Published : 19 Nov 2025, 03:14 PM
অতিথি আসার আগে বাড়ি পরিষ্কার, রান্না, পরিবেশ তৈরি— সব কিছু ঠিকঠাক করতে গিয়ে যে অদৃশ্য চাপ ঢুকে পড়ে, সেটাই ‘অতিথি-উদ্বেগ’ বা ‘হোস্টিং অ্যাংজাইটি’ নামে পরিচিত।
বাড়ি যতই পরিচ্ছন্ন হোক, অতিথি যতই আপনজন হোক, তবুও অনেকেই মনে মনে দুশ্চিন্তা করেন— সব ঠিক হলো তো? অতিথিরা খুশি হবে তো? নিজের আচরণ, আয়োজন বা পরিবেশ দেখে কেউ ভুল বোঝাবে না তো?
অতিথি আপ্যায়নের উদ্বেগ খুবই স্বাভাবিক। আর কিছু ছোট কৌশল আপনার অভিজ্ঞতাকে সহজ, আনন্দময় ও স্বস্তিদায়ক করতে পারে।
কেন হয় অতিথি-উদ্বেগ?
অতিথি আপ্যায়নে উদ্বেগ নতুন কিছু নয়। বিশেষ করে উৎসব, ছুটির সময় বা বিশেষ দিনগুলোতে এ উদ্বেগ আরও বেড়ে যায়। এর পেছনে কিছু সাধারণ মানসিক ও পারিপার্শ্বিক কারণ আছে।
নিখুঁত হওয়ার চাপ: নিজের বাড়ি, নিজের আয়োজন—সব কিছু নিখুঁত দেখাতে চাওয়ার প্রবণতা থেকেই আসে এই চাপ।
অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিনের ভাষায়, “সবাই চান ঘর, খাবার, এমনকি আচরণও যেন সেরা দেখায়। আবার যদি কেউ খারাপ ভাবে? বা আয়োজন কম মনে হল না তো? এই ভাবনাই উদ্বেগ বাড়িয়ে তোলে।”
সামাজিক তুলনা: অন্যের বাড়ি, সাজ, আয়োজন দেখে নিজের প্রস্তুতিকে কম মনে হওয়া— এটিও একটি সাধারণ দুশ্চিন্তা।
রিয়েল-সিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবদনে মার্কিন প্রতিষ্ঠান ‘ওক কাউন্সেলিং’য়ের প্রতিষ্ঠাতা এবং ক্লিনিকাল কাউন্সেলর এলিজাবেথ বডেট ড্রেসার এই বিষয়্ বলেন, “সামাজিক মাধ্যমে নিখুঁত ছবি দেখে অনেকেই মনে করেন নিজের আয়োজন ততটা ভালো নয়। ফলে চাপ অনুভূত হয়।”
পারিবারিক চাপ: পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্ক, তাদের প্রত্যাশা এবং সবাইকে সন্তুষ্ট রাখার চেষ্টা—সব মিলেই মানসিক চাপ তৈরি হয়।
পূর্ববর্তী উদ্বেগের প্রভাব: যারা আগেই উদ্বেগে ভোগেন, তাদের ক্ষেত্রে এই চাপ আরও বাড়ে। সবকিছু সামলানোর দায়িত্ব তাদের কাছে অনেক বেশি ভারী মনে হতে পারে- মন্তব্য করেন এলিজাবেথ বডেট।
অতিথি আসার আগে উদ্বেগ কমানোর উপায়
উদ্বেগ একেবারে উধাও হবে না—তবে সহজ কিছু নিয়ম মেনে চললে পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক হয়।
মান কমানো—উষ্ণতা বাড়ানো: বিশেষজ্ঞ গুলশান নাসরিনের মতে, অধিকাংশ চাপ আসে নিজের ভেতর থেকেই। অতিথিরা আসলে পরিবেশের উষ্ণতা, মানুষ ও মুহূর্তটাই বেশি মনে রাখে।
