বরফে জমাট মাংস দ্রুত ও নিরাপদে গলানোর উপায়
ভুল পদ্ধতিতে গলালে মাংসে ব্যাক্টেরিয়া জন্ম নিতে পারে।
কোরবানির মাংস দিয়ে সবাই চান ঝটপট মজার রান্না করে প্রিয়জনদের খাওয়াতে। তবে অনেক সময় দেখা যায়, ফ্রিজে রাখা মাংস জমে শক্ত হয়ে গেছে।
এমন পরিস্থিতিতে দ্রুত মাংস গলানো দরকার হয়, অথচ ভুল পদ্ধতিতে গলালে স্বাদ নষ্ট হয়, এমনকি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়।
‘গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান স্যায়েন্স’য়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শম্পা শারমিন বলেন, “ঈদের বরফ জমা মাংস গলানোর একটি কার্যকর ও নিরাপদ উপায় আছে। সঠিক ভাবে মানতে পারলে মাত্র ৩০ মিনিটেই রান্নার জন্য মাংস প্রস্তুত হয়ে যাবে।”
যে কারণে নিরাপদভাবে মাংস গলানো জরুরি
কাঁচা মাংস অনেক সময় এমনভাবে জমে যায় যে, রান্নার আগে ভালোভাবে গলানো না হলে ঠিকমতো সেঁকা বা রান্না করা যায় না।
এছাড়া ভুল পদ্ধতিতে গলালে মাংসে ব্যাক্টেরিয়া জন্ম নিয়ে খাবারে বিষক্রিয়া ঘটাতে পারে। তাই এই খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিশেষজ্ঞ সঠিক ও নিরাপদ পদ্ধতিতে মাংস গলানোর পরামর্শ দিয়েছেন।
সাধারণত যেভাবে গলানো হয়
অনেক সময় গরম পানিতে মাংস ডুবিয়ে রাখা হয় বা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ঘণ্টার পর ঘণ্টা মাংস রেখে দেওয়া হয়। এসব পদ্ধতি মাংস দ্রুত গলাতে সাহায্য করলেও তা স্বাস্থ্যকর নয়।
কারণ, মাংস যখন ৪০ ডিগ্রি ফারেনহাইট থেকে ১৪০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে, তখন ব্যাক্টেরিয়া দ্রুত জন্মাতে পারে। তাই একে বিপজ্জনক তাপমাত্রার সীমাও বলা হয়।
দ্রুত ও নিরাপদ উপায়: ঠাণ্ডা পানিতে গলানো
এই পদ্ধতিতে মাত্র ৩০ মিনিটে মাংস গলানো সম্ভব যা নিরাপদ পদ্ধতিও বটে।
ধাপ ১: মাংস ব্যাগে রাখা: প্রথমে ফ্রিজ থেকে প্রয়োজনীয় পরিমাণ জমাট মাংস বের করতে হবে। পরে এই মাংস একটি শক্তিশালী জিপলক ব্যাগ বা খাবার সংরক্ষণের ব্যাগে রাখতে হবে। তবে ব্যাগের ভেতর থেকে যতটা সম্ভব বাতাস আগেই বের করে দিতে হবে এবং ভালোভাবে সিল বা মুখ বন্ধ করতে হবে, যেন পানি বা বাতাস ভেতরে ঢুকতে না পারে।
ধাপ ২: ঠাণ্ডা পানিতে ডুবিয়ে রাখা: এই ধাপে একটি বড় বাটি বা হাঁড়িতে ঠাণ্ডা পানি (গরম নয়) নিতে হবে। এবার মাংস ভর্তি ব্যাগটি পানিতে ডুবিয়ে রাখতে হবে। যদি একাধিক ব্যাগ হয়, প্রতিটি আলাদা পাত্রে রাখলে গলানো আরও দ্রুত হবে। মাংস পানির নিচে রাখার জন্য এর ওপর ভারী কিছু রাখা যেতে পারে, যেমন- কাঠের চামচ বা স্প্যাচুলা।
ধাপ ৩: প্রতি ৩০ মিনিট পর পানি পরিবর্তন করা: প্রথম ৩০ মিনিট পর পানি ফেলে দেওয়া জরুরি এবং এতে নতুন ঠাণ্ডা পানি যোগ করতে হবে। এইভাবে প্রতি ৩০ মিনিট পর পানি বদলাতে থাকতে হবে। এতে মাংস নিরাপদ তাপমাত্রায় থাকবে এবং ব্যাক্টেরিয়ার ঝুঁকিও থাকবে না।
ধাপ ৪: মাংসের অবস্থা পরীক্ষা: প্রতিবার পানি পরিবর্তনের সময় ব্যাগের বাইরে থেকেই চাপ দিয়ে মাংসের অবস্থা পরীক্ষা করতে হবে। নরম লাগলে এবং বাঁকানো গেলে বুঝতে হবে এটি গলে গেছে। ভেতরে হালকা জমাট থাকলেও সমস্যা নেই, রান্নার সময় সেটি ঠিক হয়ে যায়।
ধাপ ৫: রান্নার জন্য প্রস্তুতি: যখন মাংস যথেষ্ট গলে যাবে তখন ব্যাগ খুলে রান্নার প্রস্তুতি শুরু করতে হবে। মাংসে পছন্দমতো মসলা মিশিয়ে, চুলায় চাপিয়ে দিতে হবে।
এই পদ্ধতিতে মাংস গলে গেলে কোরবানির ঈদের আপ্যায়নে ভুনা, রেজালা বা কাবাব যা ইচ্ছা বানিয়ে ফেলা যাবে।
দ্বিতীয় সিল পদ্ধতি: আরও নিরাপদ উপায়
আরও নিশ্চিতভাবে ঠাণ্ডা রাখতে চাইলে, দ্বিতীয় সিল পদ্ধতি ব্যবহার করা যায়। তখন প্রথমে মাংস একটি ব্যাগে রেখে সিল করতে হবে। এরপর এটি আরেকটি বড় ব্যাগে রেখে সঙ্গে কিছু বরফকুচি যোগ করতে হবে।
দ্বিতীয় ব্যাগও কিন্তু ভালোভাবে সিল করতে হবে। এবার আগের মতোই পানিতে দিতে হবে। তবে এ পদ্ধতিতে পানি পরিবর্তন না করলেও চলবে। মাঝে মাঝে পানিতে হাত ডুবিয়ে দেখতে হবে পানি ঠাণ্ডা আছে কি না।
গলাতে না চাইলে: জমাট মাংস দিয়েই রান্না
অনেকে বলে থাকেন, জমাট অবস্থাতেই রান্না করলে মাংসের রস ভেতরে থাকে এবং স্বাদ বাড়ে। জমাট মাংস রান্না করলেও সমস্যা নেই, শুধু নিশ্চিত হতে হবে যে ভেতরের তাপমাত্রা কমপক্ষে ১৪৫ ডিগ্রি ফারেনহাইটে যেন পৌঁছায়।
তবে এতে রান্নার সময় প্রায় দেড় গুন বেশি লাগে। কাজেই গলানো সময় এড়িয়ে যেতে চাইলে রান্নার সময় আবার বাড়িয়ে দিতে হবে।
যা করবেন না
কখনোই মাংস ঘরের তাপমাত্রা রেখে গলানো যাবে না। মাংস গলানোর জন্য কোনোভাবেই গরম পানি ব্যবহার করা যাবে না।
আবার সময় কম থাকলে নরমাল ফ্রিজে রেখেও গলানোর চেষ্টা করা যাবে না।
আরও পড়ুন
