কাঠের আসবাব দীর্ঘদিন নতুন রাখতে
যদি জানা থাকে কৌশল তবে কাঠের আসবাব থাকবে দীর্ঘদিন উজ্জ্বল।
আসবাবপত্র তৈরির সবচেয়ে প্রাচীন উপকরণ কাঠ। প্রজন্মের পর প্রজন্ম ধরে কাঠের চেয়ার, টেবিল, আলমারি কিংবা ডাইনিং সেট শুধু ব্যবহারযোগ্য আসবাব নয়, এক ধরনের ঐতিহ্যের অংশ।
সময়ের সাথে সাথে কাঠের আসবাব সৌন্দর্য বাড়ায়। তবে সঠিক যত্ন না নিলে সেই সৌন্দর্য ম্লান হয়ে যায়।
কাঠের আসবাব দীর্ঘদিন টিকিয়ে রাখতে হলে দরকার নিয়মিত যত্ন, সঠিক পরিষ্কার-পদ্ধতি ও কিছু সহজ অভ্যাস।
কাঠকে নিজের ত্বকের মতো যত্ন
অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন বলেন, “কাঠকে নিজের ত্বকের মতো আচরণ করতে হবে। যেমনভাবে সূর্যের তীব্র আলো বা আর্দ্রতা থেকে ত্বক রক্ষা করা হয়, তেমনি কাঠকেও সেসব প্রভাব থেকে বাঁচাতে হবে।"
সূর্যের সরাসরি আলো কাঠের রং ফিকে করে দেয় এবং কখনও কখনও এর প্রলেপ বা ফিনিশিং নষ্ট করে।
তাই জানালায় পর্দা বা ফিল্টার ব্যবহার করতে হবে, অথবা আসবাব এমনভাবে রাখতে হবে যেন সরাসরি আলো না পড়ে।
এছাড়া অত্যধিক আর্দ্রতা থেকেও কাঠকে দূরে রাখা উচিত। এটি কাঠ ফুলে যাওয়া বা বাঁকা হয়ে যাওয়ার প্রধান কারণ।
প্রতিদিনের ব্যবহারেও নতুনের মতো যত্ন
আসবাব যত পুরোনোই হোক না কেন, যত্নে যেন প্রতিদিন সেটি নতুনের মতো আচরণ পায়। অর্থাৎ, টেবিল–চেয়ার ব্যবহারের নিচে ছোট ‘ফেল্ট’ বা ‘প্লাস্টিক প্যাড’ ব্যবহার করলে আঁচড় পড়বে না।
গরম খাবার রাখার আগে মোটা কাপড় বা কাপড়ের তৈরি ‘প্যাড’ যাকে ‘পটহোল্ডার’ও বলা হয়- তা ব্যবহার করা, ঠাণ্ডা পানীয়র নিচে গ্লাস রাখার প্যাড বা কাপের নিচের চাকা-ধর্মী কোস্টার দিতে হবে।
এছাড়া কিছু ছিটে গেলে সাথে সাথে হালকা ভেজা কাপড়ে মুছে শুকিয়ে ফেলতে হবে। এতেই যথেষ্ট। ছোট এই অভ্যাসগুলো আসবাবের আয়ু বাড়ায়।
কোমল ক্লিনার ব্যবহার
আসবাব পরিষ্কারে শক্ত রাসায়নিক ব্যবহার বিপজ্জনক। সবচেয়ে হালকা পরিষ্কার দ্রবণ দিয়েই শুরু করা উচিত। বেশিরভাগ সময় সেটিই যথেষ্ট।
প্রায় এক লিটার পানিতে কয়েক ফোঁটা থালা-বাসন ধোয়ার সাবান মিশিয়ে নরম কাপড়ে ভিজিয়ে মুছে নিতে হবে।
জেদি দাগ থাকলে এতে অল্প সাদা ভিনেগার মেশানো যেতে পারে। আর জোরে ঘষা যাবে না।
অ্যামোনিয়া বা ব্লিচ ব্যবহার করা যাবে না। এসব দ্রব্য কাঠের প্রলেপ স্থায়ীভাবে নষ্ট করে দিতে পারে।
ড্রয়ার বা আলমারি অতিরিক্ত ভর্তি করবেন না
অনেক সময় ড্রয়ারে অগণিত জামাকাপড় বা কাগজ গুঁজে দিই, যা কাঠের গঠনকে নষ্ট করে দেয়।
গুলশান নাসরিন বলেন, "হালকা বা মাঝারি ওজনের জিনিস রাখা নিরাপদ। ভারী জিনিস রাখলে ড্রয়ারের কাঠ ও সংযোগ দুর্বল হয়ে যায়।”
ভালো মানের ড্রয়ার স্লাইডার ব্যবহার করলে আয়ু বাড়ে। এছাড়া দরজা বা ড্রয়ার বন্ধ করার সময় ধীরে বন্ধ করুন—ধাক্কা দিয়ে নয়।
খুব বেশি ভীত হবেন না— কাঠের সৌন্দর্য সময়ের সঙ্গে বাড়ে
‘সলিড’ কাঠ দিয়েই আসবাব তৈরি করা হয়, কারণ সময়ের সঙ্গে এটি এক ধরনের প্রাকৃতিক সৌন্দর্য অর্জন করে।
আসবাবে ছোট দাগ বা খোঁচা কোনো ক্ষতি নয়, বরং চরিত্রের প্রকাশ। সময়ের সঙ্গে কাঠে যে প্রাকৃতিক রংয়ের পরিবর্তন তৈরি হয়, সেটিই আসল সৌন্দর্য।
প্রয়োজনে কাঠ পুনরায় ঘষে ফিনিশিং করে আগের মতো করা যায়। আসবাবের লক্ষ্য হওয়া উচিত নিখুঁত নতুন থাকা নয়, বরং সুন্দরভাবে বয়স ধরা।
আরও পড়ুন
