২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে সংযুক্ত আরব আমিরাত: বিলাস ও ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন

বুর্জ খলিফার ৮০ তলার বাসিন্দাদের ইফতারে দুতিন মিনিট অতিরিক্ত অপেক্ষা করতে হয়। কারণ উঁচুতে সূর্যাস্ত হয় দেরিতে।

রমজানে সংযুক্ত আরব আমিরাত: বিলাস ও ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন
শাবান মাসের ১৫ তারিখে শিশুদের নিয়ে হয় ‘হক আল লায়লা’ উৎসব। ছবি: এক্সপোসিটি দুবাই ডটকম।

বিডিনিউজ২৪

ফেরদৌস ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 04:50 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

আপামর বিশ্বের কাছে সংযুক্ত আরব আমিরাত যেন এক জীবন্ত স্বপ্ন। মরুর বুকে গড়ে ওঠা বিলাস ও আভিজাত্যের এই দেশে অফুরান তেলের সম্পদ, অত্যাধুনিক নগরায়ণ এবং প্রাচুর্যের সংমিশ্রণে এক অদ্ভুত মায়া ছড়িয়ে আছে।

রাজধানী আবু ধাবি থেকে দুবাই— প্রতিটি শহর যেন আলাদা এক গল্প বলে। দেশটিতে স্থানীয়দের চেয়ে ভিন-দেশিদের সংখ্যা বেশি।

তবু রমজান এলে এই বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মধ্যে এক অপূর্ব ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্যের ছবি ফুটে ওঠে। উৎসবমুখর পরিবেশে পালিত হয় রোজা।

দুবাইতে একটি চ্যারেটি ইফতারের দৃশ্য। ছবি: রয়টার্স।

দুবাইতে একটি চ্যারেটি ইফতারের দৃশ্য

সাংবাদিক বাহার উদ্দিন বকুল, যিনি প্রায় ৩০ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন এবং দেশ-বিদেশে রমজান পালন করেছেন; তিনি বলেন, “রমজানের আগমন উপলক্ষ্যে আমিরাতে এক ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে পবিত্র মাসকে বরণ করা হয়।”

শাবান মাসের ১৫ তারিখে ‘হক আল লায়লা’ নামে শিশুদের নিয়ে এক বিশেষ উৎসব হয়। শিশুরা উজ্জ্বল রংয়ের কাপড় পরে, কাঁধে ‘খারিতা’ নামের ঝোলা ঝুলিয়ে দলবেঁধে প্রতিবেশীদের বাড়িতে যায়। দরজায় কড়া নাড়িয়ে সুর করে বলে, ‘তোমরা আমাদের দাও, আল্লাহ তোমাদের দেবেন। মক্কায় আল্লাহ তার ঘর পরিদর্শন করাবেন।’ বিনিময়ে তারা মিষ্টি, বাদাম, ফল ও খাবার সংগ্রহ করে।

‘হক আল লায়লা’ উৎসব। ছবি সৌজন্যে: সারজাহ টোয়েন্টিফোর ডটএই

‘হক আল লায়লা’ উৎসব

এই আনন্দময় প্রথা আধুনিক আমিরাতের জাতীয় পরিচয়ের অংশ। আজকের ব্যস্ত ও বিচ্ছিন্ন জীবনে এই রীতি আগের সহজ-সরল সমাজের স্মৃতি ফিরিয়ে আনে এবং পারিবারিক ও সামাজিক বন্ধনের গুরুত্ব তুলে ধরে।

রোজা শুরুর সঙ্গে সঙ্গে দেশের চালচিত্র পাল্টে যায়। নাইটক্লাব, বার বন্ধ হয়ে যায়। প্রকাশ্যে পানাহার ও ধূমপান দণ্ডনীয় অপরাধ। বছরভর পরিচ্ছন্ন সড়কগুলো আরও ঝকঝকে হয়ে ওঠে। জাঁকালো আলোকসজ্জায় সেজে ওঠে পুরো উপসাগরীয় দেশ।

