এক চিমটি লবণেই সমাধান
জানা থাকলে লবণ দিয়ে নানান সমস্যা সমাধান করা যায়।
শুধু খাবারের স্বাদের জন্য নয় লবণ এমন কিছু কাজে লাগে যা হয়ত রয়েছে অজানা।
ঘরদোর পরিষ্কার রাখা থেকে শুরু করে পোশাকের রং স্থায়ী করা কিংবা স্বাস্থ্য সুরক্ষায়ও লবণের রয়েছে নানান ব্যবহার।
বিশেষজ্ঞরা বলেন, লবণ শুধু স্বাদের উপাদান নয়- এটি প্রাকৃতিকভাবে জীবাণুনাশক, দাগ ওঠানো ও সংরক্ষণের কাজে লাগে।
বাসনপত্র ঝকঝকে
কফি বা চায়ের দাগ, গ্লাসে লিপস্টিকের চিহ্ন কিংবা ক্রিস্টাল গ্লাসে ঘোলাটে ভাব— এসব দূর করতে লবণ দারুণ কার্যকর।
এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জীবনযাপন-বিষয়ক লেখক লিসা মিলব্র্যান্ড বলেন, “হালকা ভেজা কাপড়ে সামান্য লবণ নিয়ে ঘষলে দাগ চলে যায়। বিশেষ করে কাচ বা ক্রিস্টালে দাগ দূর করতে লবণ ও পানি মিশিয়ে পেস্ট বানিয়ে কিছুক্ষণ রেখে দিলে সহজেই ময়লা উঠে যায়। তবে খুব নরম পৃষ্ঠে বেশি ঘষা থেকে বিরত থাকা দরকার, কারণ লবণের দানা দাগ ফেলতে পারে।”
ত্বকের প্রাকৃতিক স্ক্রাব
চিনির স্ক্রাব ত্বকের মৃতকোষ দূর করে। তবে লবণও একইভাবে কাজ করে। সমপরিমাণ সূক্ষ্ম দানার লবণ ও জলপাইয়ের তেল মিশিয়ে পেস্ট বানালে দারুণ এক্সফোলিয়েটর তৈরি হয়।
চাইলে কয়েক ফোঁটা এসেনশল অয়েল বা শুকনা ভেষজও মেশানো যেতে পারে।
জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টারের প্রধান ও রূপবিশেষজ্ঞ হলেন ফারহানা রুমি এই বিষয়ে বলেন, “সূক্ষ্ম দানার লবণ ত্বক ঘষে পরিষ্কার করতে সাহায্য করে। তবে কাটা-ছেঁড়া বা ত্বকের ক্ষতস্থানে ব্যবহার করা যাবে না, এতে জ্বালা বাড়তে পারে।”
গলা ব্যথায় আরাম
গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে গার্গল করলে গলা ব্যথা বা প্রদাহ কমে। লবণের রয়েছে প্রাকৃতিক জীবাণুনাশক ক্ষমতা, যা ভাইরাস ও ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে লড়াই করে।
গ্লোবাল হেল্থ সাময়িকীতে যুক্তরাষ্ট্রের ‘ট্রিনিটি ইউনিভার্সিটি’র এক গবেষণায় বলা হয়েছে, লবণ পানিতে গার্গল করলে শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত উপসর্গ হ্রাস পায় এবং দ্রুত আরোগ্য লাভ সম্ভব হয়।
কাটিং বোর্ড পরিষ্কার
কাঠের কাটিং বোর্ডে দাগ পড়ে ও জীবাণু জমে থাকে। এটি পরিষ্কার করতে লেবু ও মোটা দানার লবণ ব্যবহার করা যায়।
লেবুর টকভাব আর লবণের শক্তি একসাথে কাজ করে দাগ দূর করে এবং জীবাণু নাশে সাহায্য করে।
দ্রুত পানীয় ঠাণ্ডা করা
“অতিথি এলে পানীয় ঠাণ্ডা করার ঝামেলা থাকে। এক্ষেত্রে বরফ ও পানির সাথে এক মুঠ লবণ মিশিয়ে নিলে পানীয় দ্রুত ঠাণ্ডা হয়”- বলেন লিসা মিলব্র্যান্ড।
কারণ পানির জমাট বাঁধার তাপমাত্রা কমিয়ে দেয় লবণ।
নতুন পোশাকের রং স্থায়ী রাখা
নতুন জিন্স বা রঙিন জামা ধোয়ার সময় আশপাশের কাপড়ে রং ছড়ানো খুবই সাধারণ সমস্যা। এই সমস্যা সমাধানে লবণ কাজে দেয়।
এক গ্যালন পানিতে আধা কাপ লবণ মিশিয়ে নতুন পোশাক কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখলে রং স্থায়ী হয়। একইভাবে পুরানো পোশাকের ফ্যাকাশে রংও আবার কিছুটা প্রাণ ফিরে পায়।
পোকামাকড় প্রতিরোধ
পোকামাকড় প্রতিরোধেও ব্যবহার হয় লবণ। এর রয়েছে পানিশূন্য করার ক্ষমতা। যা পিঁপড়ের মতো ক্ষুদ্র পোকাকে দূরে রাখে। তাই দরজা বা জানালার কোণে লবণের রেখা দিলে পিঁপড়ে ঘরে ঢোকে না।
রান্নাঘরের তেলজাতীয় আগুন নেভানো
চুলায় তেল থেকে আগুন লাগলে অনেকে পানি ঢালার চেষ্টা করেন, যা বিপজ্জনক। পানি ঢাললে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে।
এ সময় প্রচুর লবণ ছিটিয়ে দিলে আগুন দমে যায়। কারণ লবণ আগুনের অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়।
আরও পড়ুন