অর্থাৎ খাবারের পরিমাণ, আকৃতি বা বিছানার চাদরের ভাঁজ নয়।
তাই অতিথি আসার আগে ভাবতে হবে- নিজে কেমন অনুভূতি তৈরি করতে চান? উষ্ণ? স্বস্তিদায়ক? আন্তরিক? এই অনুভূতিই আসল।
সব নিখুঁত করার চেষ্টা ছেড়ে দিয়ে যদি সংযোগ, সহানুভূতি ও আনন্দকে গুরুত্ব দিলে উদ্বেগ কমে যাবে।
সাহায্য চাইতে শেখা: অতিথি আপ্যায়নের সবচেয়ে বড় চাপ— অগণিত কাজের তালিকা।
রান্না, পরিষ্কার, সাজানো, পরিবেশ তৈরি সব নিজে সামলাতে গেলে উদ্বেগ স্বাভাবিকভাবেই বাড়ে বলে এই বিশেষজ্ঞ।
তাই পরিবারের সদস্যদের কাজ ভাগ করে দিতে পারেন, অতিথিদের ছোট কাজে যুক্ত হতে বলতে পারেন বা রান্না বা সাজসজ্জার কিছু অংশ আগে থেকেই প্রস্তুত করতে পারেন।
অনেকে মনে করেন অতিথিদের সাহায্য চাইলে বিব্রতকর হবে। তবে সহায়তা চাওয়াই বরং সম্পর্ককে সহজ ও আন্তরিক করে।
ভুল হতেই পারে—হেসে গ্রহণ: যে কোনো অতিথি আপ্যায়নে ছোটখাটো ভুল হবেই। রুটি পুড়ে গেল, চা বেশি মিষ্টি হল, বালিশের কাভারে মিল হল না- এসব নিয়ে ভেঙে পড়ার কিছু নেই।
এলিজাবেথ বডেট পরামর্শ দেন, “অতিথি আসার পর নিখুঁত নিয়ন্ত্রণের আশা ছেড়ে দিতে হবে। কিছু না কিছু ভুল হবেই। তখন হাসতে হবে, গভীর শ্বাস নিতে হবে। তবেই পরিস্থিতিই সহজ হয়ে যাবে। এই গ্রহণযোগ্যতা উদ্বেগ কমাতে জাদুর মতো কাজ করে।”
শরীরকে শান্ত হতে দেওয়া: উদ্বেগ শুধু মনের বিষয় নয় এটি শরীরেও প্রতিক্রিয়া দেখায়। তাই শরীরকে শান্ত রাখতে কিছু ছোট অনুশীলন সাহায্য করে।
অতিথি আসার আগে কয়েকবার ধীরে শ্বাস নিতে হবে, প্রয়োজন হলে সামান্য সময়ের জন্য বাইরে যাওয়া ভালো।
অতিথির সংখ্যা বেড়ে গেলে দুই মিনিট একা দাঁড়িয়ে শ্বাস-প্রশ্বাস ঠিক করতে হবে, আগের রাত ভালো ঘুমানোর মতো দীর্ঘমেয়াদে এ অভ্যাসগুলো শরীরকে আরও স্থির হতে সাহায্য করে।
অতিথিদের দৃষ্টিকোণ থেকে দেখা: নিজের চাপকে অন্যের চোখ দিয়ে দেখা ভালো। নিজে যখন কারও বাড়িতে যান, তখন কি বাথরুমের হাত তোয়ালের তুলনা করেন?
কারও মেঝেতে ধুলা আছে কিনা লক্ষ্য করেন?
অথবা রান্নার লবণ একটু কম হলে রাগ করেন? উত্তর আসবে ‘না’।
“তাহলে নিজের আয়োজন নিয়েও অত ভাবনার প্রয়োজন নেই”- বলেন এলিজাবেথ বডেট।
আরও পড়ুন
অতিথি আপ্যায়নে যেসব ভুল এড়ানো উচিত
অতিথি আসার আগেই দ্রুত ঘর গোছানোর উপায়