মিসরে ইফতারে কামানের গর্জন, আর নীল নদের পাড়ে ফানুস উৎসব
তোপধ্বনিতে পুরো কায়রো শহর একসঙ্গে ইফতার করা শুরু করে।
নীল নদ আর পিরামিডের দেশ মিসর। রমজান এলেই মিসরের বুক চিরে বয়ে যায় এক আধ্যাত্মিক আর সাংস্কৃতিক জোয়ার।
মিসরীয়দের কাছে রমজান মানে শুধু রোজা রাখা নয়— এটি ‘ফানুস’ বা রঙিন লণ্ঠনের আলোয় ঝলমলে রাস্তা, ‘মাদফা’ বা ইফতারের কামানের গর্জন আর পাড়া-পড়শির সঙ্গে ভাগ করে নেওয়া এক দীর্ঘ দস্তরখানের গল্প।
সাংবাদিক বাহার উদ্দিন বকুল, যিনি প্রায় ৩০ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন এবং দেশ-বিদেশে রমজান পালন করেছেন, বলেন, “মিসরে ইফতারের সময় ঘড়ি দেখে নয়, বরং কামানের তোপধ্বনির মাধ্যমে জানানো হয়। কায়রোর ঐতিহাসিক সালাহউদ্দিন দুর্গের ওপর থেকে যখন কামানের গর্জন শোনা যায়, তখনই পুরো শহর একসঙ্গে ইফতার শুরু করে।”
ইফতারের কামান ও ফানুস উৎসব
এই প্রথাটি ‘মাদফা আল-ইফতার’ নামে পরিচিত। ফাতেমীয় খলিফাদের আমল থেকে চলে আসা এই ঐতিহ্য আজও অটুট।
সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে দুর্গের ওপর থেকে কামান দাগা হয়। তোপের গম্ভীর ধ্বনি কায়রোর আকাশ-বাতাস কাঁপিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হাজারো মানুষ ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত করে তোলে শহর।
এই ধ্বনি শুনেই ঘরে ঘরে দস্তরখানে বসে পড়েন মানুষ।
পাশাপাশি, মিসরের রমজানের প্রতীক হল ‘ফানুস’ বা রঙিন লণ্ঠন। এটাও ফাতেমীয় আমল থেকে চলে আসছে।
রমজানে মিসরের প্রতিটি রাস্তা, বাড়ি আর মসজিদের সামনে রঙিন কাচ আর ধাতুর তৈরি বাহারি লণ্ঠন ঝোলানো হয়। সন্ধ্যা নামলেই এই লণ্ঠনগুলো জ্বলে ওঠে।
শিশুরা হাতে ছোট ছোট লণ্ঠন নিয়ে ‘ওয়াহওয়াই ইয়া ওয়াহওয়াই’ গান গাইতে গাইতে রাস্তায় মিছিল করে। রঙিন আলোয় ঝলমলে রাস্তায় শিশুদের হাসি-আনন্দ আর গানের সুর মিশে যায় নীল নদের হাওয়ায়।
এই দৃশ্য দেখলে মনে হয়, যেন পুরো কায়রো আলোর উৎসবে মেতে উঠেছে।
‘মাতারিয়া’র মহাদস্তরখান
কায়রোর উত্তর-পূর্বের এলাকা ‘মাতারিয়া’র ইফতার এখন বিশ্বজুড়ে আলোচিত। এখানে ১১ বছর ধরে (করোনা বাদে) আয়োজন করা হচ্ছে বিশ্বের অন্যতম বড় গণ-ইফতার। মাতারিয়া এলাকার বাসিন্দারা কয়েকশ মিটার লম্বা দস্তরখান সাজান। হাজারও মানুষ একসঙ্গে বসে এখানে ইফতার করেন।
মজার ব্যাপার হল, এই বিশাল খাবারের আয়োজন কেবল কোনো সংস্থা নয়, বরং পাড়ার প্রতিটি ঘরের নারীরা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন।
এখানে মুসলিমদের পাশাপাশি খ্রিষ্টানরাও খাবার তৈরিতে আর পরিবেশনায় হাত মেলান। এই আয়োজন যেন ধর্ম-বর্ণ নির্বিশেষে মিসরের সামাজিক সংহতির এক জ্বলন্ত উদাহরণ।
ইফতারিতে যা থাকে
মিসরিদের ইফতার শুরু হয় এক গ্লাস ঐতিহ্যবাহী শরবত দিয়ে। তাদের ইফতারের প্রধান আকর্ষণগুলো হল—
কামার আল-দীন: শুকনা খুবানি বা অ্যাপ্রিকট দিয়ে তৈরি বিশেষ শরবত। এটি মিসরি ইফতারের অবিচ্ছেদ্য অংশ।
ফুল মাদামেস: শিমের ডাল দিয়ে তৈরি এই খাবার ইফতার ও সেহরি দুই সময়েই খুব জনপ্রিয়।
কুনাফা ও কাতায়েফ: ময়দার খামির দিয়ে তৈরি ‘কুনাফা’ আর হিলাল বা চাঁদের আকৃতিতে তৈরি ‘কাতায়েফ’ মিসরের সিগনেচার রমজান ডেজার্ট। এগুলো ছাড়া মিসরিদের ইফতার পূর্ণ হয় না।
আচার: মিসরীয়রা বিশ্বাস করে টক-ঝাল আচার তাদের ক্ষুধাবর্ধক হিসেবে কাজ করে, তাই দস্তরখানে এক বাটি রঙিন আচার থাকা চাই-ই চাই।
‘ডিশ পার্টি’র নতুন ধারণা
বর্তমানে মিসরের মুদ্রাস্ফীতি আর আর্থিক টানাপড়েন তাদের চিরচেনা রমজানে কিছুটা প্রভাব ফেলেছে। তারা এখন নতুন নতুন সাশ্রয়ী পদ্ধতি বের করেছেন।
অনেক পরিবার এখন রেস্তোরাঁয় না গিয়ে পার্কে বা নীল নদের পাড়ে ‘ডিশ পার্টি’ করে। এখানে প্রতিটি পরিবার একটি করে পদ বাড়ি থেকে রান্না করে আনে, ফলে খরচ কম হয় কিন্তু পুনর্মিলনটা ঠিকই বজায় থাকে।
অল্প খরচে নীল নদের ছোট নৌকা বা ফেলুকায় বসে ইফতার করা এখন তরুণদের মাঝে বেশ জনপ্রিয়।
অমুসলিমদের শ্রদ্ধা
মিসরের রমজানে এক অপূর্ব দৃশ্য হল- অমুসলিমদের অংশগ্রহণ। কায়রোতে একটি খ্রিষ্টান পরিবার কয়েক দশক ধরে ইফতারের জন্য কুনাফা ও কাতায়েফ বিক্রি করে আসছেন। তারা কেবল ব্যবসাই করেন না, বরং পুরো মাস মুসলিমদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।
অনেক অমুসলিম মিসরি রমজানে প্রকাশ্যে পানাহার থেকে বিরত থাকেন এবং ইফতারের সময় মুসলিম বন্ধুদের সঙ্গে দস্তরখানে যোগ দেন।
মিসরের রমজান যেন ইতিহাস, ঐতিহ্য ও মানবিকতার এক অসাধারণ মিলন। কামানের গর্জন থেকে শুরু করে ফানুসের আলো আর নীল নদের পাড়ে দস্তরখান— সবকিছু মিলে মিসরের রমজান হয়ে ওঠে এক অবিস্মরণীয় উৎসব।
আরও পড়ুন
