২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে রমজান: ঐতিহ্যবাহী খাবার ও দানশীলতা, ইফতার-সেহরির বৈচিত্র্য

ইরাকিরা রমজান মাসে বিশেষ খেলাধুলা ও সামাজিক আয়োজনও করে।

ইরাকে রমজান: ঐতিহ্যবাহী খাবার ও দানশীলতা, ইফতার-সেহরির বৈচিত্র্য
ইরাকের মোসাল শহরে রমজানের প্রথম দিনের উৎসবে অংশ নেওয়া শিশুরা। ছবি: রয়টার্স।

বিডিনিউজ২৪

ফেরদৌস ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 06:34 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

ইরাকে রমজান মাস অত্যন্ত উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে পালিত হয়। উসমানীয় আমল থেকে চলে আসা তোপধ্বনির প্রথা এখনও ইরাকি রমজানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

সূর্যাস্তের সময় তোপের আওয়াজে ইফতার এবং ফজরের আগে সেহরির ঘোষণা দেওয়া হয়। আধুনিক যুগে এই তোপ কম্পিউটারাইজড ও দূরনিয়ন্ত্রিত হলেও শিশুরা ছাদে দাঁড়িয়ে আগুনের ফুলকি দেখার জন্য অপেক্ষা করে।

এই শব্দ শুনে পরিবারগুলো একত্রিত হয়, রোজা খোলার প্রস্তুতি নেয়।

সাংবাদিক বাহার উদ্দিন বকুল, যিনি প্রায় ৩০ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন এবং দেশ-বিদেশে রমজান পালন করেছেন, তিনি বলেন, “ইফতার শুরু হয় খেজুর ও পানি বা দুধ দিয়ে। এরপর মাগরিবের নামাজ আদায় করে মূল খাবার গ্রহণ করা হয়।”

ইরাকি ইফতারের টেবিলে থাকে বৈচিত্র্যময় খাবার। প্রধান আকর্ষণ হল- মসুর ডালের স্যুপ (শুরবা), সবজি ও মাংস দিয়ে ভরা ডোলমা (দোলমা), কাবাব, থারিড, শেখ মাহসি (বেগুন ও মাংসের তরকারি), কুব্বা বুরগাল, হালাওয়াত শারিয়াহ (মিষ্টি নুডলস) এবং বিভিন্ন সালাদ।

ইরাকের মোসাল শহরে রমজান উপলক্ষ্যে আয়োজিত উৎসবে শিশুরা। ছবি: রয়টার্স।

ইরাকের মোসাল শহরে রমজান উপলক্ষ্যে আয়োজিত উৎসবে শিশুরা

পানীয় হিসেবে কিশমিশের শরবত, নুমি বসরা (শুকনা চুনের শরবত), লেবু বা ডালিমের রস অত্যন্ত জনপ্রিয়।

মিষ্টি হিসেবে ক্লেইচা (খেজুর-বাদাম ভরা বিস্কুট), বাকলাভা, কুনাফা ও জালাবিয়া টেবিল সাজায়। বসরার খেজুর ও দুধ অনেকের প্রিয়।

সেহরিতে খাবার হালকা কিন্তু পুষ্টিকর হয়। রুটি, মাখন, শসা, দুধ, খেজুর, ডিম ও শুকনা ফল গ্রহণ করা হয়।

অনেকে মাখন-রুটি ও শসা দিয়ে সেহরি সারেন, যাতে দিনভর শক্তি থাকে।

রাতের শেষ প্রহরে মুসাহারাতি (ঢোলবাদক) রাস্তায় ঘুরে ‘সেহুর, সেহুর’ বলে ডেকে বেড়ান। অনেক পরিবার তাকে খাবার দিয়ে আপ্যায়ন করেন।

ইরাকে রমজানে বিশেষ খেলাধুলা ও সামাজিক আয়োজনও করা হয়। ‘আল-মুহাইবিস’ (আংটি খেলা) রাতের প্রথম প্রহরে পুরুষদের মধ্যে জনপ্রিয়। দুটি দল প্রতিযোগিতা করে, বিজয়ী দল মিষ্টি পায়।

কিরকুকের ‘সিনিয়া’ খেলাও প্রচলিত। শিশুরা ‘মাজিনা’ গান গেয়ে মিষ্টি সংগ্রহ করে। রমজানের শেষ দশকে ক্লেইচা তৈরি হয়।

বাগদাদের শোরজাহ বাজারে খাবারের বিকিকিনি চলে। মসজিদে তারাবিহ নামাজ, কোরআন তিলাওয়াত ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইরাকের ঐতিহ্য হল- রমজানে আত্মীয়-স্বজনের বাড়ি বেড়াতে যাওয়া। এসময় তারা পরস্পরকে ধর্মীয় গ্রন্থাদি উপহার দেয়। পরিবার-প্রধান শিশু সদস্যদের কোরআন শরিফ উপহার দেয়।

ইরাকিরা যথাসম্ভব চেষ্টা করে বিয়েগুলো রমজান মাসে সম্পন্ন করতে।

জিলাপির মতো দেখতে ইরাকের ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রিতে ব্যস্ত এক ইরাকি ও তার ছেলে। ছবি: রয়টার্স।

জিলাপির মতো দেখতে ইরাকের ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রিতে ব্যস্ত এক ইরাকি ও তার ছেলে

পুরানো ঐতিহ্যের অনুসরণ

আধুনিকতার ছোঁয়া পেলেও ইরাকিরা অন্যান্য দিক থেকে ইফতারের ব্যাপারে এখনও পুরানো ঐতিহ্যকেই অনুসরণ করে থাকেন।

