Published : 23 Dec 2025, 02:58 PM
যে কোনো কেনাকাটাতে দামাদামি করাটা স্বাভাবিক বিষয়। তবে রাজধানী ঢাকা শহরে সঠিকভাবে দরদাম করতে না পারলে ঠকতে হতে পারে।
আর যে কোনো দাম নিয়ে বোঝাপড়ার বিষয়টা নির্ভর করে স্থান, সময় এবং আবহাওয়ার ওপর।
এই বিষয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক আঞ্চলিক প্রধান ফকির আকতারুল আলমের অভিজ্ঞতা থেকে জানা যায়, রাজধানীতে দরদাম না শিখলে অর্থনৈতিক চাপ বাড়তে থাকে।
তার পরামর্শ অনুসারে, ঢাকায় দরদামের কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে এই প্রতিবেদন।
প্রথমেই বুঝতে হবে, ঢাকার দরদাম অন্য শহরের মতো নয়। এখানে বিক্রেতারা কৌশলী এবং সুযোগ-সন্ধানী।
ফকির আকতারুল আলম বলেন, “অন্য জায়গায় সাধারণ সূত্র কাজ করে, কিন্তু ঢাকায় শহরের চরিত্র বুঝে চলতে হয়।”
অভিজ্ঞতা থেকে শেখা এখানে সবচেয়ে ভালো উপায়, তবে তা সবসময় সুখকর নয়।
যেমন- তিনি একবার একটি জিন্সের প্যান্ট দেড় হাজার টাকায় কিনেছিলেন। পরে জেনেছেন, সঠিক দরদাম করলে ৫শ’ টাকাতেই পাওয়া যেত।
এমন তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দরদামের দক্ষতা বাড়াতে হয়।
দরদামের মূল চাবিকাঠি হল বিক্রেতাকে বোঝা। কার সঙ্গে দরদাম করছেন, তার ওপর কৌশল নির্ভর করে।
রিকশা ভাড়ায় দরদামের সময় শান্ত থাকুন। রিকশাচালকরা প্রায়ই ভাবেন যে আপনি রাস্তা চেনেন না, তাই ভাড়া বাড়িয়ে বলেন।
আলমের পরামর্শ, “চিৎকার করে লাভ নেই, বরং গন্তব্যের দূরত্ব জেনে শান্তভাবে কথা বলুন।”
উদাহরণ দিয়ে তিনি বলেন, “একবার এক রিকশাচালককে আমার মামা বলেছিলেন, ‘তুমি দ্বিগুণ চাচ্ছ, আমি অর্ধেক বলছি। স্বাভাবিক ভাড়ায় চল, না হলে সময় নষ্ট’- এতে কাজ হয়েছে।”
কাপড়ের দোকানে দরদাম ভিন্ন। শপিং মল বা দোকানের অবস্থানের ওপর দাম নির্ভর করে। কাপড়ের মান জেনে দাম বলতে হয়।
দোকানদার প্রথমে বেশি দাম বললে রাগবেন না, ধৈর্য ধরে আলোচনা করুন। প্রয়োজনে পাশের দোকানে যাওয়ার প্রস্তুতি রাখুন।
আলম বলেন, “ঠাণ্ডা মাথায় দরদাম করলে জয়ী হবেন।”
কাঁচাবাজারে সময় ও আবহাওয়া বিবেচনা করতে হয়। সকালে দাম কম, বিকালে বাড়ে। বৃষ্টির দিনে দাম বেড়ে যায়।
সুপারশপে দরদামের সুযোগ কম, তাই সেখানে তুলনামূলক কেনাকাটা করুন। মানে, একইরকম অনেকগুলো পণ্য থাকে সেগুলোর মধ্যে থেকে সুবিধাজনক মূল্যের পণ্য বেছে নিতে হবে।
দরদামকে স্বাভাবিকভাবে নিন। অনেকে এতে বিরক্ত হন, তবে ঢাকায় এটি জীবনের অংশ। যেমন- ট্রাফিক জ্যাম সহ্য করা।
ফকির আকতারুল আলমের কথায়, “দরদাম ক্লান্তিকর, তবে মেনে নিলে জীবন সহজ হয়।”
ঢাকায় টিকে থাকতে দরদামের এই কৌশলগুলো অনুসরণ করলে অর্থ সাশ্রয় হওয়ার সম্ভাবনা বাড়বে।
আরও পড়ুন
ভোটার এলাকা পরিবর্তন করবেন যেভাবে