নিগ্ধ। তিনি দেখান, দৌড়ের পর পেশি ঠিকমতো শিথিল করার উপায়, ভারসাম্য রক্ষার কৌশল। যারা নিয়মিত ব্যায়াম কম করেন, তাদের জন্য এটি ছিল বিশেষ সহায়ক।

‘প্লে-গ্রাউন্ডে’ শিশু-কিশোরদের জন্য ছিল অন্য আকর্ষণ। রায়ান ও আব্দুল্লাহর ‘এমএমএ ডেমোতে’ ঘুষি, ব্লক আর দ্রুত শরীর চালনার কৌশল দেখে মুগ্ধ হয় শিশুরা; বড়রাও ভিড় করেন।

ইয়োগা শালায় শ্যাজি ওমের সেশনে শ্বাস-প্রশ্বাসের কৌশল, শরীর টানটান করা ও মনোযোগ ধরে রাখার উপায় শেখানো হয়।

ছবির গ্যালারি

বাহারি পণ্যও মিলছে ‘ফ্লো ফেস্টে’

ফ্লো ফেস্টে শাস্ত্রীয় নৃত্য

সেজালের সার্কেল যোগও জনপ্রিয় হয়, যেখানে নিয়মিত চর্চায় শরীর-মন নমনীয় রাখার কথা বলা হয়।

মেডিটেইশন গার্ডেনে গুঞ্জনের সেশনে চোখ বন্ধ করে ধীর শ্বাসে মন শান্ত করেন অংশগ্রহণকারীরা। পরে কেরির সাউন্ড মেডিটেশনের নরম সুরে পুরো পার্কে ছড়িয়ে পড়ে প্রশান্তি।

শিল্প, সৃজনশীলতা ও শিশুদের কারুশিল্প

‘আর্ট + সোল জোন’য়ে যেন এক রঙিন দুনিয়া। নাফিসার আঁকা শেখানোর সেশনে মিশ্র মাধ্যমে ছবি আঁকা শেখেন অংশগ্রহণকারীরা।

কিশোরদের জন্য কাশফির ‘রাইট টু রিলিজ’—লেখালেখিতে আবেগ প্রকাশের অনুশীলন।

শিশুদের জন্য কারুশিল্পের মজার আয়োজন। আমাল ফাউন্ডেশনের সহায়তায় রঙিন কাগজ, কাঁটা কাঠি দিয়ে বানানো হয় খেলনা ও সাজসজ্জার জিনিস। হাসিমুখে শিশুদের আনন্দ চোখে পড়ার মতো।

‘ঢাকা জঙ্গল’ শিশুদের শেখায় গাছ রোপণ, মাটি ধরার অনুভূতি ও যত্নে বড় করার পথ। ‘স্মার্ট এয়ারের সেশনে’ বাতাসের গুণগত মান ও দূষণ কমানোর সহজ উপায় শেখানো হয়।

মুস্তাফিজুর রহমান ফায়ার স্পিনিং শেখান।

প্যানেল আলোচনা ও সন্ধ্যার সংগীত

অ্যাম্ফিথিয়েটারে সারা দিন চলে প্যানেল আলোচনা। মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞরা উদ্বেগ, বিষণ্নতা ও চাপ মোকাবেলার বাস্তব পরামর্শ দেন। বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ নিয়েও আলোচনা হয়।

দুপুরে ‘ওয়েলনেস ফিস্ট’ প্যানেলে ঘুম, পুষ্টি ও শরীর পুনরুদ্ধারের গুরুত্ব নিয়ে কথা বলেন অতিথিরা। ‘গেম চেঞ্জার্স’ প্যানেলে উঠে আসে দেশের ইতিবাচক উদ্যোগ ও উদ্যোক্তাদের গল্প।

বিকেলে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স স্টলে গায়ক নাফিস কামাল গান শোনান পাঁচটি।

সন্ধ্যায় সংগীতের জোয়ার। দিবাজ্ঞানী, প্রেম জুরি, ক্যাসেট ব্যান্ডের কনসার্টে দর্শকদের ভিড়।

‘ক্যাসেট ব্যান্ড’ মঞ্চে উঠতেই হাততালি আর ফোনের আলোয় উজ্জ্বল হয় অ্যাম্ফিথিয়েটার।

সচেতন ফ্যাশনের বার্তা

এবারের ফ্লো ফেস্টে ‘সাস্টেইনেবল ফ্যাশন বুলেভার্ড’ ছিল বিশেষ আকর্ষণ। স্থানীয় ব্র্যান্ডগুলো পরিবেশবান্ধব ও নৈতিক পোশাক প্রদর্শন করে। ‘হ্যাপিয়ার’, ‘ক্যালিও’, ‘সমস্যা নাই’, ‘আশা’, ‘ব্লুম’সহ অনেকে অংশ নেয়।

ফ্যাশনের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

শেষ দিনের অনুভূতি

এবারের ফ্লো ফেস্টের শেষ দিনে স্পষ্ট হয়, এটি শুধু ব্যায়ামের উৎসব নয়—শরীর, মন, শিল্প, সংগীত ও কমিউনিটির মিলনমেলা।

এই আয়োজনের একজন সমন্বয়কারী মায়িশা নাহিন আকন্দ বলেন, “আমরা আশা করেছিলাম ২০ হাজার দর্শক। তবে রেজিস্ট্রেশন হয়েছে ৩০ হাজারের বেশি। ভবিষ্যতে আরও বড় আয়োজন নিয়ে আসব।”

প্রতিষ্ঠাতা শাজিয়া ওমর বলেন, “সুস্থতা ও সহমর্মিতাকে জীবনের অংশ করাই লক্ষ্য। মানুষ এসেছে, শিখেছে, ভাগ করে নিয়েছে—এটাই সাফল্য।”

ভিডিও

ঢাকায় ফ্লো ফেস্টে ‘রাজকীয় খেলা’ ফেন্সিং

বাহারি আয়োজনে ‘দ্য ফ্লো ফেস্ট’