২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শীতে ঘুম সহায়ক উষ্ণ পানীয়

বারবার ঘুম ভাঙা রোধ ও মানসিক অস্থিরতা কমাতে পান করা যায় নানান উষ্ণ পানীয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 05:15 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

শীতের সময় ঘুমের ধরন বদল আসতে পারে। দিনের আলো অনেকটাই কমে যাওয়া, ঠাণ্ডা আবহাওয়া আর শরীরের স্বাভাবিক ছন্দে পরিবর্তনের কারণে রাতে ঠিকমতো ঘুম না হওয়া স্বাভাবিক।

আরামের ঘুমের ঘাটতি কমাতে ওষুধ বা অতিরিক্ত উপকরণের ওপর ভরসা না করে দৈনন্দিন কিছু অভ্যাসে পরিবর্তন আনা বেশি কার্যকর হতে পারে।

বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান ও পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলোর মতে, “ঘুমের আগে উষ্ণ ও ক্যাফিনমুক্ত পানীয় শরীর ও মনকে শান্ত করতে সাহায্য করে এবং ধীরে ধীরে বিশ্রামের জন্য প্রস্তুত করে তোলে।”

শীতকালে স্নায়ুতন্ত্রে বাড়তি চাপ তৈরি হতে পারে। এই সময় উষ্ণ পানীয় শরীরকে নিরাপত্তা ও প্রশান্তির সংকেত দেয়, যা ঘুমের প্রস্তুতিতে সহায়ক।

ঘুমের প্রস্তুতিতে উষ্ণ পানীয়ের ভূমিকা

ঘুম ভালো হওয়ার পেছনে শরীরের তাপমাত্রা, রক্তে শর্করার ভারসাম্য, মানসিক চাপ ও হরমোনের সমন্বয় কাজ করে।

উষ্ণ পানীয় শরীরকে ধীরে ধীরে শিথিল করে, মানসিক অস্থিরতা কমায় এবং রাতে ঘুম ভাঙার প্রবণতা হ্রাস করতে পারে।

“শীতের রাতে ঘুমের আগে উষ্ণ পানীয় পান করলে তা শুধু শরীর গরম রাখে না, বরং মানসিকভাবেও আরাম দেয়”- বলেন এই পুষ্টিবিদ।

গরম দুধের চিরচেনা আরাম

ঘুমের আগে দুধ খাওয়ার অভ্যাস ছোট থেকেই অনেকে গড়ে তোলেন। দুধে এমন এক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে যা শরীরে প্রশান্তি ও ঘুমের হরমোন তৈরিতে সহায়তা করে।

গরম দুধে থাকা প্রোটিন ও অল্প পরিমাণ শর্করা রাতে রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে মাঝরাতে ঘুম ভাঙার সম্ভাবনা কমে।

মধু বা দারুচিনি মিশিয়ে দুধ পান করলে স্বাদ বাড়ার পাশাপাশি আরামও বেশি পাওয়া যায়।

হলুদ দেওয়া দুধ

গরম দুধের সঙ্গে হলুদ, আদা, দারুচিনি ও সামান্য গোলমরিচ মিশিয়ে এই পানীয় তৈরি করা হয়।

হলুদ ও আদার প্রদাহনাশক গুণ শরীরের অস্বস্তি কমাতে সাহায্য করে, যা ভালো ঘুমের জন্য উপকারী।

এছাড়া হলুদের কার্যকারিতা বাড়ায় গোলমরিচ এবং পানীয়টিকে আরও উষ্ণ করে। শীতের সময়ে রাতে ঘুমানোর আগে এই দুধ খেলে শরীর ও মন দুটোকেই আরাম পায়।

তুলসি ও অশ্বগন্ধার ভেষজ চা

মানসিক চাপ বা অস্থিরতায় ভুগলে তুলসি ও অশ্বগন্ধার চা উপকারী হতে পারে।

তুলসি মানসিক চাপের হরমোনের ভারসাম্য রাখতে সাহায্য করে এবং মনকে শান্ত করে।

“অশ্বগন্ধা স্নায়ুতন্ত্রকে শিথিল করে ঘুমের গুণগত মান উন্নত করতে সহায়তা করে”- বলেন পুষ্টিবিদ আখতারুন নাহার আলো।

ক্যামোমাইল চায়ের প্রশান্তি

ঘুমের জন্য সবচেয়ে পরিচিত ভেষজ চাগুলোর একটি ক্যামোমাইল।

ক্যামোমাইলে থাকা প্রাকৃতিক উপাদান মস্তিষ্কের এমন অংশে কাজ করে যা উদ্বেগ কমাতে সহায়ক।

গরম ক্যামোমাইল চা শরীরের শান্ত স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে, বিশেষ করে ঠাণ্ডা সন্ধ্যায়।

যেহেতু এতে ক্যাফিন নেই, তাই রাতে পান করাও নিরাপদ। বিভিন্ন সুপারশপে দেশি ও বিদেশি ব্র্যান্ডের চা মিলবে।

ল্যাভেন্ডার চায়ের সুবাস ও আরাম

শীতের রাতে ঘুমের আগে ল্যাভেন্ডার চা পানেও মানসিক প্রশান্তি বাড়তে পারে। ল্যাভেন্ডারের ঘ্রাণ ও উপাদান মানসিক অস্থিরতা কমাতে এবং ঘুমের শুরু সহজ করতে সাহায্য করে।

আরও পড়ুন

মাত্র তিন মিনিটের বিরতিতে মিলতে পারে মানসিক প্রশান্তি

নড়াচড়া আর ধ্যানেই মেলে মানসিক প্রশান্তি

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পানীয়

পানীয় পানে কমবে মেদ