হজে গিয়ে যেসব নিয়ম না জানলে সমস্যা হতে পারে
এবার হজে গিয়ে সেলফি তোলা সম্ভব হবে না।
১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ৩০ জুন।
এবারের হজে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং জননিরাপত্তা বিভাগ বেশ কিছু কড়া নিয়ম জারি করেছে, যেগুলো অনেক হজযাত্রী-ই হয়ত এখনও জানেন না।
এই বিষয়ে অভিজ্ঞতার ভিত্তিতে পরামর্শ দিয়েছেন সাংবাদিক ফেরদৌস ফয়সাল।
মসজিদুল হারাম অর্থাৎ মক্কার পবিত্র মসজিদ এবং মদিনার মসজিদে নববীর ভেতরে যে কোনো ধরনের ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ।
কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সেলফি তোলা, ভিডিও করা বা লাইভ স্ট্রিমিং— এর কোনোটাই আর করা যাবে না।
জাবালে নূর, জাবালে সাওর, মসজিদে কুবা— এই ঐতিহাসিক স্থানগুলোতে যাওয়ার আকাঙ্ক্ষা প্রতিটি হজযাত্রীর। ইসলামের ইতিহাসের সঙ্গে সরাসরি সংযুক্ত এই জায়গাগুলো এবারও জিয়ারত করা যাবে। হজ এজেন্সির অধীনে গ্রুপভিত্তিক যাতায়াতকে উৎসাহিত করা হচ্ছে। বিশেষত জাবালে নূর ও জাবালে সাওরে আরোহণের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা মানতে হবে, শারীরিক সক্ষমতাও যাচাই করা হতে পারে।
নুসুক কার্ড ছাড়া এক পাও এগোনো যাবে না
এবার হজে একটি নতুন বাস্তবতার মুখোমুখি হবেন— সেটা হল ‘নুসুক কার্ড’। ডিজিটাল ও ফিজিক্যাল দুই রূপেই এই কার্ড প্রতিটি হজযাত্রীর কাছে থাকা বাধ্যতামূলক।
মক্কা থেকে মদিনা, মিনা থেকে আরাফাত, মুজদালিফা— প্রতিটি চেকপোস্টে এই কার্ড দেখাতে হবে। কার্ড না থাকলে চেকপোস্ট পার হওয়া সম্ভব হবে না।
মদিনায় রওজা শরীফে জিয়ারতের ক্ষেত্রে নিয়মটা আরও নির্দিষ্ট। নুসুক অ্যাপের মাধ্যমে আগে থেকে স্লট বুক করতে হবে। সেই পারমিট না থাকলে রওজা শরীফে প্রবেশের কোনো সুযোগ নেই— এই বিষয়ে কোনো ছাড় নেই।
তাই হজে রওনার আগেই নুসুক অ্যাপ ডাউনলোড করুন, পারমিট নিশ্চিত করুন এবং কার্ড সঙ্গে রাখুন।
তীব্র গরমে সুস্থ থাকুন— দিনের বেলা বাইরে না থাকাই ভালো
নিয়মকানুনের পাশাপাশি শরীরের দিকেও মনোযোগ দিতে হবে। এবারের হজে তাপমাত্রা অত্যন্ত বেশি হওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
সকাল ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে খোলা জায়গায় দীর্ঘক্ষণ না থাকার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এই সময়ে পায়ে হেঁটে দর্শনীয় স্থান না দেখাই নিরাপদ হবে।
পর্যাপ্ত পানি পানের পাশাপাশি ছাতা ব্যবহার করা উপকারী হবে।
হজে যাওয়ার আগে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জাসহ নির্ধারিত সব টিকার ডিজিটাল সনদ সঙ্গে রাখতে হবে— এটাও বাধ্যতামূলক।
আরও পড়ুন
