২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষায় বৃত্তি

বছরে ১৫ হাজার ডলারের বৃত্তিও সংগ্রহ করা সম্ভব।

অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষায় বৃত্তি
ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2025, 12:56 PM

Updated : 26 Aug 2026, 11:18 AM

উন্নত দেশে উচ্চ শিক্ষা ব্যয়বহুল হওয়ার কারণে স্কলারশিপ বা বৃত্তি নিয়ে পড়তে যাওয়ার প্রতি আগ্রহ থাকেই।

অস্ট্রেলিয়াতে এই ধরনের বৃত্তি পাওয়ার বিষয়ে ‘অস্ট্রেলিয়ায় পড়াশোনা: কমপ্লিট গাইড’ বইয়ের লেখক জসীম উদ্দিন রাসেল বলেন, “ডেস্টিনেইশন অস্ট্রেলিয়া প্রোগ্রাম (Destination Australia Program - DAP) স্কলারশিপ অস্ট্রেলিয়ান সরকারের অনুদানকৃত অর্থ থেকে অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশের শিক্ষার্থীদের দেওয়া হয়ে থাকে।”

এছাড়া ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ (Australia Award Scholarship - AAS) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেওয়া হয়।

আর ‘ডিএপি স্কলারশিপ’ অস্ট্রেলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে দেওয়া হয়ে থাকে।

তবে এএএস এবং ডিএপি – দুই বৃত্তির অর্থই অস্ট্রেলিয়ান সরকার দেয়।

অস্ট্রেলিয়া প্রবাসী জসিম উদ্দিন আরও জানান, এই বৃত্তি শুধু অস্ট্রেলিয়ার ‘রিজিওনাল এরিয়া’ বা অঞ্চল ভিত্তিক ভাবে দেওয়া হয় থাকে।

‘রিজিওনাল এরিয়া’ বলতে সিডনি, মেলবোর্ন এবং ব্রিসবেন ছাড়া বাকি যেসব শহর রয়েছে সেগুলোকে ধরা হয়। যেমন- অ্যাডিলেইড, পার্থ, ডারউইন ইত্যাদি।

এসব অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে ‘ডিএপি স্কলারশিপ’ নিয়ে পড়া সম্ভব। স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ইত্যাদি কোর্সের জন্য এই বৃত্তি দেওয়া হয়ে থাকে।

‘ডিএপি স্কলারশিপ’ দেয় এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা অস্ট্রেলিয়ার শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করে থাকে।

২০২৪ সালে প্রকাশিত তালিকা থেকে দেখা যায়, মোট ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের ৮৭টি ক্যাম্পাসে ৫৫১টি বৃত্তি দিয়েছে।

জসিম উদ্দিন পরামর্শ দেন, “প্রতিবছর এই সংখ্যা কম—বেশি হতে পারে। যে বছর অস্ট্রেলিয়াতে আসতে চান তার এক বছর আগে থেকেই স্কলারশিপ সম্পর্কে খোঁজ নিতে থাকুন। কারণ এক বছর আগে থেকেই অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায়।”

www.education.gov.au/destination-australia এই লিংকে গিয়ে ডিএপি সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করা যাবে।

প্রতি বছর ১৫ হাজার ডলার এই বৃত্তি থেকে দেওয়া হয়।

লিংকে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা দেখে ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে।

জসিম উদ্দিন বলেন, “প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাওয়ার বিষয়ে নির্বাচিত হওয়ার পর টিউশন ফি বাবদ ১৫ হাজার ডলার পাবেন। টিউশন ফি যদি বছরে এর বেশি হয় তাহলে বাকি ডলার আপনাকে পরিশোধ করতে হবে।”

“ধরুন, আপনি সোশ্যাল ওয়ার্ক নিয়ে মাস্টার্স করতে আসবেন ফ্লিন্ডার্স ইউনিভার্সিটিতে। এই বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে বছরে দুটি সেমিস্টার মিলিয়ে মোট ৩০ হাজার ডলার খরচ হবে। তাহলে বাকি ১৫ হাজার ডলার আপনাকে নিজের পকেট থেকে দিতে হবে”- বলেন জমিস উদ্দিন।

আরও পড়ুন

অস্ট্রেলিয়াতে সম্পূর্ণ স্কলারশিপ বা বৃত্তি নিয়ে পড়াশোনা

যেভাবে জানবেন অস্ট্রেলিয়াতে স্থায়ী হতে কোন বিষয়ে চাহিদা বেশি

অস্ট্রেলিয়াতে শিল্প-সংস্কৃতি বিষয়ে পড়তে যাওয়ার নিয়ম