২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পর্যটন সম্পর্ক উন্নত করতে শ্রীলঙ্কার উদ্যোগ

ঢাকায় বিটুবি রোডশোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদারে শ্রীলঙ্কা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 03:51 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

বাংলাদেশ ও শ্রীলঙ্কা’র মধ্যে পর্যটন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার ঢাকার একটি অভিজাত হোটেলে ‘বিটুবি রোডশো এবং নেটওয়ার্কিং ইভেন্ট’ সম্পন্ন করেছে শ্রীলঙ্কা পর্যটন প্রমোশন ব্যুরো।

৫ এপ্রিল অনুষ্ঠিত মিডিয়া সেশনের ধারাবাহিকতায় এই রোডশোটি আয়োজিত হয়। এর মাধ্যমে শ্রীলঙ্কাকে বাংলাদেশি পর্যটকদের জন্য একটি সাশ্রয়ী ও অন্যতম সেরা ভ্রমণ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের পর্যটন খাতের অংশীজনদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে’র প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন।

তার বক্তব্যে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করনে যে, দুই দেশের এই অংশীদারিত্ব টেকসই পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি বলেন, “শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তা বাংলাদেশি পর্যটকদের জন্য সবসময়ই আকর্ষণীয়।”

শ্রীলঙ্কা পর্যটন প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াসাম- শ্রীলঙ্কাকে একটি নিরাপদ ও বৈচিত্র্যময় গন্তব্য হিসেবে তুলে উল্লেখ করেন যে, বাংলাদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘ট্রাভেল প্যাকেজ’ এবং স্থানীয় অপারেটরদের সঙ্গে যৌথ প্রচারণার কাজ চলছে।

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের আঞ্চলিক ব্যবস্থাপক ফাওজান ফরিদ অনুষ্ঠানে তথ্য দেন যে, উন্নত বিমান যোগাযোগ এবং প্রতিযোগিতামূলক ভাড়ার মাধ্যমে ভ্রমণ আরও সহজতর করা হয়েছে।

অনুষ্ঠানে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টোয়াব)’য়ের সভাপতি মোহাম্মদ রাফুজ্জামান এবং ‘বোয়াটা’র সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদসহ অন্যান্য শিল্প নেতারা শ্রীলঙ্কায় ‘আউটবাউন্ড ট্যুরিজম’ সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেন।

আয়োজনের ‘বিটুবি সেশনে’ দুই দেশের প্রতিনিধিরা যৌথ ট্যুর প্যাকেজ এবং বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।  

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘ফিটস এয়ার বাংলাদেশ রিজিয়নের বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক খাইরুল বাশারসহ অন্যান্যরা।