২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদোত্তীর্ণ খাবার: এখনও ভালো আছে নাকি ফেলতে হবে?

কিছু খাবারের মেয়াদ শেষ হলেও খাওয়া যায়; তবে কয়েকটি বিষয় খেয়ালও করতে হয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 02:59 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

প্রায় সব খাবারের মোড়কেই দেখা যায় কিছু চিহ্ন ‘বেস্ট বাই’, ‘সেল বাই’, ‘ইউজ বাই’ বা ‘ফ্রিজ বাই’।

তবে এগুলো সবসময় আসল মেয়াদোত্তীর্ণ তারিখ বা ‘এক্সপায়ারি ডেট’ নয়।

তাহলে কীভাবে বোঝা যায় যে- পছন্দের দই, পনির, আচার বা ঝাল সস আসলেই নষ্ট হয়ে গেছে কি-না?

“এক্সপায়ারি’ মানে হল ওই তারিখের পর খাবার খাওয়া আর নিরাপদ নাও হতে পারে। সাধারণত শিশুখাদ্য, কিছু ওষুধ এবং অতিমাত্রায় পচনশীল জিনিসপত্রেই এ তারিখ দেওয়া থাকে”- মন্তব্য করেন পার্সোনা হেলথের পুষ্টিবিদ শওকত আরা।

দই

ফ্রিজে (৪০ ডিগ্রি ফারেনহাইট বা তার নিচে) রাখা সিল খোলা হয়নি দই ‘বেস্ট বাই’ তারিখের পরও এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকে।

তবে খোলা হলে যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, অর্থাৎ কন্টেইনারে সরাসরি না খেয়ে, মুখ না দিলে, সরাসরি আঙুল ব্যবহার না করলে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত খাওয়া যায়।

গ্রিক দইয়ে পানির পরিমাণ কম থাকায় এটি সাধারণ দইয়ের চেয়ে বেশি দিন টেকে।

যেভাবে বুঝবেন নষ্ট হয়েছে: পুষ্টিবিদ শওকত আরা বলেন “দইয়ে টক বা টক-মিষ্টি ঘ্রাণ স্বাভাবিক। তবে দুর্গন্ধ, ইস্টের মতো গন্ধ বা পচা গন্ধ হয়- তবে তা ফেলে দিতে হবে।”

এছাড়া ঢাকনা বা দইয়ের উপরিভাগে ছত্রাক দেখা গেলে আর খাওয়া উচিত নয়।

পনির

পনিরের স্থায়িত্ব নির্ভর করে এর ধরনের ওপর। নরম পনির, যেমন- ক্রিম চিজ, মোৎজারেলা এসব দ্রুত নষ্ট হয়, কারণ এগুলোতে পানির পরিমাণ বেশি। ফলে এখানে ব্যাক্টেরিয়া দ্রুত জন্মায়।

অন্যদিকে শক্ত পনির, যেমন- চেডার বা পারমিজান ছত্রাক কেটে বাদ দিলে অনেকটাই নিরাপদ।

সিল না খোলা শক্ত পনির ছয় মাস পর্যন্ত ভালো থাকে, আর খোলার পর তিন থেকে চার সপ্তাহ।

নরম পনির খোলার পর এক থেকে দুই সপ্তাহের মধ্যে খেয়ে ফেলতে হবে। প্রক্রিয়াজাত স্লাইস বা কুচি করা পনির প্রায় এক মাস টেকে।

যেভাবে বুঝবেন নষ্ট হয়েছে: নরম পনির যদি পিচ্ছিল বা রং পরিবর্তিত হয় তবে সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে। শক্ত পনিরে ছত্রাক থাকলে তা কেটে ফেলা যায়। তবে অতিরিক্ত আর্দ্রতা বা দুর্গন্ধ থাকলে সাবধান হতে হবে।

আচার

খোলা হয়নি বাজারের আচার ‘বেস্ট বাই’ তারিখের পরও এক থেকে দুই বছর পর্যন্ত ভালো থাকে। তবে খোলার পর ফ্রিজে রেখে এক থেকে তিন মাসের মধ্যে খেয়ে ফেলতে হয়।

“যদি সঠিকভাবে লবণ পানিতে তৈরি হয় এবং অম্লতা সঠিক মাত্রার নিচে থাকে তবে খোলার পরও ছয় মাস পর্যন্ত খাওয়া যায়। ভিনেগারে রাখা আচার সাধারণত আরও বেশি দিন টেকে”- বলেন শওকত আরা।

যেভাবে বুঝবেন নষ্ট হয়েছে: “আচারের ওপরে সাদা বা তুলার মতো ছত্রাক ভেসে উঠলে, অদ্ভুত গন্ধ হলে বা যে ফল বা সবজির আচার সেগুলো পিচ্ছিল হয়ে গেলে, ফেলে দিতে হবে”- বলেন এই পুষ্টিবিদ। 

ঝাল সস (হট সস)

অম্ল ও লবণের কারণে ঝাল সসের আয়ু দীর্ঘ হয়। বিশেষ করে ভিনেগারযুক্ত সস বহু বছর পর্যন্ত টিকে থাকতে পারে। ফ্রিজে রাখলে সস আরও বেশি দিন সতেজ থাকে।

যেভাবে বুঝবেন নষ্ট হয়েছে: ভিনেগারভিত্তিক সস সাধারণত নিরাপদ। তবে যদি গন্ধ অস্বাভাবিক হয়, স্বাদ বদলে যায় বা ছত্রাক দেখা যায় তবে আর খাওয়া যাবে না।

আরও পড়ুন

যেসব গৃহস্থালী পণ্যের মেয়াদকাল অজানা

যেভাবে বুঝবেন মেইকআপ সামগ্রীর মেয়াদ শেষ

যেভাবে বুঝবেন আটা ও ময়দা নষ্ট হয়ে গেছে

পাস্তা কেনার সময় যেসব বিষয়ে নজর দিতে হবে