সমুদ্র অবগাহনে স্রোতের বিপদ থেকে বাঁচাতে
চোরা স্রোত থেকে বাঁচতে কৌশল জানা থাকা জরুরি।
সমুদ্রের ধারে দাঁড়ালে ঢেউয়ের শব্দ আর খোলা আকাশ দেখলে পানিতে নামার ইচ্ছে হয় না- এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না মনে হয়।
তবে সমুদ্র ভ্রমণে পানিতে নেমে স্রোতে পড়ে বিপদও হয়ে যেতে পারে। বিশেষ করে প্রবল ঝড় বা ঘূর্ণিঝড়ের সময়, সমুদ্রের আচরণ হয়ে ওঠে অপ্রতাশিত।
বিশেষজ্ঞরা বলেন, এই সময় সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত হল- পানিতে না নামা। তারপরও অনেকেই ঝুঁকি বুঝে ওঠার আগেই বিপদে পড়ে যান।
স্রোতের ফাঁদ যেভাবে কাজ করে
সিএনএন ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, “সমুদ্রের এক ধরনের স্রোত আছে, যা তীর থেকে বিপরীত দিকে প্রবাহিত হয়। এটি দেখতে অনেক সময় শান্ত পানির মতো লাগে, তবে ভেতরে ভেতরে তা অত্যন্ত শক্তিশালী। এই স্রোতে পড়লে মানুষ হঠাৎই নিজেকে তীর থেকে দূরে সরে যেতে দেখে।”
যুক্তরাষ্ট্রের লাইফসেভিং সংস্থা জানায়, এই ধরনের স্রোত সাধারণত বালুচরের ফাঁক বা জেটির পাশে তৈরি হয়। পানি কিছুটা গাঢ় দেখায়, বা ঢেউয়ের মাঝে ফাঁকা জায়গা তৈরি হয়— এগুলোই হতে পারে বিপদের ইঙ্গিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, প্রতি বছর প্রায় তিন লাখ মানুষ পানিতে ডুবে মারা যায়। অর্থাৎ প্রতিদিন গড়ে শত শত মানুষ এই ঝুঁকির শিকার হয়।
যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে
পরিসংখ্যান বলছে, ছোট শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সি শিশুদের মধ্যে ডুবে যাওয়ার হার বেশি। তাদের নিরাপত্তা পুরোপুরি নির্ভর করে বড়দের নজরদারির ওপর।
এছাড়া পুরুষদের মধ্যে ঝুঁকি বেশি দেখা যায়, কারণ তারা তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ আচরণ করে। যারা পানিতে নামার আগে মদ্যপান করে, তাদের ক্ষেত্রেও দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।
মৃগীরোগের মতো শারীরিক সমস্যায় ভোগা ব্যক্তিরাও পানিতে বেশি ঝুঁকিতে থাকে।
স্রোতে পড়লে যা করতে হবে
অনেকেই মনে করেন, স্রোতে পড়লে জোরে সাঁতার কেটে তীরে ফিরতে হবে। তবে এটি সবচেয়ে বড় ভুল। এতে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রথম কাজ হল শান্ত থাকা। এই স্রোত মানুষকে পানির নিচে টেনে নেয় না, বরং দূরে সরিয়ে দেয়। তাই সরাসরি তীরের দিকে না গিয়ে তীরের সমান্তরালভাবে সাঁতার কাটতে হবে। এতে স্রোতের বাইরে বের হওয়া সম্ভব।
যদি শক্তি কমে যায়, তাহলে পানিতে ভেসে থাকার চেষ্টা করাই ভালো। আর সাহায্যের জন্য চিৎকার করা জরুরি।
অন্য পানির উৎসেও ঝুঁকি
সমুদ্র ছাড়াও নদী, হ্রদ বা পুকুরেও ঝুঁকি কম নয়। নদীতে স্রোত দ্রুত হতে পারে, আর নিচে লুকানো থাকতে পারে পাথর বা আবর্জনা।
হ্রদ বা পুকুর দেখতে শান্ত হলেও হঠাৎ গভীরতার পরিবর্তন বিপদে ফেলতে পারে।
সাঁতার কাটার আগে পানির অবস্থা সম্পর্কে ধারণা নেওয়া খুবই জরুরি।
নিরাপত্তায় সচেতনতা সবচেয়ে বড় শক্তি
পানিতে নামার আগে আবহাওয়া সম্পর্কে খোঁজ নেওয়া উচিত। বজ্রপাত বা ঝড়ের সময় পানিতে থাকা খুবই বিপদের।
নৌকায় বা খোলা পানিতে গেলে লাইফ জ্যাকেট ব্যবহার করা উচিত। সাঁতারে দুর্বল হলে এটি জীবন রক্ষাকারী হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হল- শিশুদের একা পানির কাছে যেতে না দেওয়া।
আতঙ্ক নয়
পানিতে ডুবে যাওয়ার অনেক ঘটনাই ঘটে আতঙ্কের কারণে। ভয় পেয়ে গেলে, তখন ভুল সিদ্ধান্ত নেওয়া হয় যা পরিস্থিতিকে আরও খারাপ করে।
ভয় থেকেই আতঙ্ক, আর আতঙ্ক থেকেই ডুবে যাওয়ার ঘটনা ঘটে। তাই পানিতে নামার আগে আত্মবিশ্বাস ও প্রস্তুতিও থাকা জরুরি।
আরও পড়ুন