রমজানে কাজের সময় কমে যায়। কর্মীরা তাড়াতাড়ি ঘরে ফিরে পরিবারের সঙ্গে ইফতার করার সুযোগ পান।

সরকারি অফিসগুলো সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে।

শুক্রবার কাজ চলে সকাল ৯টা থেকে দুপুর ১২টা। বেসরকারি খাতেও দৈনিক কাজের সময় দুই ঘণ্টা কমানো হয়।

দুবাইয়ে রমজানের চাঁদ দেখার ঘোষণা দেয় ‘ইউনাইটেড আরব আমিরাত মুন সাইটিং কমিটি’। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের সংস্কৃতি এখানে বহু পুরোনো।

স্বেচ্ছাসেবী সংস্থাগুলো রমজান সংশ্লিষ্ট সামগ্রী বিতরণ করে। আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন হয়। রমজান এলেই দুবাই নতুন উদ্যমে সেজে ওঠে।

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার ৮০ তলার বাসিন্দাদের ইফতারে দুতিন মিনিট অতিরিক্ত অপেক্ষা করতে হয়— কারণ উঁচুতে সূর্যাস্ত দেরিতে হয়।

ইফতারে প্রতিবেশী দেশগুলোর প্রভাব স্পষ্ট। সুন্নত মেনে খেজুর দিয়ে রোজা খোলা হয়। ঐতিহ্যবাহী থারিদ, বিরিয়ানি, কাতায়েফ, সালাদ, ইতালিয়ান পাস্তা, ফলের পাশাপাশি ‘হারিস’- রুটিতে ছড়ানো মাংসের এই পদ সবচেয়ে প্রিয়।

খেজুর ও দুধ অবশ্যই থাকে। দুবাইয়ের বিখ্যাত হারিরা স্যুপ ভেড়ার মাংস ও মসুর ডালের সমন্বয়ে তৈরি।

‘মালকুফ’ (মাংস ও সবজির রোল), ‘ওউজি’ (ভেড়ার মাংসের পদ) এবং ‘কউশা মাহসি’ (মাছের খাবার) টেবিলে গুরুত্ব পায়।

মিষ্টান্ন হিসেবে কুনাফেহ ছাড়া ইফতার অসম্পূর্ণ। চিজসহকারে তৈরি এই পেস্ট্রি দুবাইয়ের রোজাদারদের প্রিয়।

সেহরিতে ভোর রাতে সুবহে সাদিকের আগ পর্যন্ত ভারী ও পুষ্টিকর খাবার খাওয়া হয়— ভাত, মাংস, রুটি, দই, ফলমূল। হোটেল-রেস্তোরাঁয় বিশেষ আয়োজন থাকে। সেহরি পর্যন্ত উৎসবের আমেজ বজায় থাকে।

আরবীয় মিষ্টান্ন বাকলাভা।

আরবীয় মিষ্টান্ন বাকলাভা।

রমজানে সরকার বহু কারাবন্দিকে মুক্তি দেয়। ধনকুবেররা মুক্ত হস্তে দান করেন। তেলের প্রাচুর্যে স্থানীয়দের মধ্যে জাকাত নেওয়ার মতো কেউ না থাকলেও অনুন্নত দেশের মানুষ রমজানে দুবাইয়ে আসেন।

সর্বোচ্চ চাহিদার পণ্যের দাম অর্ধেক করা হয়। বিভিন্ন কোম্পানি ছাড় দেয়। প্রবাসীরা মালামাল কিনে দেশে পাঠান।

বাণিজ্যিক হোটেল প্রায় বন্ধ হয়ে যায়, শুধু ইফতারের দোকান খোলা থাকে।

হাজার বছরের আরব আতিথেয়তা এখনও অটুট। পাড়ায়, মসজিদের পাশে তাঁবু টানিয়ে বিনামূল্যে ইফতার বিতরণ হয়।

রাস্তায় গাড়ি থামিয়ে ইফতার দেওয়া আমিরাতের ঐতিহ্য।