২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়ায় রমজান: ইফতারের সৌহার্দ থেকে সেহরির পুষ্টি

রমজান মাসে আলজেরিয়া যেন নতুন প্রাণে উজ্জীবিত হয়ে ওঠে।

আলজেরিয়ায় রমজান: ইফতারের সৌহার্দ থেকে সেহরির পুষ্টি
আলজেরিয়ার একটি বাজারে রমজানের কেনাকাটায় ব্যস্ততা। ছবি: রয়টার্স।

বিডিনিউজ২৪

ফেরদৌস ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 06:44 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

আলজেরিয়া- উত্তর আফ্রিকার বিস্তৃত দেশ, যেখানে জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ মুসলিম। রমজান মাসকে শুধু ধর্মীয় আচারের মাস হিসেবে নয়, বরং পারিবারিক বন্ধন, সামাজিক সংহতি ও মানবিকতার এক উজ্জ্বল উৎসব হিসেবে পালন করে।

সাড়ে চার কোটিরও বেশি মানুষের এই দেশ বিশ্বের শীর্ষ দশ মুসলিম জনসংখ্যার দেশের তালিকায় রয়েছে।

‘আলজেরিয়ান ক্রিসেন্ট সাইটিং অথরিটি’র চাঁদ দেখার ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো দেশের পরিবেশ আমূল বদলে যায়।

বাজারগুলোতে ভিড় জমে, রাস্তায় যানজট লেগে যায়, ভ্রাম্যমাণ বিক্রেতাদের গাড়ি দোকানের সঙ্গে প্রতিযোগিতা করে। মসজিদগুলোতে তারাবিহ নামাজের জন্য সমাবেশ শুরু হয়।

সাংবাদিক বাহার উদ্দিন বকুল, যিনি প্রায় ৩০ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন এবং দেশ-বিদেশে রমজান পালন করেছেন, তিনি বলেন— “ইফতারের মুহূর্ত আলজেরিয়ানদের কাছে অত্যন্ত মূল্যবান। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে খেজুর এবং পানি বা দুধ দিয়ে রোজা খোলা হয়। এরপর মাগরিবের নামাজ আদায় করে মূল খাবার শুরু হয়।”

ইফতারের প্রধান আকর্ষণ ‘চোরবা’ বা ‘হরিরা’— একটি ঘন স্যুপ, যা মাংস, সবজি ও মসলার সমন্বয়ে তৈরি। এর সঙ্গে ফ্রেঞ্চ ব্রেড (ব্যাগুয়েট), বোরেক (মাংস বা সবজি ভর্তি ভাজা নাস্তা), সালাদ ও বিভিন্ন সবজি পরিবেশন করা হয়।

আলজেরিয়ানরা পিৎজার মতো ‘সোয়ারবা’, সবজি রোল, আলু ও সবজি দিয়ে তৈরি ‘দোলমা’ও ইফতারে রাখেন। মাগরিবের নামাজের পর ‘সিগার’ নামক বাদাম দিয়ে তৈরি পানীয় গ্রহণ করা হয়।

ইফতারির জন্য আলজেরিয়ার ঐতিহ্যবাহী মিষ্টান্ন ‘কাল্ব-আল-লোউজ’ বানাতে ব্যস্ত কারিগর।  ছবি: রয়টার্স।

ইফতারির জন্য আলজেরিয়ার ঐতিহ্যবাহী মিষ্টান্ন ‘কাল্ব-আল-লোউজ’ বানাতে ব্যস্ত কারিগর

ঘরে তৈরি শরবত বা ‘শারবাত’ টেবিলে থাকে।

ইফতার এখানে শুধু খাবারের মেলা নয়— এটি সামাজিক সৌহার্দ্যের প্রকাশ। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে একত্রে ইফতার করার প্রচলন রয়েছে।

শহরগুলোতে ‘মাওয়াইদ আর-রাহমা’ বা ‘রেস্তোরাঁ এর-রাহমা’ নামে দাতব্য ইফতারের আয়োজন হয়, যেখানে অভাবী মানুষ ও যাত্রীরা বিনামূল্যে খাবার পান।

এই দয়ার টেবিলগুলো রমজানের মানবিক দিককে উজ্জ্বল করে। বিশেষ করে রমজানে ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন কার্যক্রম চলে।

সাম্প্রদায়িক ইফতারের সঙ্গে ‘সমর্থন সভা’ অনুষ্ঠিত হয়, যা জেরুজালেমের সঙ্গে আলজেরিয়ানদের ঐতিহাসিক সংযোগকে পুনরুজ্জীবিত করে।

সেহরির সময় আলজেরিয়াতে পুষ্টির ওপর জোর দেওয়া হয়। ফজরের আগে গ্রহণ করা এই খাবারে খেজুর, ফলমূল, দুধ ও ‘সিমুই’-ধরনের খাবার থাকে।

বিখ্যাত আলজেরিয়ান কুসকুস—কিশমিশ ও মাখন দিয়ে সজ্জিত— সেহরির টেবিলে প্রধান ভূমিকা পালন করে।

রমজানে আলজেরিয়াতে চলাচল বেড়ে যায়। বাজারগুলো ভিড়ে উপচে পড়ে। ‘জালাবিয়া’ ও ‘কাল্ব এল লুজ’ মিষ্টির চাহিদা বাড়ে। বেকারিগুলোতে ঘরে তৈরি রুটি ‘মাতলৌয়া’ বা ‘কেসরা’র বিক্রি বেশি হয়।

আলজেরিয়ার একটি দাতব্য ইফতার ব্যবস্থায় সুপ পরিবেশনের ব্যস্ততা। ছবি: রয়টার্স।

আলজেরিয়ার একটি দাতব্য ইফতার ব্যবস্থায় সুপ পরিবেশনের ব্যস্ততা

রাতে ক্যাফেগুলোতে ব্রেসো কফি ও মরুভূমির চায়ের সুবাস ছড়িয়ে পড়ে। পুরানো শহরের ক্যাফেগুলোতে রোজাদাররা আড্ডা দেন, গল্প বিনিময় করেন। ঈদের প্রস্তুতি শুরু হলে বাজার আরও কোলাহলপূর্ণ হয়ে ওঠে।

আলজেরিয়ার রমজান শুধু ধর্মীয় নয়— এটি সাংস্কৃতিক ও সামাজিক উৎসব। হরিরা স্যুপ ও বোরেক রোল ছাড়া কোনো টেবিল অসম্পূর্ণ। পরিবারগুলো স্থানীয় চরিত্র অনুসারে টেবিল সাজায়।

আরও পড়ুন

রমজানে সংযুক্ত আরব আমিরাত: বিলাস ও ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন

‘বুকা পুসা’- ইন্দোনেশিয়ার ভাষায় এর অর্থ রোজা খোলা