Published : 22 Feb 2023, 12:18 PM
আপতদৃষ্টিতে পরিপাটি লাগলেও হোটেলের কয়েকটা জিনিস ভালো মতো পরিষ্কার নাও থাকতে পারে।
আর এই পরিস্থিতি দামি কিংবা সাধারণ মানের যে কোনো হেটেলের ক্ষেত্রেই প্রয়োজ্য।
যুক্তরাষ্ট্রের প্রাক্তন হোটেল পরিচালিকা টারা রিচার্ডসন এই বিষয়ে বলেন, “নতুন অতিথি ওঠার আগে হোটেলের বিভিন্ন কক্ষ পরিষ্কার করা হলেও কিছু জিনিস কখনই ঠিকমতো পরিষ্কার করা হয় না। ফলাফল উহ, জীবাণু!”
কফি মেইকার
ভালোমানের হোটেলগুলোতে কফি মেইকার থাকে। তবে সেগুলো খুব কম ক্ষেত্রেই ঠিকমতো ধোয়া হয়।
ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এভাবেই অভিজ্ঞতা ব্যক্ত করেন রিচার্ডসন।
তিনি বলেন, “সাধারণত দ্রুত পরিষ্কার করতে গিয়ে ‘স্প্রে’ করে মুছে ফেলা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ‘ডিপ ক্লিন’ করা হয় না। ফলাফল ব্যাক্টেরিয়ার পদচারণা। অনেক সময় ভিতরে জমে থাকা পানি ও যথাযথভাবে পরিষ্কার না করার কারণে ছত্রাকও জমে।”
বরফের পাত্র
হোটেল কক্ষে থাকা ফ্রিজের ভেতর বরফের পাত্র দেখতে পরিষ্কার লাগলেও সেটা বেশিরভাগ ক্ষেত্রে ভালো মতো পরিষ্কার করা হয় না। দ্রুত কাজ করতে গিয়ে বরফ আর পানি ফেলে দিয়ে ভালোমতো মুছে আবার ফ্রিজের ভেতর রেখে দেওয়া হয়।
রিচার্ডসন বলেন, “হোটেলে কাজ করতে গিয়ে দেখেছি, পোষা কুকুর বা বিড়াল থাকলে অতিথিরা বরফের পাত্রের মধ্যে খাবার দিয়ে খেতে দেয়। অনেকে ‘পটি’ও করায়।”
কম্বল ও লেপ
বিশেষ করে শীতকালে হোটেলে থাকতে গেলে লেপ ও কম্বল ব্যবহার এড়ানো সম্ভব হয় না।
তবে রিচার্ডসন বলেন, “বিভিন্ন জায়গায় কাজের সূত্রে দেখেছি, লেপ ও কম্বল বছরে মাত্র একবার ‘ডিপ ক্লিন’ করা হয়। বেশিরভাগ সময় ওয়াড় পরিবর্তন করা হয়। কিন্তু ভেতরের লেপ ও কম্বল কিন্তু ভালো মতো পরিষ্কার করা হল না।”
তিনি আরও বলেন, “যদি চোখে লাগার মতো দাগ না পড়ে, অনেক সময় বালিশ, লেপ, কম্বলের ওয়াড়ও নিয়মিত পরিষ্কার করতে দেওয়া হয় না। তাই হোটেলে উঠলে এসব ব্যাপারে ভালো মতো নিশ্চিত হয়েই ব্যবহার করা শ্রেয় হবে।”
তোয়ালে এবং রোবস বা গাউন
রিচার্ডসন অভিজ্ঞতা থেকে বলেন, “বাথরুমে বা আলমারিতে রাখা তোয়ালে যদি আগের অতিথি ব্যবহার না করে, তবে আমাদের বলা হত নতুন অতিথি ওঠার সময় সেগুলো পরিবর্তনের দরকার নেই। ধোয়ার খরচ বাঁচাতে গিয়ে অনেক হোটেল কর্তৃপক্ষ এই কাজ করে।”
“তাই আমার পরামর্শ হচ্ছে, রুমে পরিষ্কার তোয়ালে বা রোবস থাকলেও বাড়তি আরও কয়েকটা চেয়ে নিন। কারণ সেগুলো ধোয়া থাকে।”
কাচের জিনিস
রুমে থাকা পানি খাওয়ার গ্লাস বা চা-কফি খাওয়ার কাপে দাগ না পড়লে সাধারণভাবে পানি দিয়ে ধুয়ে রাখা হয়।
রিচার্ডসন বলেন, “আমাদেরকে কখনও বাসন মাজার সাবান দেওয়া হয়নি। পানি দিয়েই ধুয়ে আবার সাজিয়ে রাখতাম গ্লাস বা কাপ।”
এজন্য তিনি পরামর্শ দেন, “হোটেল কক্ষে আগে থেকেই গ্লাস, প্লেট, কাপ থাকলে সেগুলো নিজে ভালো মতো ধুয়ে ব্যবহার করুন। নতুন করে চাইতে পারেন। তবে সেগুলোও হয়ত পানি দিয়ে ধুয়েই আপনাকে দেবে।”
আরও পড়ুন:
চুলের জন্য স্যাটিন বনাম সিল্কের বালিশের ওয়াড়
ম্যাট্রেস যেভাবে পরিষ্কার করতে হয়