২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ির প্রাকৃতিক বনে দুর্লভ পাখি ধনেশ

পাকা বটফল খেতে সকাল বিকাল আসছে যাচ্ছে ধনেশের পরিবার।

সমির মল্লিক সমির মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 03:10 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

তারপর চ’লে যায় কোন এক খেতে;

তাহার প্রিয়ের সাথে আকাশের পথে যেতে-যেতে

সে কি কথা কয়?

তাদের প্রথম ডিম জন্মিবার এসেছে সময়।

যদিও ধনেশ পাখি নিয়ে সরাসরি কোনো কিছু বলা হয়নি, তারপরও রূপসি বাংলার কবি জীবনানন্দ দাশের ‘পাখিরা’ কবিতার প্রতিটি ছন্দে মিলবে প্রেম বিরহের ছোঁয়া।

আর প্রেম বিরহের মতো এই বিরল পাখি ধনেশের হয়ত অনেক ক্ষোভ ছিল মানুষের ওপর। তারপর হয়ত তাদের ক্ষোভ মিটিছে, আবার দেখা দিয়েছে মানব অঞ্চলে।

কারণ খাগড়াছড়ির প্রত্যন্ত প্রাকৃতিক গ্রামে চার বছর পর আবারও দেখা গেছে দুর্লভ পাখি ‘উদয়ী পাকড়া ধনেশ’।

বন উজাড়, নির্বিচারে শিকার ও পাচারের কারণে যে কয়েকটি পাখি ও প্রাণী বিপন্নতার মুখের পড়েছে তার মধ্যে অন্যতম ধনেশ। খাগড়াছড়ির মহালছড়ি এক নিভৃত গ্রামে বছরের চৈত্র ও ভাদ্র মাসে পাকা বট খেতে নিয়মিতই আসে তারা।

তবে ২০২১ সালের পর এবছর তাদের দেখা গেছে এবং সংখ্যায় বেড়েছে। চার বছর আগে ওই এলাকায় তিনটি ধনেশ দেখা গেলেও এবার বট ফল খেতে এসেছে আটটি ধনেশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রিপন চাকমা বলেন, “আমাদের এখানে কাউকে শিকার করতে দিই না। ফলে তারা নিরাপদে থাকে। গ্রামের মাঝখানে একটা বট গাছ আছে। সেটি ফল খেতেই ধনেশ পাখিরা আসে। এবার তাদের সংখ্যাটা বেড়েছে। একসাথে আটটি ধনেশ ভোর সাড়ে পাঁচটার দিকে আসে। সাড়ে ছয়টার দিকে চলে যায়।”

“এছাড়া পড়ন্ত বিকেলে একবার আসে। ফল খেতে। গাছে যতদিন ফল থাকে ততদিন আসে। এরপর আর আসে না।”- বলেন তিনি।

রিপন চাকমার ভাষায়, “ধনেশসহ পাখি যেহেতু পরিবেশের গুরত্বপূর্ণ উপাদান তাই আমরা তাদের রক্ষা করি। গ্রামের অনেক মানুষ বট গাছের নিচে আড্ডা দেয়। ধনেশের ফল খাওয়াটা উপভোগ করে। তবে কেউ পাখিকে ঢিল ছুড়ে না বা শিকার করে না।”

সম্প্রতি মহালছড়ি সেই গ্রামে গিয়ে ধনেশের ছবি ধারণ করে এই প্রতিবেদক। সকাল ও বিকেলে নিয়মিতই ফল খেতে ধনেশ পাখি বটগাছে আসে।

স্থানীয় গ্রামের ধনমনি চাকমা বলেন, “ধনেশ পাখি চাকমা ভাষায় ‘কেতকেত্যে’ বলে। এর দুই সিজনে আসে। একবার চৈত্র মাসে আরেকবার ভাদ্র মাসে। বটগাছের দানাগুলো পাকলে…। আমরা তাদেরকে হত্যা বা শিকার করি না। এদেরকে আমরা সুরক্ষা দিয়ে থাকি।”

