১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

টাইলস ভাঙা রোধে যা করবেন

শুধু নিম্ন মানের জন্য নয়, অনেক সময় নিজের ভুলেও টাইলসের ক্ষতি হয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 07:08 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

ঘরের মেঝেতে চকচকে টাইলস। তবে কয়েক বছর যেতে না যেতেই কোথাও ফাটল ধরে, কোথাও টুকরা হয়ে উঠে আসে।

বাড়ির সৌন্দর্য নষ্ট হয়, পায়ের তলায় কাঁটা ফোটার মতো ঝুঁকি তৈরি হয়। শিশু বা বয়স্করা হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন।

ঢাকার মোহাম্মদপুর এলাকার অভিজ্ঞ টাইলস মিস্ত্রি মন্টু হোসেন বলেন, “আজকাল টাইলস ভাঙা খুব সাধারণ সমস্যা। তবে সঠিকভাবে মেরামত না করলে ছোট ফাটল থেকে পুরো মেঝে নষ্ট হয়ে যায়।”

টাইলস ভাঙা বা ফাটার কারণ

বাড়ি তৈরির সময় যদি টাইলস সঠিকভাবে বসানো না হয়, আঠা কম লাগানো, গ্রাউট না দেওয়া, মেঝের নিচে সিমেন্ট-বালির স্তর ঠিক না করা— তাহলে সামান্য চাপেই টাইলস ফেটে যায়।

অনেক সময় ভারী আলমারি, ফ্রিজ বা সোফা টেনে নড়াচড়া করলে টাইলসের নিচে চাপ পড়ে ভেঙে যায়।

‘পিলার’ বা ‘ফাউন্ডেশন’ দেবে গেলে মেঝে নড়ে, টাইলস ফেটে যায়। রান্নাঘর-বাথরুমে অতিরিক্ত গরম-ঠাণ্ডা বা পানির কারণে টাইলস সম্প্রসারিত-সংকুচিত হয়— এটাকে বলে থার্মাল ‘এক্সপ্যানশন’। ফলে ফাটল ধরে।

“বাজে টাইলস ব্যবহার করলে তো কথাই নেই, একটু ঠুকলেই ভেঙে যায়”- বলেন মন্টু হোসেন।

প্রথমেই যা করতে হবে

ভাঙা টাইলস দেখামাত্র সতর্ক হোন। চারপাশে টেপ লাগিয়ে দিন যাতে কেউ পা না দেয়। ভাঙা অংশ থেকে টুকরা সরিয়ে ফেলতে হবে। ধুলো-ময়লা ঢুকলে পরে মেরামত কঠিন হয়। নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে।

ফাটল ছোট হলে খেয়াল করতে হবে, শুধু ওপরের ‘গ্লেইজ’ ফেটেছে কি না। যদি তাই হয়, তাহলে টাইলস রিপেয়ার পেইন্ট বা এপোক্সি ফিলার দিয়ে ঢেকে দেওয়া যায়।

“বাজারে টাইলস রিপেয়ার কিট পাওয়া যায়— এগুলো সাময়িকভাবে কাজ করে। বাথরুম-রান্নাঘরে পানিরোধক সিলার (সিলিকন বা পলিউরেথেন) লাগিয়ে দিতে হবে, যাতে পানি ঢুকে মেঝে নষ্ট না হয়”- বলেন মন্টু।

ভাঙা টাইলস সরানো ও প্রতিস্থাপন

বড় ভাঙা বা ফাটল হলে টাইলস খুলে ফেলতে হবে। চিজেল ও হাতুড়ি দিয়ে সাবধানে ভাঙা টাইলস তুলতে হয়।

আশপাশের টাইলস যেন না ভাঙে সেদিকে খেয়াল রাখতে হবে। নিচের সিমেন্ট লেয়ার পরিষ্কার করে নতুন আঠা (টাইলস অ্যাডহেসিভ) লাগাতে হয়।

মন্টু বলেন, “একই রকম টাইলস খুঁজতে, ভাঙা টাইলসের ছোট টুকরো নিয়ে দোকানে যান। দেশি ব্র্যান্ড হলে সহজে মিলে যায়। বিদেশি টাইলস হলে সমস্যা— একই ডিজাইন পাওয়া কঠিন। কখনও কখনও পুরো ঘরের টাইলস বদলাতে হয়।”

নতুন টাইলস বসানোর সময় আঠা সমানভাবে লাগাতে হবে। টাইলস সামান রাখতে ‘স্পেসার’ ব্যবহার করা জরুরি।

গ্রাউট (সাদা বা রঙিন) দিয়ে ফাঁকা জায়গা ভরতে হয়। ২৪ ঘণ্টা শুকানোর পর সিলার লাগাতে হয়।

মিস্ত্রির সাহায্য যখন লাগবে

যদি টাইলসের নিচের স্তর ফেটে যায় বা মেঝে নড়ে, তাহলে শুধু টাইলস বদলালে হবে না— পুরো মেঝে মেরামত করতে হবে।

পিলার দেবে যাওয়া, ফাউন্ডেশনের সমস্যা থাকলে ‘সিভিল ইঞ্জিনিয়ার’ দেখাতে হবে। ছোট ফাটল নিজে মেরামত করা যায়, তবে বড় কাজে অভিজ্ঞ মিস্ত্রি ডাকতে হবে।

ভাঙা প্রতিরোধের সহজ উপায়

টাইলস ভাঙা ছোট বিষয় মনে হলেও অবহেলা করলে বড় খরচ বাড়বে। সময়মতো মেরামত করলে ঘরের সৌন্দর্য ফিরে আসে, নিরাপত্তাও থাকে।

আরও পড়ুন

ছোট বসার ঘর যেভাবে বড় দেখানো যায়

বসার ঘর সাজাতে মানতে হবে যে নিয়ম

আবার ফিরছে কার্পেটের ব্যবহার