অটিস্টিক শিশুকে সহায়তা করার পন্থা
শিশুর মাঝে অটিজমের লক্ষণ দেখা দিলে বাবা-মায়ের উচিত হবে এই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হওয়া।
দুশ্চিন্তা না করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে শিশু অনেকটাই স্বাভাবিক আচরণ করে।
অনেক বাবা-মা বিষয়টাকে লুকিয়ে রাখেন বা স্বীকার করতে চান না তাদের সন্তান অটিজমে আক্রান্ত। তবে এই বিষয়ে যত দেরি করা হবে ততই পরিস্থিতি জটিল আকার ধারণ করবে।
তাই ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে, ভারতের ‘ফোর্টিস হসপিটাল মুলুন্দ’ ও ‘হীরানন্দী হাসপাতাল’য়ের মনোবিজ্ঞানী, হীরক পাটেল পরামর্শ দেন “শিশুর মাঝে অটিজমের লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।”
চূড়ান্ত পর্যায় পর্যন্ত অপেক্ষা না করা
শিশুর মাঝে বিকাশগত ত্রুটি বা ‘অটিজম’য়ের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুতই থেরাপি বা চিকিৎসা শুরু করা উচিত। অটিজমের সম্পূর্ণ লক্ষণ দেখার জন্য বা শিশুর বড় হওয়ার জন্য অপেক্ষা করা ঠিক নয়। যত আগে শিশুর চিকিৎসা শুরু হবে তত দ্রুত এর সুফল পাওয়ার সম্ভাবনা থাকে।
প্রাথমিক পদক্ষেপ নেওয়া হল- শিশুর বিকাশের উন্নতি ও সময়ের সাথে সাথে এর লক্ষণ হ্রাস পাওয়ার কার্যকর পদক্ষেপ।
শিশুকে গঠনগত ও স্থিতিশীলতা দান করা
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনে ধারাবাহিকতার প্রয়োজন। এই শিশুদের যা শেখানো হয় তা একটা ধারার মধ্যে আবদ্ধ করে ফেলা উচিত।
যেমন- যদি স্কুলে তারা ‘সাংকেতিক’ ভাষায় কথা বলে থাকে তাহলে বাড়িতেও তার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য একই পদ্ধতি অনুসরণ করা উচিত। এতে শিশুর শিক্ষণ দ্রুত ও স্বাভাবিক হয়।
শিশুর রাগ, মেজাজ খারাপ করা ইত্যাদি নানান আচরণগত অবস্থায় কেমন আচরণ করতে হবে তা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে জেনে নেওয়া ভালো। আর সব সময় এর ধারাবাহিকতা মেনে চলা উচিত।
ভালো ব্যবহারের জন্য পুরষ্কার দেওয়া
যে কোনো শিশুকেই ইতিবাচক আচরণের মধ্য দিয়ে উৎসাহ দেয়া যায়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে এটা আরও বেশি কার্যকর। তাদের ভালো কাজ, ভালো আচরণের জন্য পুরস্কৃত করা উচিত। এতে তারা আরও আগ্রহী হয়ে ওঠে।
তাদের ছোট খাটো উপহার দেওয়া, প্রশংসা করা অথবা তার পছন্দের জিনিস ধরতে বা খেলতে দেওয়া, তার ভালো কাজকে আরও উৎসাহিত করে তোলে।
এডিএইচডি’তে আক্রান্ত শিশুদের অভিভাবকদের পাশে দাঁড়ানো
‘অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিজঅর্ডার (এডিএইচডি)’তে আক্রান্ত শিশুদের অভিভাবকরা যদি নিজেদের মধ্যেও একটা দল করে ফেলেন তাহলে উপকার হবে।
একে অপরের সঙ্গে আলোচনার মাধ্যমে শিশুদের নানান সমস্যা জানা যায় ও তার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায়।
শিশুর সংবেদনশীলতার প্রতি মনোযোগ দেওয়া
এই শিশুরা অধিকাংশ ক্ষেত্রেই আলো, শব্দ, স্পর্শ, স্বাদ ও গন্ধ ইত্যাদির প্রতি অতিসংবেদনশীল হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে এর মাত্রা আরও বেশি।
কেমন শব্দ, আলো, গন্ধ বা কোন বিষয়ের প্রতি শিশু সংবেদনশীল তা বোঝা মুশকিল। কারণ এক্ষেত্রে সে সঠিক তথ্য দিতে পারে না।
কোন বিষয় বা বস্তু শিশুকে বিব্রত করে তা খুঁজে বের করতে পারলে ও সমাধান করা গেলে শিশু আরামেই থাকবে।
সমস্যাজনক পরিস্থিতি এড়াতে শিশুর সঙ্গে সবসময় ইতিবাচক আচরণ করা প্রয়োজন।
পরামর্শ
বাবা-মা হিসেবে নিজের প্রতিও যত্নশীল হতে হবে। শিশু যেন কোনভাবেই বুঝতে না পার যে আপনি ক্লান্ত।
‘অটিজম’ একটা ধারাবাহিক প্রক্রিয়া। তাই এর জন্য চাই দীর্ঘ সময়। নিজের প্রতি যত্ন না নেওয়া সন্তানের মাঝে আরও সংবেদনশীলতা সৃষ্টি করে।
ক্লান্ত বা মন খারাপ অনুভূত হলে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে এবং নিরাপদ কোনো স্থানে বসে কাউকে কষ্ট না দিয়ে মনের ভাব প্রকাশ করতে হবে।
আরও পড়ুন
