বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ১০ নারী
১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’য়ের বিজয়ীরা।
সৌন্দর্য প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী সাধারণত দেশকে প্রতিনিধিত্ব করে বিশ্বের অন্যান্য প্রতিযোগিতায় অংশ নেয়।
তবে এবারের ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’ প্রতিযোগিতায় নির্বাচিত করা হয়েছে ১০ নারীকে; যারা ১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।
লো মেরিডিয়া ঢাকা’য় ৪ অক্টোবর অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের এই প্রতিযোগিতায় প্রধান মুকুট অর্জন করেন ফেরদৌসি তানভীর ইচ্ছা, যিনি ‘মিস বাংলাদেশ আর্থ’য়ের শিরোপাও জিতেছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী ৯ নভেম্বর ফিলিপাইনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস আর্থ’ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুতি নেবেন।
প্রথম রানার-আপ কাজী তারানা ক্যাম্বোডিয়ায় ‘মিস গ্লোবাল’ এবং দ্বিতীয় রানার-আপ মাহবুবা রহমান লাবণ্য যুক্তরাষ্ট্রে ‘রয়েল ইন্টারন্যাশনাল মিস’য়ে অংশ নিচ্ছেন।
এছাড়া শীর্ষ বাকি সাতজন- মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল (থাইল্যান্ড), মিস এশিয়া, মিস এশিয়া গ্লোবাল, মিস গ্ল্যাম ওয়ার্ল্ড (ভারত), মিস ইন্টার গ্লোবাল (ফিলিপাইন), মিস কালচার গ্লোবাল (দক্ষিণ আফ্রিকা) এবং মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড (কসোভো এবং আলবেনিয়া) প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন।
চূড়ান্ত পর্বের বিচারকদের মধ্যে ছিলেন- ‘গ্রোইং টুগেদার’য়ের পরিচালক জুলিয়া ওয়েসম্যান, আন্তর্জাতিক স্টাইলিস্ট ও যোগব্যায়াম প্রশিক্ষক মিননা স্ফিন হুউদ, বিবিসি’র জ্যেষ্ঠ সাংবাদিক শারমিন রহমান রওমা, সংগীত ব্যক্তিত্ব মানাম আহমেদ, নর্থব্রুক কনসালটেন্টস লিমিটেড’য়ের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, কর্পোরেট প্রশিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব ফেরদৌস বাপ্পী এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশন’য়ের সভাপতি মেঘনা আলম।
‘মিস বাংলাদেশ অর্গানাইজেশন’ এবং ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’য়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা সম্পর্কে মেঘনা আলম বলেন, “প্রতিযোগিতা শেষ হয়েছে, কিন্তু আমাদের মিশন মাত্র শুরু হল। আমরা বাংলাদেশকে পুনর্গঠন ও পুনরায় ব্র্যান্ডিং করতে প্রতিশ্রুতি বদ্ধ। আর এই নারীরা পরিবর্তনের দূত হিসেবে পরিবেশগত রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বকে বিশ্বমঞ্চে তুলে ধরবেন।”
তিনি আরও বলেন, “শুধু বাংলাদেশি নারীদের সৌন্দর্য ও বুদ্ধিমত্তাকে তুলে ধরতে নয় বরং বাংলাদেশকে পরিবেশগত স্থায়িত্বের ক্ষেত্রে বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য।”
প্রতিযোগিতায় অংশ নিতে ১২ হাজার রেজিস্ট্রেশন হয়েছিল। প্রাথমিকভাবে বাছাই করা হয় ২শ’ প্রতিযোগী। যারা হাতে তৈরি পুনর্ব্যবহৃত (নিজেই করুন) হস্তশিল্প উপস্থাপন করে বিচারকদের মুগ্ধ করেন।
এই হস্তশিল্পগুলো ছিল পরিবেশগত স্থায়িত্ব থিমকে কেন্দ্র করে, যা অংশগ্রহণকারীদের সৃজনশীলতা ও পরিবেশ রক্ষার প্রতি তাদের অঙ্গীকারের পরিচয় বহন করে। এরপর ১৬জন বাছাই করে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব।