ইরাকি ইফতারের মধ্যে থাকে প্রথমত তাজা অথবা শুকনা খেজুর এবং শিনেনা বা টক দই দিয়ে তৈরি করা বিশেষ এক রকম শরবত। এর সঙ্গে থাকে মসুর ডালের স্যুপ।

থাকে সিদ্ধ চালের ভাত এবং ভেড়া অথবা মুরগির মাংস। সেই সঙ্গে থাকে শরবত। মিষ্টান্ন হিসেবে থাকে মাহাল্লাবি বা দুধের তৈরি পুডিং।

সেহরি ও ইফতারি

সেহরির সময় খুবই অল্প আহার করেন তারা। এ সময় সাধারণত তারা মাখন দিয়ে রুটি আর শসা খেয়ে থাকেন। সঙ্গে থাকে নানা পদের শরবত। প্রচুর পানি পান করেন তারা। বেশির ভাগ ইরাকি গরু, মহিষ কিংবা ছাগলের দুধ পান করে রোজা খোলেন।

এরপর তারা বসরার খেজুর খান। সঙ্গে বিশেষ ধরনের শরবত। যা তারা ইফতার-সেহরি দুই সময়ই পান করেন।

ইফতারের আয়োজন

ইফতারে বাড়ি বাড়ি তৈরি হয় মিষ্টি, বিরিয়ানি, কাবাব। ময়দা, চাল এবং আলু দিয়ে তৈরি কুব্বা বুরগাল, কুব্বা হালেব ও আলুর চপের পাশাপাশি মিষ্টি ও নুডলস দিয়ে বানানো সুস্বাদু খাবার ‘হালাওয়াত শারিয়াহ’ ইফতারের টেবিলে খুবই জনপ্রিয়।

ইরাকের বাইরে এ খাবার ‘সুইট অ্যান্ড গোল্ডেন ভার্মিসেলি নুডলস’ নামে পরিচিত।

ইরাকের ঐতিহ্যবাহী ইফতারি ‘ডোলমা’ হাতে এক ইরাকি। ছবি: রয়টার্স।

ইরাকের ঐতিহ্যবাহী ইফতারি ‘ডোলমা’ হাতে এক ইরাকি

ইফতারে ‘শেখ মাহসি’ ও ‘দোলমা’

দৈনন্দিন খাবার ‘শেখ মাহসি’ এবং ‘দোলমা’ও থাকে ইফতারে। সবজি দিয়ে কয়েক পদের দোলমা বানানো হয়। আর ‘শেখ মাহসি’ তৈরি হয় মাংস ও বেগুন দিয়ে।

এছাড়া ইফতারে থাকে গরু, মহিষ কিংবা ভেড়ার কাবাব, বিরিয়ানি, নাওয়াশিফ এবং থারিড। শেষের দুই পদ মুরগির মাংস দিয়ে তৈরি করা হয়।

ইফতারের টেবিলে ‘ক্লেইচা’

রমজানের শেষ ১০ দিন অবশ্য ইরাকিদের ঘর থাকে তাদের ঐতিহ্যবাহী মিষ্টি ‘ক্লেইচা’। কেবল রমজানের সময় নয়, যে কোনো উৎসবে বিস্কুট-ধরনের এ খাবারের কদর অনেক।

খেজুর, বাদাম, চিনি ও শুকনা নারকেলে ভরা ইরাকের জাতীয় বিস্কুট হিসেবে পরিচিত এই ক্লেইচা খুবই সুস্বাদু।

ডালের স্যুপ ‘সুরবা’ হাতে ইরাকি কিশোরীরা।

ডালের স্যুপ ‘সুরবা’ হাতে ইরাকি কিশোরীরা।

ঐতিহ্যবাহী ‘মেহবিস’

রমজান মাসকে উদযাপনের সবচেয়ে ভিন্নধর্মী ও আনন্দমুখর রীতি সম্ভবত ইরাকেই দেখা যায়। রমজানের রাতের প্রথম প্রহরে ইফতারের পর সমগ্র ইরাকে ছোট-বড় নির্বিশেষে সবাই একটি ঐতিহ্যবাহী খেলার জন্য একত্রিত হয়। এর নাম ‘মিহবেস’।

এটি প্রধানত পুরুষদের খেলা। এই খেলায় অংশ নেন প্রায় ৪০ থেকে ২৫০ জন খেলোয়াড়ের দুটি দল। সকলেই পালাক্রমে মিহবেস বা আংটি লুকায়। খেলাটি শুরু হয় দলনেতার কাছ থেকে।

তার হাতে ধরা থাকে আংটিটি, হাত জড়ানো থাকে কম্বলে। তিনি অন্যদের হাতে মিসবেহ বা আংটি দেওয়ার ভান করেন। অন্য সদস্যরা তার হাত কোলের ওপর শক্ত মুঠি ধরে বসে থাকে। নেতা গোপনে অন্য কোন খেলোয়াড়ের কাছে আংটি দিয়ে গেছেন, তা খুঁজে বের করতে হয় অপর দলের খেলোয়াড়দের।

আরও পড়ুন

আলজেরিয়ায় রমজান: ইফতারের সৌহার্দ থেকে সেহরির পুষ্টি

রমজানে সংযুক্ত আরব আমিরাত: বিলাস ও ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন

‘বুকা পুসা’- ইন্দোনেশিয়ার ভাষায় এর অর্থ রোজা খোলা