যেসব উদ্ভিজ্জ দুধ খেতে হবে ভেবেচিন্তে
শুনতে পুষ্টিকর মনে হলেও প্রাণিজ দুধের মতো পুষ্টি উপাদান উদ্ভিজ্জ দুধ থেকে মিলবে না।
যাদের ল্যাক্টোজ সহ্য হয় না তাদের জন্য প্রাণিজ দুধের পরিবর্তে উদ্ভিজ্জ দুধ হতে পারে ভালো বিকল্প।
‘নন-ডেইরি মিল্ক’ বা ‘প্ল্যান্ট-বেইজড মিল্ক’ নামে পরিচিত এই দুধ নানান ধরনের বাদাম, শস্য বা বীজ থেকে তৈরি হয়।
তবে এসব সমানভাবে স্বাস্থ্যকর নয়।
অনেক দুধে পুষ্টিগুণ কম থাকে, আবার কোনো কোনো দুধে অতিরিক্ত চিনি, কৃত্রিম উপাদান বা উচ্চ ক্যালোরি থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
কাজু-বাদামের দুধ
‘আমন্ড মিল্ক’ বা কাজু-বাদামের দুধ দেখতে ক্রিমযুক্ত ও ঘন হলেও পুষ্টিগুণের দিক থেকে এটি খুব সমৃদ্ধ নয়।
যুক্তরাজ্য ভিত্তিক ‘কুয়ন হেলথকেয়ার’-এর ‘হলিস্টিক নিউট্রিশন কোচ’ ক্যান্ডিস ভ্যান ইডেন ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “কাজুবাদামের দুধে প্রোটিনের পরিমাণ কম। তাছাড়া এতে প্রায়শই গার-গাম, জ্যানথান গাম, বা গেলান গাম এর মতো উপাদান ব্যবহার করা হয়, যা সবার পরিপাকতন্ত্রে ভালোভাবে মানিয়ে নেয় না। এছাড়া এর পুষ্টিগুণ আসল দুধের মতো করে তুলতে কৃত্রিমভাবে ভিটামিন-খনিজ যোগ করা হয়।”
বাংলাদেশের বাজারেও এ দুধ পাওয়া যায়। কিন্তু যারা প্রকৃত প্রোটিনের উৎস হিসেবে দুধ খুঁজছেন, তাদের জন্য এটি কার্যকর নয়।
তবে বাসায় নিজেই তৈরি করে নিলে কৃত্রিম ভিটামিন বা খনিজ যোগ না করলেও উপকার মিলবে।
ভ্যানিলা স্বাদযুক্ত মিষ্টি আমন্ড দুধ
বাদামের দুধ জনপ্রিয় হলেও যখন এতে ভ্যানিলা স্বাদ ও অতিরিক্ত চিনি যোগ করা হয়, তখন এটি শরীরের জন্য ক্ষতিকর হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্রের ‘সুইচফোরগুড’এর পুষ্টিবিদ টিফানি ব্রুনো বলেন, “অনেক ধরনের মিষ্টি উদ্ভিজ্জ দুধে প্রায় ১৩ গ্রাম পর্যন্ত যোগ করা চিনি থাকে, যা একেবারেই অপ্রয়োজনীয়। ভ্যানিলা স্বাদ চাইলে অনেকে চিনি ছাড়া দুধ বেছে নিতে পারেন।”
ওট কফি ক্রিমার
অনেকে কফিতে ক্রিমের স্বাদ আনার জন্য ওট কফি ক্রিমার ব্যবহার করেন। তবে এতে ক্যালোরি দ্রুত বেড়ে যায়।
টিফানি ব্রুনো সতর্ক করে বলেন, “একটি ছোট ৮ আউন্স পরিবেশনে (প্রায় এক কাপ) যতটা ক্যালোরি থাকে, তা বুঝে ওঠা কঠিন। কফিতে যদি বেশি পরিমাণে যোগ করা হয়, তাহলে ক্যালোরি বেড়ে যায়। কফি হালকা রাখতে চাইলে অনেকে কাজুবাদামের মতো হালকা ও অনানুষিক্ত দুধ ব্যবহার করতে পারেন।”
চালের দুধ
‘রাইস মিল্ক’ বা চালের দুধ ল্যাক্টোজ অসহিষ্ণুদের জন্য সহজপাচ্য হলেও এতে প্রোটিন নেই বললেই চলে।
যুক্তরাষ্ট্রের ‘ভি-নিউট্রিশন’য়ের নিবন্ধিত পুষ্টিবিদ ক্যাথলিন বেনসন বলেন, “যারা দুধ থেকে প্রোটিন পেতে চান, তাদের জন্য চালের দুধ কার্যকর নয়। যদি হজমের কারণে চালের দুধ খাওয়ার প্রয়োজন হয়, তবে অবশ্যই খাবারের সঙ্গে আলাদা প্রোটিনের উৎস যোগ করতে হবে।”
ওট দুধ
ওট দুধ অনেকের কাছে গরুর দুধের মতো স্বাদযুক্ত মনে হয়, তাই এটি সিরিয়ালের সঙ্গে খাওয়ার প্রচলন রয়েছে।
তবে ক্যাথলিন বেনসন মনে করিয়ে দেন, “যখন ওট দুধ সিরিয়ালের সঙ্গে খাওয়া হয়, তখন একসঙ্গে অনেক কার্বোহাইড্রেইট যুক্ত হয়। অথচ প্রোটিন থাকে না। ফলে এটি শরীরের জন্য ভারসাম্যপূর্ণ নয়। শিশুদের জন্য বা যারা প্রোটিন চাহিদা পূরণ করতে চান, তাদের জন্য এটি কার্যকর নয়।”
সকালের নাশতায় কর্নফ্লেক্স বা সিরিয়ালের সঙ্গে অনেকেই দুধ গ্রহণ করে থাকেন। এ ক্ষেত্রে প্রোটিনের অন্য উৎস যেমন- ডিম, দই বা বাদাম রাখা জরুরি।
নারিকেলের দুধ
নারিকেলের দুধ রান্নায় বহুল ব্যবহৃত একটি পদ। তবে পানীয় হিসেবে এটি খুব বেশি পুষ্টি দেয় না।
নারিকেলের দুধে প্রোটিন তুলনামূলক কম থাকে। আর অনেক ক্ষেত্রে এতে চিনি যোগ করা হয়।
অতিরিক্ত চিনি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, যা পরে ক্লান্তি বা ‘এনার্জি ক্রাশ’ তৈরি করতে পারে।
এখন সুপারশপ, অনলাইন এবং বড় দোকানগুলোতে এমন নানান ধরনের উদ্ভিজ্জ দুধ পাওয়া যায়। তবে সেগুলো বেছে নেওয়ার আগে অবশ্যই উপাদান ও পুষ্টিগুণ দেখে নেওয়া উচিত।
কোনটিতে চিনি আছে, কোনটিতে প্রোটিন কম তা জেনে উদ্ভিজ্জ দুধ গ্রহণ করলে উপকার মিলবে যথাযথ।
আর যারা ল্যাক্টোজ অসহিষ্ণু, তারা দুধের বিকল্প হিসেবে উদ্ভিজ্জ দুধ নিতে পারেন, তবে প্রোটিনের ঘাটতি পূরণে অন্য খাবার অন্তর্ভুক্ত করতে হবে।
যাদের ডায়াবেটিস আছে, তাদের জন্য অতিরিক্ত চিনি যুক্ত দুধ একেবারেই এড়িয়ে চলা উচিত।
আরও পড়ুন
