০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ত্বক পরিচর্যায় রোদে পোড়াভাব দূর করার উপায়

ঘরোয়া উপাদান ছাড়াও রাসায়নিক প্রসাধনী ব্যবহার করে রোদে পোড়াভাব ‍দূর করা যায়।

ত্বক পরিচর্যায় রোদে পোড়াভাব দূর করার উপায়

ছবির মডেল: এমি। ছবি: অপূর্ব খন্দকার।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2023, 06:13 PM

Updated : 19 Apr 2023, 06:13 PM

সূর্যের তাপ যতই হোক, কাজের জন্য বের হতেই হয়।

আর ফলাফল হিসেবে ভোগ করতে হয় নানান সমস্যা। এর মধ্যে ত্বকে পোড়াভাবও রয়েছে।

চিকিৎসা শাস্ত্র অনুযায়ী ‘ট্যান’ দুই রকমের। একটি হল ‘সাময়িক পোড়াভাব’ যা রোদে যাওয়ার সাথে সাথে সৃষ্টি হয় এবং সারতে প্রায় পরবর্তী ২৪ ঘন্টা সময় লাগে।

আরেকটি হল ‘দীর্ঘস্থায়ী পোড়াভাব’ যা সারতে পরবর্তী কয়েক সপ্তাহ সময় লাগে।

পোড়াভাব কমানোর উপায়

রোদের কারণে মুখ, গলা, ঘাড় ও বাহু কালচে হয়ে যায়। এই কালচেভাব দূর করার রয়েছে নানান উপায়।

ভারতের ‘দ্যা স্কিন সেন্স, স্কিন অ্যান্ড হেয়ার ক্লিনিক’য়ের প্রতিষ্ঠাতা, ত্বক বিশেষজ্ঞ ও কস্মেটোলজিস্ট ডা. আলেকা সিঙ্গাপুরি রোদে পোড়াভাব কমাতে কয়েকটি ঘরোয়া উপায় সম্পর্কে জানান হিন্দুস্তান টাইমস’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে। 

এক্সফলিয়েশন

ত্বকের মৃত কোষ দূর করতে এক্সফলিয়েশন খুব ভালো উপায়। এটা আলতোভাবে ত্বকের ওপরের মৃত কোষ দূর করে উজ্জ্বল ও সতেজভাব আনে।

খুব বেশি ‘ট্যানিং’য়ের সমস্যা থাকলে কেমিক্যাল এক্সফলিয়েশন করা উপকারী। ত্বক উজ্জ্বলকারী উপাদান যেমন- গ্লাইকোলিক অ্যাসিড, ল্যাক্টিক অ্যাসিড ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।

ফিজিক্যাল এক্সফলিয়েট করতে দুই টেবিল-চামচ ওটমিলের সঙ্গে দুই টেবিল-চামচ দুধ মিশিয়ে ব্যবহার করা যায়।    

ডি-ট্যান ফেইস প্যাক

ত্বক উজ্জ্বল করে এমন উপাদান যেমন- ভিটামিন সি এবং লিকোরিশ; ত্বকের রোদে পোড়াভাব কমাতে খুব ভালো কাজ করে।

ভিটামিন সি’য়ের যৌগ মেলানিন পিগমেন্ট ভেঙে দেয় এবং রং উজ্জ্বল করে। সপ্তাহে দুবার ‘ডি-ট্যান ফেইস প্যাক’ ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যায়।

বেসন ও দই

পোড়াভাব কমাতে প্রাচীনকাল থেকেই  বেসন ও দই উপকারী উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

দুই টেবিল-চামচ বেসনের সঙ্গে এক টেবিল-চামচ দই ও এক চিমটি হলুদ যোগ করে প্যাক তৈরি করে নিতে হবে।

বেসন ত্বক এক্সফলিয়েট করে। আর দইয়ের ল্যাক্টিক অ্যাসিড ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে।

ভারতের ‘ইনফ্লুয়েঞ্জ হেয়ার অ্যান্ড স্কিন ক্লিনিক’য়ের প্রতিষ্ঠাতা ও ত্বক বিশেষজ্ঞ ডা. গীতিকা শ্রীভাস্তভ রোদে পোড়াভাব কমানোর কয়েকটি উপায় সম্পর্কে জানান।

রোদ থেকে সুরক্ষা: রোদের কারণে ত্বকে পোড়াভাব দেখা দেয়। তাই বাইরে যাওয়ার সময় রোদ থেকে সুরক্ষার ব্যবস্থা নিতে হবে।

সানস্ক্রিন, রোদ থেকে বাঁচায় এমন কাপড়, রোদ চশমা, টুপি ও এসপিএফ সমৃদ্ধ মেইকআপ ব্যবহার করতে হবে। রোদ থেকে বাঁচতে কেবল সানস্ক্রিনের ওপর ভরসা করলেই চলবে না বরং অন্যান্য ব্যবস্থাও গ্রহণ করতে হবে।

মাস্ক: রান্নাঘরেই রয়েছে রোদে পোড়াভাব দূর করার সহজ সমাধান। দই, দুধ, মধু, হলুদ, টমেটো, পেঁপে ও আম ত্বকের পোড়াভাব কমাতে সহায়তা করে।

ত্বকে কখনই লেবু ব্যবহার করা ঠিক নয়। এতে থাকা সিট্রাস অ্যাসিড ত্বকে জ্বলুনি সৃষ্টি করতে পারে।

পিকোশিওর লেজার: রোদে পোড়াভাব কমাতে সবচেয়ে নিরাপদ উপায় হল ‘পিকোশিওর’ লেজার। এটা কোনোরূপ পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই নিরাপদভাবে ত্বকের পোড়াভাব দূর করে।

আরও পড়ুন

পুরানো খবর:

ব্রণ প্রবণ ত্বকের জন্য প্যাক
বয়সের গতি ধীর করতে পারে যেসব ফল ও সবজি
গরমে ‘হিট স্ট্রোক’য়ের ঝুঁকি এড়াতে করণীয়
‘হিট স্ট্রোক’ প্রতিরোধে শরীর ঠাণ্ডা রাখার পন্থা