২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালি পেটে ক্ষতি করতে পারে কিছু পানীয়

শরীর ও পেট- দুটাই দিনের শুরুতে চায় কোমল আচরণ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 03:38 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

খালি পেটে কিছু পানীয় শরীর চাঙা করার বদলে উল্টো বাড়িয়ে দিতে পারে অস্বস্তি, অম্লতা, মাথা ঘোরা, এমনকি রক্তে শর্করার হঠাৎ ওঠানামা।

এ কারণে কোন পানীয় খালি পেটে নেওয়া উচিত নয়, সুস্বাস্থ্যেরই তা জানা দরকার।

খালি পেটে গাঢ় কফির প্রভাব

অনেকে দিনের শুরু করেন কফির সুগন্ধে। এটি মনোযোগ বাড়ায়, সজাগ রাখে এবং দীর্ঘমেয়াদে কিছু রোগ প্রতিরোধেও সহায়তা করে।

তবে বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান ও পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলোর মতে, “খালি পেটে গাঢ় কফি শরীরের জন্য বেশ কঠিন পরীক্ষা। কফিতে থাকা প্রাকৃতিক অম্লধর্মী উপাদান পাকস্থলীতে অম্লের মাত্রা আরও বাড়িয়ে দেয়। এতে পেটে জ্বালা-পোড়া, অস্বস্তি, ঝাঁকুনি, তীব্র ক্ষুধা, এমনকি হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো প্রতিক্রিয়া দেখা দিতে পারে।”

খালি পেটে কফি পান করলে কারও ক্ষেত্রে দ্রুত মলত্যাগের প্রবণতা বাড়লেও, নিয়মিত অতিরিক্ত ক্যাফিন গ্রহণকারীর ক্ষেত্রে হজমক্রিয়া উল্টো দুর্বল হয়ে যায়।

এই বিশেষজ্ঞ মনে করেন- যাদের অম্লতা আছে, তাদের জন্য এটি আরও ঝুঁকিপূর্ণ হতে পারে।

তবে কফি ছাড়তে হবে এমনটা নয়। কফির আগে অল্প কিছু খেয়ে নেওয়া অথবা কফিতে অল্প দুধ মিশিয়ে নেওয়া অম্লতার ঝুঁকি কমায়।

ক্ষুধা অনুভব না করলে প্রথমে আধা কাপ কফি অথবা কম ক্যাফিনযুক্ত কফি দিয়ে শুরু করাই ভালো।

চা হলেও ঝুঁকি কম নয়

অনেকে কফির বিকল্প হিসেবে ভাবেন গরম চা। তবে খালি পেটে এটিও একই রকম ক্ষতি করতে পারে।

চায়ের ক্যাফিনও পাকস্থলীতে অম্ল উৎপাদন বাড়ায়। এর ফলে বমিভাব, অম্লতা, পেটব্যথা ইত্যাদি দেখা দিতে পারে।

আরও একটি সমস্যা হল- অতিরিক্ত গরম চা পান করা।

খুব গরম চা পাকস্থলীর ভেতরের নরম আবরণে সাময়িক প্রদাহ তৈরি করতে পারে। তাই চা তৈরির সময় পাতাকে দীর্ঘক্ষণ ভিজিয়ে না রাখা এবং খালি পেটে গ্রহণ না করার অভ্যাস করতে হবে।

চা পানের আগে দুধ, ডিম, দই বা সম্পূর্ণ শস্যজাত খাবার খেলে এর অস্বস্তিকর প্রভাব কমে, বলে মত দেন পুষ্টিবিদ আখতারুন নাহার আলো।

ফিজিযুক্ত বা কার্বনেটেড পানীয়: পেটফাঁপা থেকে অম্লতা

ফিজিযুক্ত বা বুদবুদ-যুক্ত পানীয় অনেকের কাছে আনন্দের উৎস। তবে খালি পেটে এই পানীয় শরীরকে বিভ্রান্ত করে।

