১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

অতিথি হিসেবে যেসব আচরণ অভদ্রতার সামিল

কারও বাড়িতে নিমন্ত্রণ পেলে আনন্দের পাশাপাশি কিছু সামাজিক শিষ্টাচার মেনে চলার দায়িত্বও তৈরি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 09:38 PM

Updated : 19 Nov 2026, 09:38 PM

আপ্যায়নের খাবার, ঘরের সাজ বা আয়োজন নিয়ে নেতিবাচক মন্তব্য অতিথির সৌজন্যবোধের অভাব প্রকাশ করে।

ভালো অতিথি হওয়ার জন্য শুধু ধন্যবাদ জানানোই যথেষ্ট নয়, প্রয়োজন আয়োজকের পরিশ্রম ও অনুভূতির প্রতিও সম্মান দেখানো।

তাই কারও বাড়িতে নিমন্ত্রণ পেলে আনন্দের পাশাপাশি কিছু সামাজিক শিষ্টাচার মেনে চলার দায়িত্বও তৈরি হয়।

আয়োজক নিজের সময়, শ্রম ও সামর্থ্য অনুযায়ী অতিথিদের জন্য খাবার তৈরি করেন, ঘর গোছান, বসার ব্যবস্থা করেন। অতিথিরা যেন স্বাচ্ছন্দ্য বোধ করেন, সে চেষ্টাও থাকে।

এমন পরিস্থিতিতে অতিথির কাছ থেকে প্রত্যাশা থাকে সৌজন্যপূর্ণ আচরণের। বাড়িতে প্রবেশের আগে জুতা খুলে রাখা প্রয়োজন কি-না, ব্যক্তিগত কক্ষে অনুমতি ছাড়া না যাওয়া, নিজের ব্যবহৃত জিনিসপত্র গুছিয়ে রাখা বা নির্ধারিত সময়ের বেশি অবস্থান না করা এসব বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও অন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত।

কারণ এ ধরনের আচরণ আয়োজককে অনেকটাই বিব্রত ও আহত করতে পারে।

আয়োজকের আয়োজন নিয়ে সমালোচনা নয়

অন্যের বাড়িতে অতিথি হয়ে গিয়ে আয়োজক বা তার আয়োজনের সমালোচনা করা, অভদ্র আচরণ।

ঘরের সাজ পছন্দ হয়নি বলে নেতিবাচক মন্তব্য করা, কোনও খাবার কীভাবে রান্না করা হয়েছে তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানানো, পরিবেশনের জন্য অন্য পানীয় বা মিষ্টান্নের পরামর্শ দেওয়া বা আয়োজক যে পরিশ্রম করে অনুষ্ঠান সাজিয়েছেন, তা নিয়ে ঠাট্টা করা এসব আচরণ অতিথির সৌজন্যবোধের পরিপন্থী।

অতিথি হিসেবে, একটি খাবার পছন্দ না হলে সবার সামনে খাবারটি আরও ভালোভাবে রান্না করা যেত বা ঘরের সাজ দেখে মন্তব্য করা- অন্য রং ব্যবহার করলে সুন্দর লাগত, এসব বলা অভদ্রতা।

অতিথির কাছে কথাগুলো সাধারণ মতামত মনে হলেও আয়োজকের কাছে এসব অপমানজনক হতে পারে।

কারণ, আয়োজনের পেছনে ব্যক্তির সময়, শ্রম ও আন্তরিকতা সব কিছুই জড়িত। 

পছন্দ-অপছন্দের চেয়ে সম্পর্ক গুরুত্বপূর্ণ

কোনও বাড়িতে গেলে সবকিছু নিজের পছন্দমতো হবে, এমন প্রত্যাশা করা ঠিক নয়।

কারও খাবারের স্বাদ এক রকম, কারও ঘর সাজানোর ধরন অন্য রকম। কারও পছন্দ জমকালো আয়োজন, আবার কেউ সাধারণভাবে অতিথি আপ্যায়ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ব্যক্তিগত পছন্দের এই পার্থক্য থাকতেই পারে।

কিন্তু অতিথি হওয়ার অর্থ হল, আয়োজকের আতিথেয়তা গ্রহণ করা এবং তার সঙ্গে সময় কাটানো। প্রতিটি বিষয় নিজের রুচি অনুযায়ী হয়েছে কি-না, তা খুঁটিয়ে দেখা নয়।

