কী রাখবেন কী ফেলে দেবেন
একই রকম জিনিস- একটা জরুরি; অন্যটা জরুরি নাও হতে পারে।
ঘর গোছাতে গিয়ে অনেকসময় অপ্রয়োজনীয় জিনিস ফেলা হয় না।
কোন জিনিসটা রাখা ঠিক হবে আর কোনটা না রাখলেও হয়, সে বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে গিয়ে সময়ও যায়।
এ কারণে প্রথম থেকে কিছু জিনিস ফেলে দেওয়াই বরং ভালো।
কাগজ
যেগুলো রাখার দরকার নেই: বৈদ্যুতিক সামগ্রী, টিভি, ফ্রিজ- এরকম পণ্যের যত কাগজের ‘ম্যানুয়াল’ আছে তা জমিয়ে রাখার কোনো দরকার নেই।
এই বিষয়ে লস অ্যাঞ্জেলেসের পেশাদার ‘অর্গানাইজার’ ও ‘দি ফোল্ডিং বুক’য়ের লেখক জেনেলি কোহেন রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “এই ধরনের নির্দেশনার সবগুলোই অনলাইনে পাওয়া যায়। তাই ছাপা কাগজের ‘ম্যানুয়াল’ জমিয়ে রাখা মানেই বাসায় বাড়তি জঞ্জাল তৈরি।”
সেগুলো রাখা দরকার: যুক্তরাষ্ট্রে কলোরাডো’র ‘নিট মেথড’য়ের সহ-প্রতিষ্ঠাতা মারিসা হ্যাগমায়ার বলেন, “দলিলপত্র, পড়ালেখা থেকে শুরু করে জন্ম, মৃত্যু বা বিয়ের সনদ, জাতীয় পরিচয়পত্র- এই ধরনের কাগুজে প্রমাণপত্র অবশ্যই ভালো মতো নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত। বিশেষ করে অগ্নি নিরোধক বাক্স ব্যবহার করা জরুরি।”
রান্নাঘরের জিনিস পত্র
যেগুলো রাখার দরকার নেই: বেশিরভাগ সময় কাজে লাগে না এরকম পাত্র সরিয়ে ফেলার পরামর্শ দেন, কোহেন।
তার কথায়, “যদি ব্লেন্ডার, সালাদ কাটার বা ‘ফুড প্রসেস’ করে এরকম জিনিস কম কাজে লাগে তাহলে নির্দিষ্ট জায়গায় সরিয়ে রাখুন। আর নষ্ট হয়ে গেলে ফেলে দিন।”
পরামর্শ দিতে গিয়ে ‘নিট মেথড’য়ের আরেক প্রতিষ্ঠাতা অ্যাশলে মার্ফি বলেন, “একই রকম দুতিনটা জিনিস রান্নাঘরে থাকলে সেগুলো সরিয়ে ফেলা উচিত। যেমন- ‘পিৎজ্জা কাটার’ এবং ছুরি। শুধু ছুরি দিয়েই বাসায় পিৎজ্জা কাটা যায়। এক্ষেত্রে ‘পিৎজ্জা কাটার’ বাড়তি জায়গা নিচ্ছে।”
তাই যেসব জিনিস নিয়মিত কাজে লাগছে না, সেগুলো বাক্সে ভরে অন্য কোনো জায়গায় রেখে দিতে হবে। আর নষ্ট হলে তো অবশ্যই ফেলে দেওয়া উচিত।
সেগুলো রাখা দরকার: কোহেন বলেন, “আর স্বাভাবিকভাবেই যেসব জিনিস নিয়মিত রান্নাঘরে কাজে লাগে, সেগুলোই হাতের কাছে রাখুন।”
গৃহস্থালী কাগুজে পণ্য
সেগুলো রাখা দরকার: টিস্যু, পেপার টাওয়েল- এই ধরনের জিনিসগুলো বাড়তি কয়েকটি কিনে জমিয়ে রাখা যেতেই পারে। যাতে একটা শেষ হয়ে গেলেও, অন্যটা সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়।
হ্যাগমায়ার বলেন, “তাই বলে অতিরিক্ত কিনে ঘরের জায়গা নষ্ট করার দরকার নেই। বাড়তি কয়েকটি কিনে রাখাই ভালো। কারণ সেগুলো তো আপনি ব্যবহার করবেনই।”
অনুভূতিপ্রবণ জিনিস
যা রাখা দরকার নেই: সিনেমার টিকিট, খেলা দেখার টিকিট বা এই ধরনের অনেক স্মরণীয় জিনিস আমরা অনেক সময় জমিয়ে রাখি। তবে এগুলো আসলে জঞ্জালই বাড়ায়। তাই কাজ শেষ হয়ে গেলে, প্রথম অবস্থাতেই এগুলো ফেলে দেওয়ার পরামর্শ দেন, কোহেন।
যা রাখা দরকার: অন্যদিকে অনেক জিনিসই আছে যেগুলোর সাথে স্মৃতি জড়িত। যেমন হতে পারে, বংশানুক্রমিকভাবে পাওয়া কোনো পেপার কাটিং বা তৈজস পত্র।
আবার পারিবারিক পুরানো ছবিও যত্ন করে রাখা যায়। তবে স্থানের সমস্যা হলে, ছবিগুলো স্ক্যান করে ডিজিটাল ফর্মেটে রাখলে জায়গার সমস্যাও কমে। আবার নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে না।
প্রসাধনী
যা রাখা দরকার নেই: বিভিন্ন হোটেল কিংবা আকাশপত্রে ভ্রমণে নানান রকম ছোটখাট প্রসাধনী, টুথপেস্ট জমিয়ে রাখার অভ্যাস অনেকেরই আছে।
এক্ষেত্রে সেসব জিনিস জমিয়ে না রেখে ব্যবহার করে শেষ করে দেওয়া পরামর্শ দেন, অ্যাশলে মার্ফি।
তার কথায়, “বাথরুমের তাকে জমিয়ে না রেখে খরচ করে ফেলা হবে বুদ্ধিমানের কাজ। কারণ এগুলোর মেয়াদও শেষ হয়ে যেতে পারে ব্যবহার না করলে। আর খরচ করা সম্ভব না হলে যার দরকার তাকে দান করেও দিতে পারেন।”
যা রাখা দরকার: ব্যবহার করা হচ্ছে না এরকম অর্ধেক বোতল শ্যাম্পু বা অর্ধেক ব্যবহার করা সাবান ফেলে দেওয়ার দরকার নেই। কারণ এমনও হতে পারে, নতুন শ্যাম্পু ব্যবহার করতে করতে শেষ করে ফেলেছেন, অথচ বাজার থেকে কিনে আনার কথা মনে নেই। এক্ষেত্রে আগের রেখে দেওয়া ওই অর্ধেক বোতল শ্যাম্পু কাজে লেগে যাবে।
একইভাবে ডিশওয়াশার বা এই ধরনের জিনিসগুলোর বাড়তি রিফিল প্যাকেট কিনে রাখলে বিপদে কাজে দেবে।
আরও পড়ুন
