যেসব কারণে ঘরে আটকে থাকছে গরম
তাপ আটকে রাখে এমন ৫টি জিনিসের নাম জেনে নিন।
গরমের সময় ঘর গরম হবেই। তবে অনেক সময় এসি ছেড়েও ঘরের ভ্যাপসা-ভাব দূর হয় না।
আবার কোনো কোন ক্ষেত্রে বাইরের পরিবেশের চাইতে ঘরে বেশি গরম লাগে।
অন্দরসজ্জাবিদদের মতে, সাজানোর ক্ষেত্রে নেওয়া কিছু ভুল সিদ্ধান্তের কারণে বাইরে থেকে আসা তাপ আটকে থাকে ঘরে। ফলে স্বাভাবিকের চেয়ে বেশি উত্তপ্ত করে তোলে পরিবেশ।
‘রিয়েলসিম্পল ডটকম’-এ প্রকাশিত প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘরের পুরো সাজবদল না করে শুধু ৫টি জিনিস পরিবর্তন করলে, ঘর দীর্ঘ সময় শীতল রাখা সম্ভব হতে পারে।
কালচে রংয়ের দেয়াল ও আসবাব
কালো, নেভি ব্লু কিংবা গাঢ় জলপাই সবুজ রং ঘরের সজ্জায় এক ধরনের রাজকীয় বা অভিজাতভাব এনে দিলেও গরমের দিনে এটি এক নীরব ফাঁদ।
কেন উত্তপ্ত হয়: কেনাকাটা ও ঘর-বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ ব্রাইস গ্রুবার বলেন, “বিজ্ঞান বলছে, গাঢ় ও কালচে রংয়ের উপরিভাগ হালকা রংয়ের তুলনায় সূর্যের আলো থেকে বেশি তাপ সরাসরি শোষণ করে। ফলে সরাসরি রোদ আসা ঘরের দেয়াল বা সোফা যদি কালচে রংয়ের হয়, তবে তা স্পর্শ করলে গরম অনুভূত হয় এবং ঘরের ভেতর ভ্যাপসা গরম তৈরি করে।”
তাই গরমের দিনগুলোতে ঘরের সজ্জায় হালকা রং রাখা এবং কালচে রং কেবল ছোট ‘অ্যাকসেন্ট’ বা ‘হাইলাইট’ হিসেবে ব্যবহার করা নিরাপদ।
কৃত্রিম বা সিন্থেটিক বিছানার চাদর
গরম থেকে বাঁচতে বাজারে অনেক সময় ‘ব্রিদেল’ বা ‘কুলিং শিটস’ নামে বিভিন্ন কৃত্রিম চাদরের বিজ্ঞাপন দেখা যায়।
ব্রাইস গ্রুবারের মতে, “এটা সঠিক নয়।”
কেন উত্তপ্ত হয়: তিনি ব্যাখ্য করেন, “পলিয়েস্টার, মাইক্রোফাইবার বা নাইলনের মতো সিন্থেটিক চাদরগুলো মূলত প্লাস্টিক-ভিত্তিক তন্তু দিয়ে তৈরি হয়। এগুলো শরীরের ঘাম বা আর্দ্রতা শোষণ করতে পারে না, ফলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা এবং ব্যাকটেরিয়াকে বিছানাতেই আটকে রেখে এক ধরনের স্যাঁতসেঁতে ও গরম পরিবেশ তৈরি করে।”
এর পরিবর্তে গরমে শতভাগ সুতি বা লিনেনের মতো প্রাকৃতিক তন্তুর চাদর ব্যবহার করা উপকারী।
ভারী কাপড়ের পর্দা
যুক্তরাষ্ট্রের ‘বাটন অ্যাটেলিয়ার’ প্রতিষ্ঠানের প্রধান অন্দরসজ্জাবিদ ব্রিটনি বাটন বলেন, “জানালার পর্দা ঘরের তাপমাত্রা ঠিক রাখতে বড় ভূমিকা পালন করে।”
কেন উত্তপ্ত হয়: শীতের দিনে ভেলভেট বা ভারী কাপড়ের পর্দা ঘরকে উষ্ণ রাখলেও, গরমে এই কাপড়গুলো জানালার কাচ ভেদ করে আসা রোদকে ঘরের ভেতরেই আটকে দেয়।
এর বিকল্প হিসেবে গরমের দিনগুলোতে ‘রোমান শেইড’ বা একদম হালকা লিনেন পর্দা ব্যবহার করা উচিত। এগুলো রোদকে নরম বা ফিল্টার করে ঘরে প্রবেশ করতে দেয়। তবে ভেতরের বাতাসকে ভ্যাপসা হতে দেয় না।
ইনক্যান্ডিসেন্ট বা সাধারণ হলুদ বাল্ব
খুব সামান্য মনে হলেও ঘরের সাধারণ পুরানো হলুদ রংয়ের ‘ইনক্যান্ডিসেন্ট’ বাল্বগুলো ঘরকে ওভেনের মতো উত্তপ্ত করতে ভূমিকা রাখে।
কেন উত্তপ্ত হয়: এই বাল্বগুলো আলো তৈরির চেয়ে প্রায় ৯০ শতাংশ শক্তিই সরাসরি তাপ হিসেবে বাতাসে ছড়িয়ে দেয়।
ব্রিটনি বাটনের মতে, “এই বাল্বগুলো দ্রুত পরিবর্তন করে উচ্চ-মানের এলইডি লাইট ব্যবহার করা সাশ্রয়ী। আর এগুলো তাপমাত্রা না বাড়িয়ে ঘরকে উজ্জ্বল ও আরামদায়ক রাখে।
পশমি বা উলের তৈরি গালিচা
উল প্রাকৃতিকভাবেই তাপ ধরে রাখে; ঠিক একই ঘটনা ঘটে মেঝের উলের গালিচার ক্ষেত্রেও।
কেন উত্তপ্ত হয়: বসার বা শোবার ঘরের মেঝেতে ভারী উলের কার্পেট থাকলে, ঘরের ভেতরের আর্দ্রতা ও গরম বাতাসকে মেঝের সঙ্গে আটকে রাখে।
বরং গরমের সময় পাট বা চটের তৈরি ‘জুট রাগ’ ব্যবহার করা ভালো। পাটের গালিচা প্রাকৃতিকভাবেই শতভাগ বাতাস চলাচলকারী হওয়ায় এটি তাপ আটকে না রেখে ঘরকে শীতল রাখতে সাহায্য করে।
আরও পড়ুন
