২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামদানির পরশ নিয়ে- আর্কা ফ্যাশন উইক উইন্টার’২৫

বাংলাদেশের ফ্যাশন শিল্পকে বিশ্বে পরিচিত করার লক্ষ্যে তিন বছর ধরে পালিত হচ্ছে এই আয়োজন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 04:54 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

প্রাচীনকালে কার্পাশ তুলার সুতা দিয়ে মসলিন নামের সূক্ষ্ম বস্ত্র তৈরি করে সেটার ওপর যে জ্যামিতিক নকশাদার বা বুটিদার বস্ত্র বোনা হত তারই নাম জামদানি।

আর শুধু শাড়ি নয়- জামদানি দিয়ে কুর্তা, শেরওয়ানি, রুমাল, ওড়না-সহ নানান কিছু তৈরি করা হত। কালের বিবর্তনে আজ সেসব হারাতে বসেছে।

এসব চিন্তা থেকেই জামদানি’কে বিষয়বস্তু ধরে শুক্রবার ৫ ডিসেম্বর থেকে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকি’তে শুরু হচ্ছে আর্কা ফ্যাশন উইক’য়ের চতুর্থ আসর। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।

২৯ নভেম্বর এই উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্কা ফ্যাশন উইক’য়ের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার বলেন, “এবারের আসরটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশি ঐতিহ্যের অন্যতম প্রতীক জামদানিকে। ব্র্যান্ডিং, ভিজ্যুয়াল পরিচিতি, ভেন্যুর সজ্জা, এমনকি স্টুডেন্ট রানওয়ে সব জায়গায় ফুটে উঠবে এই কারুশিল্পের নকশা ও ইতিহাস।”

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক শেখ সাইফুর রহমান।

আর্কা ফ্যাশন উইক উইন্টার’২৫-এ দর্শকের সামনে ‘লাইভ উইভিং স্টেশন’ও রাখা হবে। সেজন্য আড়ং’য়ের সহযোগিতায় ছয়জন কারিগর হাতে-কলমে দেখাবেন হাতে বুনন, ব্লক প্রিন্ট-সহ বিভিন্ন ঐতিহ্যবাহী কাজ।

এবারের তিন দিনের এই আয়োজনে থাকছে আলাদা আলাদা তিনটি বিষয়। প্রথম দিন ৫ ডিসেম্বর ‘মডার্ন’, ৬ ডিসেম্বর ‘হেরিটেইজ’, ৭ ডিসেম্বর ‘সাসটেনিবিলিটি’।

প্রতিটি বিষয় অনুসারে তৈরি করা হয়েছে রানওয়ে শো, মাস্টারক্লাস ও সংগীত পরিবেশনার পরিকল্পনা।

এছাড়াও থাকছে ‘মাস্টার ক্লাস’, মার্কেট প্লেস, ফুড কোর্ডসহ নানান আয়োজন।

শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা এই আয়োজনে সাধারণ প্রবেশমূল্য রাখা হয়েছে ৩শ’ টাকা। কনসার্টের জন্য ৪শ’ এবং ফ্যাশন শো’র প্রবেশমূল্য ২শ’ টাকা।