‘বুকা পুসা’- ইন্দোনেশিয়ার ভাষায় এর অর্থ রোজা খোলা
ইন্দোনেশিয়ায় রমজান: কোলাক-পিসাং ইজো-এস কেলাপা মুডা: ইফতারের মিষ্টি ও সতেজ স্বাদের গল্প।
ইন্দোনেশিয়া বিশ্বের সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশের একটি। প্রায় ২৩ কোটিরও বেশি মুসলমান এখানে বাস করেন, যা দেশের মোট জনসংখ্যার ৮৫ থেকে ৯০ শতাংশ। রমজান এলে এই বিশাল মুসলিম সম্প্রদায় পবিত্র মাসকে উৎসবমুখর ও সাংস্কৃতিক রংয়ে রাঙিয়ে তোলে।
রমজান শুধু উপবাসের মাস নয়— এটি পারিবারিক মিলন, সামাজিক সম্প্রীতি এবং ঐতিহ্যের এক জীবন্ত উদযাপন।
রমজান শুরুর আগে থেকেই বিভিন্ন অঞ্চলে নিজস্ব রীতিনীতির মাধ্যমে রোজাকে স্বাগত জানানো হয়। মসজিদের পাশে খোলা মাঠে বিশাল ড্রাম বাজানো, কামানের গোলা ছোড়া এবং রঙিন শোভাযাত্রা— এসব দৃশ্য রমজানের প্রাণবন্ত চিত্র ফুটিয়ে তোলে।
সাংবাদিক বাহার উদ্দিন বকুল, যিনি প্রায় ৩০ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন এবং দেশ-বিদেশে রমজান পালন করেছেন, তিনি বলেন, “রমজানের আগমনকে ঘিরে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে পৃথক পৃথক উৎসবের আয়োজন হয়। জাভা দ্বীপের সেমারাং শহরে ‘দুগদেরান’ উৎসব বিশেষভাবে উল্লেখযোগ্য। রোজা শুরুর দুই সপ্তাহ আগে থেকে এই উৎসব শুরু হয়। ‘দুগ’ শব্দটি মসজিদে বাজানো ঢাকের শব্দ থেকে এসেছে। মসজিদগুলোতে ঢাক পেটানো হয় এবং কামান থেকে গোলা ছোড়া হয়।”
বাসিন্দারা রং-বেরঙের ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন। রোজা শুরুর এক-দুই দিন আগে ‘মিউগান’ বা ‘মাকমিউগান’ উৎসব পালিত হয়, যেখানে পশু জবাইয়ের মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করা হয়।
সুদানিসি জাতিগোষ্ঠীর মধ্যে ‘মুংগাহান’ উৎসব প্রচলিত। ‘উনগাহ’ অর্থ সামনে এগিয়ে চলা। এই উৎসবের উদ্দেশ্য রোজাদার যেন পূর্ববর্তী বছরের চেয়ে আরও অধিক সংযম ও উৎসাহ নিয়ে রোজা পালন করতে পারেন।
মধ্য ও পূর্ব জাভার অনেক অঞ্চলে ‘পাদুসান’ উৎসব পালিত হয়। নদী বা পুকুরে গোসল করে শরীর ও মনকে পরিশুদ্ধ করা হয়। ইসলামে পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ— এই বিশ্বাস থেকে উদ্ভূত এই রীতি।
গোসল শেষে প্রার্থনায় যোগ দেন এবং কলাপাতায় সাজানো খাবার সবাই মিলে ভাগ করে খান।
রাজধানী জাকার্তায় ‘নিওরোজ’ উৎসব বিশেষভাবে প্রচলিত। ‘নিওরোজ’ অর্থ পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে খাদ্য ভাগাভাগি করা।
রমজান শুরুর আগে বাবা-মা, দাদা-দাদি, শ্বশুরবাড়ির সদস্যসহ আত্মীয়দের কাছে মাংস, কফি, দুধ, চিনি, মিষ্টি ও অন্যান্য খাদ্যদ্রব্য পাঠানো হয়। এই রীতি পারিবারিক বন্ধনকে আরও মজবুত করে।
ইফতারকে বলা হয় ‘বুকা পুসা’
ইন্দোনেশিয়ায় ইফতারকে বলা হয় ‘বুকা পুসা’, যার অর্থ ‘রোজা খোলা’।
ইফতারে তেল-মসলাদার খাবারের পরিবর্তে ফল, ফলের শরবত ও মিষ্টান্নকে প্রাধান্য দেওয়া হয়। খেজুর, আবহাম নামক পানীয় এবং কোলাক প্রথমে গ্রহণ করা হয়।
কোলাক হল নারিকেলের দুধ, নারিকেল চিনি, কলা, মিষ্টি আলু ও কাসাভা দিয়ে তৈরি একটি জনপ্রিয় ডেজার্ট। রমজানে এর চাহিদা অত্যধিক।
অন্যান্য জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে বিজি সালাক (মিষ্টি আলু দিয়ে তৈরি মিষ্টান্ন), পিসাং ইজো (সবুজ কলার বরফ), এস কেলাপা মুডা (কচি নারিকেলের শাঁস ও পানি দিয়ে তৈরি পানীয়), কেনডল (চালের আটা, তরল ব্রাউন সুগার, নারিকেল দুধ ও ঠাণ্ডা পনির দিয়ে তৈরি মিষ্টি পানীয়), এস টেলার (অ্যাভোকাডো, কচি নারকেল, কাঁঠাল ও মিষ্টি উপাদানের মিশ্রণ), মেরদোয়ান (পেঁয়াজু ধরনের ভাজা খাবার) এবং আপেম (চিতই পিঠার মতো, নারিকেল ও চালের গুঁড়া দিয়ে তৈরি)।
রাতের খাবারে ভাত, সবজি, মুরগি ও গরুর মাংস পরিবেশন করা হয়। রাস্তার খাবারের দোকানে বিভিন্ন ভাজা খাবারও ইফতারের অংশ।
রমজানের শেষ দিকে অনেকে গ্রামের বাড়িতে যান। শ্রমিকদের এক মাসের বেতনের সমান বোনাস দেওয়া হয়। শেষ দিন সন্ধ্যায় ঢোল বাজানো, নামাজ ও বয়ানের আয়োজন থাকে। ঈদুল ফিতরকে বলা হয় ‘লেবারান’।
ঈদের নামাজের পর আত্মীয়-বন্ধুর বাড়িতে যাওয়া, ক্ষমা চাওয়া এবং ‘সালামাত ঈদুল ফিতর লাহির বাতিন’ বলে সম্ভাষণ করা হয়।
ইন্দোনেশিয়ায় রমজান ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। দুগদেরান, মুংগাহান, পাদুসান, নিওরোজের মতো উৎসব এবং কোলাক, পিসাং ইজো, এস কেলাপা মুডার মতো সুস্বাদু খাবার এই মাসকে অনন্য করে তোলে।
এই ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে এবং রমজানকে আরও আকর্ষণীয় ও অর্থবহ করে রেখেছে।