স্থানীয় পল্লী চিকিৎসক সমরজিৎ চাকমা মন্তব্য করেন, “এটা অত্যন্ত দুর্গম এলাকা। গ্রামের মাঝে একটা বড় বটগাছ আছে। কয়েকটা দোকানও আছে। বটগাছের ফলগুলো পাকলে বন থেকে ধনেশ পাখি উড়ে আসে। খুব সকালে এবং পড়ন্ত বিকেলে আসে। এখানে কোনো পাখি নিধন হয় না। ফলে পাখিগুলো নিরাপদে খাবার খেয়ে আবার চলে যায়।”

‘বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটি’র সংগঠক সবুজ চাকমা জানান- বাজারে অনেক সময় ধনেশ পাখির ঠোঁট কবিরাজিতে ব্যবহার করতে দেখা যায়।

তিনি বলেন, “তবে খাগড়াছড়ি কেবল মহালছড়িতেই এখন পর্যন্ত ধনেশ পাখি দেখা গেছে। অন্য কোথাও দেখা যায়নি। এছাড়া রাঙামাটির কাপ্তাই, কাচালং সংরক্ষিত বরকল ও বারন্দবানে রাজ ধনেশের দেখা মেলে।”

“ধনেশ পাখি বীজ ছড়িয়ে বন পুনরুত্থানে সহায়তা করে। শিকারের কারণে ধনেশ অনেকদিন ধরে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত হয়েছে। পাখি রক্ষায় বন সংরক্ষণ জরুরি। বনে স্বর্ণচাপা, বট, পাকুড়গাছ রোপণ করলে পাখির খাবারের জোগান দেবে। ধনেশসহ নানান প্রজাতির পাখি এসব ফল খেতে খুব পছন্দ করে। তাই এ ধরনের ফলের ব্যবস্থা করা দরকার”- মন্তব্য করেন এই সংগঠক।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা এই বিষয়ে বলেন, “বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে পাকড়া ধনেশ দেখা যায়। খাগড়াছড়িতে যে ধনেশটি দেখা গেছে সেটি মূলত উদয়ী পাকড়া ধনেশ। খুব কম দেখা যায়।”

ধনেশ পাখির পিঠ চকচকে কালো। মাথা, ঘাড়, গলা ও বুক কালো। অতিকায় চঞ্চু ও ওপরের চঞ্চুতে শিং-সদৃশ স্ফীত অংশ থাকে।

চওড়া ডানার এই পাখি টানা না উড়ে ঘন ঘন বিরতি দেয়। পেট ও লেজতল সাদা। কালো ডানা ও লেজের প্রান্ত সাদা।

চোখের পাশে ও চঞ্চুর গোড়ায় পালকহীন চামড়া নীলচে।

স্ত্রী পাখি আকারে একটু ছোট। এদের চঞ্চুর প্রান্ত কালচে। স্ত্রী ধনেশের গড়নে কোনো পার্থক্য থাকে না। ধনেশ বিশাল আকারের বৃক্ষচারী পাখি। পুরুষ উদরী-পাকরা ধনেশ লম্বায় ৬০ সেন্টিমিটার হয়। সাদা-কালো দেহ।

এই বন কর্মকর্তা বলেন, “ধনেশ পাখিসহ বন্যপ্রাণী যাতে কেউ শিকার না করে সেজন্য আইন প্রয়োগের পাশাপাশি আমরা সচেতনতা বৃদ্ধির কাজ করছি।”

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণবিষয়ক সংঘের (আইইউসিএন) তালিকায় ধনেশ পাখি প্রায় বিপদগ্রস্ত প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত। বাংলাদেশ ছাড়াও ভারত, ব্রুনেই, কম্বোডিয়া, ভিয়েতনামে এদের নিয়মিত দেখা যায়।

এপ্রিল থেকে মে মাস এদের প্রজনন মৌসুম। স্ত্রী ধনেশ দুটি সাদা ডিম পাড়ে। বন্য প্রাণী আইন (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী ধনেশ পাখি সংরক্ষিত।