২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্থিসন্ধির যত্নে এক কাপ গ্রিন টি

গ্রিন টি’তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের প্রদাহ কমিয়ে সার্বিক সুস্থতায় প্রভাব রাখে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 06:55 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

অস্থিসন্ধি বা হাড়ের জোড়ের সুস্বাস্থ্য প্রতিদিনের চলাফেরার জন্য প্রয়োজনীয়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের সংযোগের সমস্যা বাড়তে পারে।

ব্যথা, শক্ত হয়ে যাওয়া কিংবা চলাফেরায় অস্বস্তি তৈরি হওয়া অনেকটাই স্বাভাবিক। তবে শুধুমাত্র বয়স বাড়লেই নয়, অল্প বয়সেও হাড়ের সংযোগে সমস্যা দেখা দিতে পারে।

তাই শুরু থেকেই সচেতন হয়ে খাবারের পাশাপাশি পানীয়ের মাধ্যমেও হাড়ের জোড়ের যত্ন নেওয়া সম্ভব।

অস্থিসন্ধির সমস্যায় পেছনের কারণ

হাড়ের জোড়ের অনেক সমস্যার মূলেই থাকে প্রদাহ। শরীরে দীর্ঘদিন ধরে প্রদাহ থাকলে তা ধীরে ধীরে অস্থিসন্ধির ক্ষতি করে। ফলে ব্যথা, ফোলা এবং চলাচলে সমস্যা দেখা দেয়।

এই প্রদাহ কমাতে সহায়ক খাবার ও পানীয় গ্রহণ কার্যকর সমাধান।

যুক্তরাষ্ট্রভিত্তিক পুষ্টিবিদ লরেন মানেকার রিয়েলসিম্পল ডইটকম-এ প্রকাশির এক প্রতিবেদনে বলেন, “নিয়মিত খাদ্যাভ্যাসে এমন উপাদান থাকা উচিত যা প্রদাহ কমাতে সাহায্য করে এবং শরীরকে ভেতর থেকে সুরক্ষা দেয়।“

যে কারণে গ্রিন টি সেরা পানীয়

এই পুষ্টিবিদের মতে, “হাড়ের জোড়ের জন্য সবচেয়ে উপকারী পানীয়গুলোর মধ্যে একটা হল গ্রিন টি। এর প্রধান কারণ এতে থাকা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যার নাম এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট।“

এই উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং হাড়ের সংযোগের ক্ষয় রোধ করতে কাজ করে।

বিশেষ করে যেসব প্রোটিন প্রদাহ বাড়ায়, সেগুলোর কার্যক্রম কমিয়ে দেয় এই অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে হাড়ের জোড়ের ওপর চাপ কম পড়ে এবং দীর্ঘমেয়াদে ক্ষতি কম হয়।

আরও পড়ুন

সর্বোচ্চ উপকার পেতে চা পাতা যতক্ষণ ভিজিয়ে রাখা উচিত

সেহেরির পর চা পান করা যে কারণে ঠিক না

চা থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার পন্থা

অস্থিসন্ধি সুরক্ষায় যেভাবে কাজ করে

গ্রিন টি’র অ্যান্টিঅক্সিডেন্টগুলো শুধু প্রদাহ কমায় না, বরং অস্থিসন্ধির ‘কার্টিলেজ’ বা নরম অংশকে সুরক্ষা দেয়। এই ‘কার্টিলেজ’ ক্ষতিগ্রস্ত হলে হাড়ের সংযোগে ঘর্ষণ বাড়ে এবং ব্যথা শুরু হয়।

ইরানের ‘ফাসা ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস’সহ, সেই দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গবেষকদের করা এক ‘ক্লিনিকাল ট্রায়ালে’ দেখা গেছে দেখা গেছে, নিয়মিত গ্রিন টি পান করলে হাঁটুর অস্থিসন্ধির সমস্যায় উপকার পাওয়া যেতে পারে।

এটি ধীরে ধীরে হাড়ের জোড়ের কার্যক্ষমতা ধরে রাখতে সাহায্য করে এবং ব্যথা কমাতে সহায়ক হয়।

শুধু হাড়ের জোড় নয়, পুরো শরীরের উপকার

গ্রিন টি’র উপকারিতা শুধু অস্থিসন্ধিতেই সীমাবদ্ধ নয়। এটি শরীরের বিপাকক্রিয়া উন্নত করে, হৃদস্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং মনোযোগ বাড়াতেও ভূমিকা রাখে।

এছাড়া এতে থাকা একটি বিশেষ ‘অ্যামিনো অ্যাসিড’ মস্তিষ্ককে শান্ত রাখতে সাহায্য করে, যা মানসিক চাপ কমাতে কার্যকর। একই সঙ্গে এটি হালকা শক্তি জোগায়, ফলে দিনজুড়ে ক্লান্তি কম অনুভূত হয়।

ত্বকের জন্যও গ্রিন টি উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে সুরক্ষা দেয় এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

মাচা চা: আরও ঘন উপকারিতা

গ্রিন টি’র একটি ঘন রূপ হল মাচা চা। যেখানে পুরো চা পাতা গুঁড়া করে ব্যবহার করা হয়। ফলে এতে উপকারী উপাদানের মাত্রা আরও বেশি থাকে।

পুষ্টিবিদ লরেন মানেকার বলেন, “মাচা চা শরীরে আরও বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা অস্থি সংযোগের ক্ষয় কমাতে এবং প্রদাহ নিয়ন্ত্রণে রাখতে আরও কার্যকর হতে পারে।”

যেভাবে প্রতিদিনের জীবনে অন্তর্ভুক্ত করা যায়

গ্রিন টি বা মাচা চা- পান করা খুবই সহজ। প্রতিদিন এক থেকে দুই কাপ পান করলেই উপকার মেলে। কেউ চাইলে এতে লেবুর রস বা মধু মিশিয়ে স্বাদ বাড়াতে পারেন।

গরমের দিনে ঠাণ্ডা করে পান করাও এটি সমান উপকারী। আবার ফলের সঙ্গে মিশিয়ে পানীয় তৈরি করলেও স্বাদ ও পুষ্টিগুণ দুটোই পাওয়া যায়।

মাচা চায়ের গুঁড়া দইয়ের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়, যা পুষ্টিকর এবং সুস্বাদু।

আরও পড়ুন

হাড়ের সুস্থতায় শক্তিবর্ধক ব্যায়াম

হাড়ের জন্য উপকারী খাবার

হাড়ের সংযোগ সুস্থ রাখার উপায়