১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিজেকে সময় দেওয়ার পন্থা হতে পারে একা রেস্তোরাঁয় যাওয়া

নানান পন্থায় রেস্তোরাঁয় একা বসে থাকার অস্বস্তি দূর করা যায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 04:07 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

কাজ, পরিবার বা বিভিন্ন ব্যস্ততায় নিজের সঙ্গে একা সময় কাটানোর সুযোগ খুব কমই পাওয়া যায়। তবে নিজেকে একটু সময় দিতে সাম্প্রতি একটি নতুন প্রবণতা জনপ্রিয় হয়ে উঠছে। সেটি হল একা রেস্তোরাঁয় গিয়ে খাওয়া।

এটিকে নিজের সঙ্গে সময় কাটানোর অভ্যাস হিসেবেই দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পুষ্টিবিদ ও লেখক লরেন মানাকার রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “একা রেস্তোরাঁয় গিয়ে কেবল খাবার উপভোগ করার বিষয় নয়, এটি নিজের যত্ন নেওয়ার গুরুত্বপূর্ণ উপায়ও হতে পারে।”

শুরুতে বিষয়টি অস্বস্তির মনে হলেও কিছু কৌশলে একা খাওয়ার অভিজ্ঞতা আনন্দদায়কও করা যায়।

নিজের জন্য সময় উপভোগ

একা রেস্তোরাঁয় খাওয়া মানে একাকিত্ব নয় বরং এটি নিজের জন্য একটি বিশেষ সময় তৈরি করা। ব্যস্ততার মধ্যে প্রায়ই নিজের কথা ভুলে যেতে হয়। তবে একা বসে খাবার খাওয়ার সময়টি নিজের সঙ্গে একটু সময় কাটানোর সুযোগ দেয়।

লরেন মানাকার বলেন, “ঘরে বসে বই পড়া বা শান্তভাবে সময় কাটানো সম্ভব নাও হতে পারে। তবে রেস্তোরাঁয় একা গেলে সেই সুযোগ মিলবে। প্রিয় কোনো বই পড়া, আবার শুধু পরিবেশ উপভোগ করেও সময় কাটানো যায়।”

ছোট জায়গা দিয়ে শুরু

প্রথমবার একা রেস্তোরাঁয় খেতে গেলে কিছুটা অস্বস্তি বা দ্বিধা কাজ করতেই পারে। তাই শুরুতে বড় বা খুব ব্যস্ত জায়গা বেছে নেওয়ার প্রয়োজন নেই। প্রথমদিকে ছোট ও সহজ পরিবেশের জায়গা বেছে নেওয়া যেতে পারে, যেমন- ছোট কফিশপ বা শান্ত কোনো খাবারের দোকান।

এমন জায়গায় সাধারণত অনেক মানুষ একাই বসে খাওয়া বা কাজ করেন, ফলে নতুনদের জন্য অস্বস্তি কম হয়।

চাইলে প্রথমে ঘরেই নিজের জন্য টেবিল সাজিয়ে একা খাওয়ার অভ্যাস করা যায়। এতে বিষয়টি ধীরে ধীরে স্বাভাবিক মনে হবে।

পছন্দের জায়গা নির্বাচন

যদি প্রথমবার একা রেস্তোরাঁয় খাওয়ার সিদ্ধান্ত নিতে হয় তাহলে এমন একটি জায়গা বেছে নেওয়া ভালো যেখানে যাওয়ার ইচ্ছা আগে থেকেই ছিল।

পছন্দের খাবার, সুন্দর পরিবেশ কিংবা নতুন কোনো রেস্তোরাঁ যে কারণেই হোক, আগ্রহ থাকলে অভিজ্ঞতাটি আনন্দদায়ক হতে পারে।

নিজের কাজ সঙ্গে রাখা

একা রেস্তোরাঁয় গেলে সময় কীভাবে কাটাবেন তা নিয়ে ভাবনা আসতে পারে। এক্ষেত্রে নিজের কোনো কাজ সঙ্গে রাখা যেতে পারে। যেমন- বই, নোটখাতা বা অন্য কোনো কাজ।

কেউ চাইলে লেখালেখি করতে পারেন বা নতুন কোনো পরিকল্পনা ভাবতে পারেন। এতে সময়ও ভালো কাটে এবং একা থাকার অনুভূতিও কমে যায়।

নিজের জন্য সাজগোজ করা

একা রেস্তোরাঁয় যাওয়া মানে নিজের সঙ্গে বিশেষ সময় কাটানোর সুযোগ। তাই চাইলে একটু সাজগোজও করে ফেলা যেতে পারে।

নিজের জন্য সাজা বা সুন্দর পোশাক পরা আত্মবিশ্বাস বাড়ায়। এতে একা খাওয়ার অভিজ্ঞতা আনন্দের হতে পারে।

শান্ত সময় বেছে নেওয়া

রেস্তোরাঁয় ভিড় কম থাকে এমন সময় বেছে নেওয়াও একা খাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। বিকেলের দিকে বা ব্যস্ত সময়ের বাইরে গেলে পরিবেশ তুলনামূলক শান্ত থাকে।

এতে নতুনদের জন্য অস্বস্তি কম হয় এবং ধীরে ধীরে একা রেস্তোরাঁয় যাওয়ার আত্মবিশ্বাস তৈরি হয়।

নতুন মানুষের সঙ্গে আলাপের সুযোগ

একা খাওয়ার আরেকটি ইতিবাচক দিক হল- নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হওয়া। অনেক সময় পাশের টেবিলে বসা কেউ বা কর্মীদের সঙ্গে সাধারণ কথাবার্তা শুরু হতে পারে।

অবশ্যই এটি বাধ্যতামূলক নয়। কেউ চাইলে শুধু নিজের মতো করে সময় কাটাতেও পারেন। তবে কখনও কখনও ছোট একটি আলাপও সুন্দর স্মৃতি হয়ে থাকতে পারে।

ধীরে ধীরে খাবার উপভোগ করা

একা খাওয়ার সবচেয়ে বড় সুবিধা হল- খাবার ধীরে ধীরে উপভোগ করার সুযোগ পাওয়া। পরিবার বা বন্ধুদের সঙ্গে খাওয়ার সময় নানান কথাবার্তার মধ্যে খাবারের স্বাদ ঠিকমতো অনুভব করা যায় না।

খাবার খাওয়ার সময় যদি মনোযোগ দিয়ে স্বাদ, গন্ধ ও অনুভূতি উপলব্ধি করা যায় তাহলে খাবার খাওয়ার অভিজ্ঞতা পরিপূর্ণ হয়। এতে হজমেও উপকার হতে পারে।

আরও পড়ুন

রেস্তোরাঁতে যে অ্যাপেটাইজারটি মুখে তোলা ঠিক না

রেস্তোরাঁ থেকে আনা খাবার কি নিরাপদে খাচ্ছেন?

রেস্তোরাঁয় সামুদ্রিক খাবার বাছাইয়ের ভুলগুলো