তাসমিয়া জান্নাত মনে করেন, “কোনও বিষয় নিজের পছন্দের সঙ্গে না মিললেও সেটি নিয়ে খুঁত ধরা বা আয়োজককে ছোট করা উচিত নয়। বরং সম্পর্ক এবং একসঙ্গে সময় কাটানোর আনন্দকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।”

“কোনো খাবার খেতে ভালো না লাগলে, প্রকাশ্যে বিরূপ মন্তব্য না করেও পরিস্থিতি সামলানো যায়। অন্য কোনও খাবার বেছে নেওয়া বা বিনয়ের সঙ্গে নিজের সীমাবদ্ধতা জানানো যেতে পারে”, পরামর্শ দেন এই অধ্যাপক।

ভুল করে কষ্ট দিলে কী করবেন?

কথা বলার সময় অনেক সময় নিজের মন্তব্যের প্রভাব বোঝা যায় না। পরে মনে হতে পারে, কথাটি আয়োজককে আঘাত করেছে।

এমন পরিস্থিতিতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেয়ে সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করা ভালো। 

তাসমিয়া জান্নাতের পরামর্শ, “অনিচ্ছাকৃতভাবে কাউকে অপমান করে ফেললে নিজের ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া জরুরি।”

এরপর কথার পরিবেশ স্বাভাবিক করতে খাবারের আয়োজন, ঘরের পরিচ্ছন্নতা বা অতিথিদের জন্য তার আন্তরিকতার কথা বলা যায়।

তবে প্রশংসাটি যেন শুধু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলা কৃত্রিম কথা না হয়। আন্তরিকতা থাকলেই সেটি অর্থবহ হতে পারে। 

অতিথি সমালোচনা করলে আয়োজক কী করবেন

শুধু অতিথিরই নয়, আয়োজকেরও কিছু বিষয় মনে রাখা প্রয়োজন।

বাড়িতে কেউ এসে অপ্রত্যাশিত বা কষ্টদায়ক মন্তব্য করলে সঙ্গে সঙ্গে তর্কে জড়িয়ে পড়লে পরিবেশ আরও অস্বস্তিকর হতে পারে। বিশেষ করে অন্য অতিথিদের সামনে এমন পরিস্থিতি তৈরি হলে, পুরো আয়োজনের আনন্দ নষ্ট করতে পারে।

তাই নেতিবাচক মন্তব্যকে বেশি গুরুত্ব না দিয়ে সংক্ষেপে স্বীকার করে কথার প্রসঙ্গ বদলে ফেলা ভালো।

কেউ খাবার নিয়ে অযাচিত পরামর্শ দিলে, তাকে ধন্যবাদ বলা যেতে পারে। আবার অতিথির কোনও খাবার পছন্দ না হলে, তাকে অন্য কিছু নেওয়ার সুযোগ দেওয়া যায়।

এতে অস্বস্তি না বাড়িয়ে কথোপকথন এগিয়ে নেওয়া সম্ভব।

ভদ্রভাবে প্রসঙ্গ বদলানোর কৌশল

কেউ অপ্রত্যাশিতভাবে সমালোচনা করলে তার প্রতিটি কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই। সংক্ষিপ্ত উত্তর দিয়ে অন্য প্রসঙ্গ তোলা যেতে পারে। এতে নেতিবাচক মন্তব্যের প্রভাব কমে আসে।

তবে সব সময় চুপ থাকাও সমাধান নয়। কেউ যদি বারবার অসম্মানজনক মন্তব্য করেন, তাহলে শান্তভাবে জানানো যায় যে, এ ধরনের কথায় আয়োজক অস্বস্তি বোধ করছেন।

অর্থাৎ সৌজন্য বজায় রাখা মানে নিজের অনুভূতি উপেক্ষা করা নয়। বরং পরিস্থিতি বুঝে সংযতভাবে নিজের অবস্থান জানানোও শিষ্টাচারেরই অংশ।

পুরনো খবর:

অতিথি আপ্যায়নে উদ্বেগ কমাতে
অতিথি আপ্যায়নে যেসব ভুল এড়ানো উচিত
শীতের প্রস্তুতি: ঘর থেকে বিদায় দিন ৭টি অপ্রয়োজনীয় জিনিস