এসব পানীয়তে থাকা কার্বন ডাই–অক্সাইড পাকস্থলীতে ঢুকে গ্যাসে পরিণত হয়। পেটে খাবার না থাকায় গ্যাস ওপরে উঠে আসে এবং সাথে পাকস্থলীর অম্লও উঠে এসে অম্লতা সৃষ্টি করে।

ফলে বুকজ্বালা, ঢেকুর, পেটফাঁপা, এমনকি মাথা ভার হওয়াও দেখা দিতে পারে।

এই পুষ্টিবিদ বলেন, “খালি পেটে ফিজিযুক্ত পানীয় পান না করাই ভালো। আর যদি করতেই হয়, তবে খুব ধীরে পান করতে হবে এবং অন্তত আধা ঘণ্টা সোজা হয়ে বসে থাকা উচিত।”

টক-ফলের রস: অম্লতা ও রক্তশর্করার ওঠানামা

কমলা, লেবু, মাল্টা, আঙুর- এ ধরনের ফলের রস স্বাদে সতেজ, গন্ধে এবং পুষ্টিতে অনন্য।

তবে খালি পেটে এই রস শরীরের জন্য অস্বস্তি তৈরি করতে পারে। রসে থাকা সিট্রিক অ্যাসিড পাকস্থলীর আস্তরণকে সরাসরি উত্তেজিত করে।

আলসারের রোগী হলে এটি জটিলতা বাড়াতে পারে- মন্তব্য করেন আখতারুন নাহার আলো।

অন্যদিকে বেশি চিনিযুক্ত রস খালি পেটে পান করলে রক্তশর্করা দ্রুত বেড়ে যায় এবং তা আবার দ্রুত কমে আসে যা মাথা ঘোরা, দুর্বলতা, খিটখিটে মেজাজ এবং বমিভাব সৃষ্টি করতে পারে।

তাই রস পানের আগে কিছু প্রোটিন বা আঁশযুক্ত খাবার খেয়ে নেওয়া উচিত।

এই বিশেষজ্ঞ দই, ডিম, বাদাম বা হালকা শর্করাযুক্ত খাবারের কথা বলেন।

এনার্জি ড্রিঙ্কস: দ্রুত উত্তেজনা, দ্বিগুণ ক্ষতি

জেগে থাকা বা কাজের চাপ সামলানোর জন্য অনেকেই এনার্জি বর্ধক পানীয়র ওপর নির্ভর করেন। তবে খালি পেটে এটি আরও দ্রুত রক্তে মিশে শরীরকে বিপদে ফেলতে পারে।

এসব পানীয়তে থাকে অতিরিক্ত ক্যাফিন, প্রচুর চিনি এবং আরও কিছু উত্তেজক উপাদান।

খাবার ছাড়া এগুলো শরীরে প্রবেশ করলে বমিভাব, হঠাৎ ক্লান্তি, মাথা ঘোরা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এসব দেখা দিতে পারে।

তাই এই বিশেষজ্ঞ পরামর্শ দেন, “অবশ্যই খাবারের সঙ্গে অথবা কমপক্ষে বাদাম, দই, ডিমজাতীয় খাবারের পরে এ ধরনের পানীয় গ্রহণ করা উচিত।

মদ বা অ্যালকোহল: খালি পেটে ঝুঁকি সবচেয়ে বেশি

অ্যালকোহল শরীরের জন্য সব থেকে খারাপ পানীয়। আর খালি পেটে অ্যালকোহল প্রবেশ করলে তা খুব দ্রুত রক্তে মিশে নেশার প্রভাব বাড়িয়ে দেয়। এতে পাকস্থলীর আস্তরণে জ্বালা-পোড়া, অম্লতা এবং রক্তে শর্করার ভারসাম্যহীনতা দেখা দেয়।

দীর্ঘসময় না খেয়ে অ্যালকোহল পানের ফলে দ্রুত মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা, এমনকি হঠাৎ দুর্বলতাও দেখা দিতে পারে।

আরও পড়ুন

মস্তিষ্কের বয়স বাড়ায় যেসব পানীয়

যেসব পানীয়তে ঝরবে দিনের ক্লান্তি

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পানীয়