২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসব যেন না হয় ভোগবিলাসের ফাঁদ

অতিরিক্ত আয়োজনের চাইতে ঘরোয়া ছোঁয়াতে উৎসবে আসে উষ্ণ আমেজ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 04:28 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

আনন্দ, আলো, সাজসজ্জা, উপহার আর ভোজনের আয়োজন নিয়েই চলে নানান উৎসব। আর বছরের শেষের দিকে এমন নানান আয়োজন আসে যা পরিবারের সবার সঙ্গে উদযাপনেই আসে তৃপ্তি।

তবে আনন্দের এই সময়ে অনেক সময়ই ভোগবিলাসের ফাঁদে পড়ে যেতে হয়। নতুন নতুন জিনিস কেনা, দামী উপহার দেওয়া, অপ্রয়োজনে সাজসজ্জা বাড়ানো— সব মিলিয়ে ব্যস্ততা আর খরচ দুটোই বেড়ে যায়।

এই অতিভোগই মানসিক চাপ, আর্থিক সংকট এবং পরিবেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ

মন বাস্তবতায় সংযমী ভোগ হতে পারে শান্তিপূর্ণ উৎসবের উপকরণ। কারণ অতিরিক্ত ভোগ সত্যিকারের অনুভব ও সংযোগ থেকে দূরে সরিয়ে দেয়।

নিজের হাতে উপহার মোড়ানো

উৎসবে উপহার মোড়ানোর জন্য নতুন কাগজ কিনতে হবে এমন নয়। চাইলে পুরান সংবাদপত্র, কাপড়ের টুকরা, কিংবা দোকানের বাদামী ব্যাগকেও সুন্দরভাবে সাজানো যায়।

"শিশুদের দিয়ে রং বা ছাপার কাজে লাগালে এটি হয়ে উঠবে এক সৃজনশীল পারিবারিক কার্যক্রম। পুরানো কাচের বোতলে রাখা যেতে পারে ঘরে তৈরি খাবার যা হবে একই সঙ্গে উপহার ও মোড়ক।”- পরামর্শ দেন গৃ্‌হসজ্জাবিদ গুলশান নাসরিন।

ঘর সাজান নিজের মতো করে

বড় দোকানের সাজসজ্জা হয়ত আকর্ষণীয়, তবে তাতে থাকে না ব্যক্তিগত উষ্ণতা।

নিজের শৈশবের স্মৃতি, কোনো বিশেষ গন্ধ বা রংয়ের অনুভূতিই আসলে ঘরে এনে দিতে পারে উৎসবের আবহ।

কাগজ দিয়ে তৈরি মালা, পুরানো মোমবাতি কিংবা ঘরের বই ও ছবিগুলোর বিন্যাস পরিবর্তন করলেই ঘর পেয়ে যাবে নতুন সাজ।

পরিবার ও বন্ধুর সঙ্গে খোলামেলা আলোচনা

সংযমী ভোগ তখনই সহজ হয়, যখন আশপাশের মানুষও সেই ভাবনায় যুক্ত হয়। পরিবারের সঙ্গে একমত হয়ে ঠিক করা যেতে পারে।

সাধারণত ভেবে নেওয়া হয় দামী আর নতুন জিনিসই যত্নের প্রতীক। আসলে ভাবনা আর ভালোবাসাই প্রকৃত মূল্যবান।

ঘরের জিনিসপত্র পুনরায় দেখা

নতুন কিছু কেনার আগে একটু সময় নিয়ে দেখে নেওয়া যেতে পারে ঘরে কী আছে। অনেক সময় অগোছালো জিনিসের ভিড়ে ভুলেই যাওয়া হয়- আমাদের কাছে অনেক সুন্দর জিনিসও আছে।

গুলশান নাসরিন বলেন, "একবার ঘর গুছিয়ে নিলে মনও হালকা লাগে। আর পরেরবার কেনাকাটার সময় বুঝতে পারি আসলে কী সত্যিই প্রয়োজন।"

কেনার আগে নিজেকে প্রশ্ন

কোনো কিছু কেনার আগে ভাবতে হবে এটি সত্যিই দরকারি কি-না? পছন্দ অনেক সময় পণ্যের ব্যবহার নয়, বরং তার চেহারা বা ভাবের প্রতি আকৃষ্ট হয়।

যেমন- কোনো ছবিতে কারও পরা জুতা পছন্দ হলে ভাবুন, কেন তা ভালো লাগছে? আপনার কাছে কি একই রকম জুতা নেই? এইভাবে চিন্তা করলে অপ্রয়োজনীয় কেনাকাটা অনেক কমে যাবে।

পুরানো জিনিস কেনা বা ধার নেওয়ার অভ্যাস

উৎসবের এই সময়ে উপহার বা সাজসজ্জার জন্য নতুন কিছু না কিনে ব্যবহৃত পণ্যের অনলাইন বা পুরানো জিনিসের দোকান ব্যবহার করা যেতে পারে।

অনেক সময়ে কোনও বন্ধু বা আত্মীয়র বাসা থেকেও ধার নেওয়া যেতে পারে। আবার সব কিছু যে একই রকম হতে হবে তা নয়। নিজের বাসায় যা আছে তা দিয়ে মিলিয়েও উৎসব আয়োজন করা যেতে পারে।

খাবারের অপচয় রোধ

উৎসবে সবচেয়ে বড় অপচয় হয় খাবারে। তাই অল্প অল্প করে ভাগাভাগি করে খাওয়ার আয়োজনই সবচেয়ে আনন্দদায়ক।

আর বেঁচে যাওয়া খাবার নতুনভাবে রান্না করা বা ফ্রিজে সংরক্ষণ করেও ভবিষ্যতের জন্য রাখা যায়।

আরও পড়ুন

অতিথির জন্য আয়োজন

অতিথি আপ্যায়নে যেসব ভুল এড়ানো উচিত

নৈশভোজের আয়োজক হিসেবে যেসব ভুল এড়ানো উচিত