ক্লাব হুইলস এবং আলকেমি
বনানীতে গাড়ির থিমের রেস্তোরাঁ। আর ভূমধ্যঅঞ্চলের খাবারের আয়োজন।
আলকেমি
বাড়ি ১১৬, রোড ১১, বনানী
বনানী ১১ নম্বর রোডে প্রায়শই নতুন রেস্তোরাঁ খুলছে। আর এই ভীড়েই নতুন যাত্রা করলো আলকেমি।
চলতি মাসের প্রথমদিন শুরু হয়েছে এদের পথচলা। ঢুকলে মনে হতে পারে, বাহ বেশ ছিমছাম ছোট একটা জায়গা। সবমিলিয়ে ৩৫ জন বসতে পারবেন এখানে। আরও চোখে পড়তে পারে সাদা ‘আধা খাঁচড়া’ দেওয়ালে ‘ফর্মহীন’ ফর্মে ঝোলানো ৭টি পেইন্টিং।
ভেতরে সোফার রং নীল আর চেয়ার-টেবিল প্রায় প্রাকৃতিক রংয়ের। জুসবারও বেশ সুন্দর করিই সাজানো। রাতের বেলায় ছায়া আর প্রতিবিম্বর খেলা বেশ একটি মরীচিকার আবেশ আনতে পারে।
আলকেমি
আলকেমি
শেফ সাগর অ্যালবার্ট চাম্বুগং জানান প্রধানত মেডিটেরেনিয়ান খাবারের আধিক্য রয়েছে মেনুতে। তবে এই মেনুতে নতুন আরও খাবার আগামীতে যোগ করা হবে।
চিলি ক্র্যাব খেলে জিভের জল ঠেকবে এমন কথা বলা যাচ্ছে না! শেফ চাম্বুগং জানান সাউথ-ইস্ট এশিয়ার একটি দেশের বিশেষ রেসিপি মেনে এই সুখাদ্য বানানো হয়। মুখে দিলে ঝালের ঝাঁজ জিভে লাগতে লাগতেই কাঁকড়া মাংসের স্বাদ ছড়িয়ে যাবে ইন্দ্রিয়তে। দাম ৬৫০ টাকা।
আলকেমি- বিফ স্ত্রোগানফ।
আলকেমি- চিলি ক্র্যাব।
দুপুরে তরুণ পেশাজীবীরা বেশি আসেন। আর রাতের বেলায় বেশিরভাগ অতিথিই আসেন পরিবার নিয়ে জানালেন এখানকার এক কর্মচারি।
ওয়াইফাই আছে।
ক্লাব হুইলস
বাড়ি ৮১, রোড ৬, বনানী
বাংলাদেশের প্রথম গাড়ির থিমের রেস্তোরাঁ বলেই দাবি করেন তারা।
ক্লাব হুইলস
ক্লাব হুইলস
রেস্তোরাঁর বাইরে থেকেই আসলে টের পাওয়া যাবে যে গাড়ি বিষয়ক কিছু বোধ হয় ভেতরে আছেই। ট্রাফিক সিগনাল বাতিতে যে লাল, সবুজ আর হলুদ জ্বলেই চলছে! আরও আছে ‘সাবধানতা’- ড্রাইভ স্লো!
রেস্তোরাঁর ভেতরে প্রথমতলায় ঢুকেই চোখে পড়বে গাড়ি আরি গাড়ি। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের গাড়ি ভিন্ন ভিন্নভাবে সাজান হয়েছে এখানে। এর মধ্যে একটি আস্ত গাড়ি রাখা আছে যাতে দরজা খুলে চেয়ারে বসে খানাপিনা সারা যাবে।
ক্লাব হুইলস- পিৎজা।
ক্লাব হুইলস
প্রধানত দুইটি ফ্লোর নিয়ে এই রেস্তোরাঁ। প্রথমতলা হল কফিশপ ও লাউঞ্জ। আর দুইতলায় রয়েছে চেয়ার টেবিলে বসে সাধারণ রেস্তোরাঁর মতো খাওয়ার ব্যবস্থা। আর তিনতলায় আছে বিজনেস মিটিং বা পার্টি করার যোগাড়যন্ত্র।
খাদ্য তালিকায় ইতালিয়ানের পাশাপাশি মেক্সিকান খাবারের আধিক্য রয়েছে। ট্যাকো সালাদে লেবু আর ঝালের সংমিশ্রণ বেশ লাগবে জিভে। দাম একেবারে কম বলা যাবে না। ৫৫০ টাকা পড়বে এই মেক্সিকান খাবারের দাম।
এখানে পিৎজা তৈরি হয় আল্ট্রা থিন ক্রাস্ট দিয়ে। জানা গেল এই ঘরানা হল ভেনেৎজ্জা (অর্থাৎ ভেনিস) শহরের। আর কিছুটা ক্রাঞ্চি।
ক্লাব হুইলস
ক্লাব হুইলস
জাকারিয়া জানান, এখানকার কফির বিন ব্রাজিলের একটি প্রতিষ্ঠান থেকে আনা হয়। আর বিনগুলো হয় শুধু অ্যারাবিকা পদের।
খোলা থাকে সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। ওয়াইফাই আছে।
ছবি: তানজিল আহমেদ জনি।
