Published : 19 Feb 2026, 02:07 PM
রোজায় দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন এবং খনিজ নিশ্চিত করা বিশেষভাবে প্রয়োজন।
তাই রোজার শুরুতেই ফ্রিজে সবজি ডিপ করে রাখলে- সময় বাঁচায়, অন্যদিকে ইফতার ও সেহরির রান্নার কাজও সহজ হয়।
বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান ও পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলো বলেন, “সঠিকভাবে সবজি ‘ডিপ’ করলে রোজার মাসে জুড়ে স্বাদ এবং পুষ্টিগুণ অক্ষত রাখা সম্ভব।”
আবার রোজার সময়ে বাজারে সবজির সংকট বা দাম বাড়ার বিষয়টি রয়েছে। তাই শুরুতেই কিছু সবজি ফ্রিজে প্রস্তুত রাখা বেশ উপকারী।
যেসব সবজি ডিপ করা যায়
ফ্রিজে ডিপ করার জন্য সবচেয়ে উপযুক্ত সবজি হল- টমেটো, মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, গাজর এবং সালাদ তৈরির পাতাধর্মী সবজি। যেমন- লেটুস, পুদিনা পাতা, পালংশাক, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ।
এই সবজিগুলো নরম এবং শক্ত দুই প্রকারই। তবে সঠিকভাবে প্রস্তুত করলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়।
আখতারুন নাহার আলো বলেন, “মূল বিষয় হল- সবজির আর্দ্রতা কম রাখা এবং পুষ্টিগুণ নষ্ট না হওয়া।”
ডিপ করার পদ্ধতি
সবজি ফ্রিজে রাখার আগে সঠিকভাবে ডিপ করা অত্যন্ত জরুরি। এই পুষ্টিবিদ তিন ধরনের পদ্ধতি বেশি ব্যবহার করার পরামর্শ দেন।
প্রথম পদ্ধতি হল- ভাপ দিয়ে ডিপ করা (স্টিমিং)। হালকা ভাপে সবজি দুতিন মিনিট রাখলে ভিটামিন এবং খনিজ পদার্থের ক্ষয় খুব কম হয়। ভাপানো সবজি ঠাণ্ডা পানিতে ধুয়ে নিলে তা রান্নার জন্য প্রস্তুত থাকে।
‘স্টিমিং’ বা ভাপানো একটি এমন পদ্ধতি যা তাজা সবজির স্বাদ এবং রংকে দীর্ঘদিন ধরে ধরে রাখে।
দ্বিতীয় পদ্ধতি হল- হালকা তেলে ভেজে ডিপ করা (সওতে)। খুব কম তেলে সামান্য ভেজে ফ্রিজে রাখা যায়। এতে স্বাদ বাড়ে এবং কিছু ফ্যাট-ভিটামিনও রক্ষা পায়।
তবে এই আখতারুন নাহার সতর্ক করে বলেন, “অতিরিক্ত তেল ব্যবহার করলে পুষ্টিগুণ কমতে পারে এবং সংরক্ষণকাল সীমিত হতে পারে।”
তৃতীয় পদ্ধতি হল- সবজি খুব অল্প সময়ের জন্য ফুটন্ত পানিতে ডুবিয়ে তারপর দ্রুত ঠাণ্ডা পানিতে ছেড়ে দেওয়া। অর্থাৎ সহজভাবে গরম পানিতে হালকা সেদ্ধ করে সঙ্গে সঙ্গে ঠাণ্ডা করা।
এই পদ্ধতিতে সবজির রং, স্বাদ ও পুষ্টিগুণ বেশিরভাগই অক্ষুণ্ণ থাকে এবং ফ্রিজে সংরক্ষণও ভালো হয়।
ফুলকপি, ব্রকলি, মটরশুঁটি ইত্যাদি সবজি হালকা উষ্ণ পানিতে দুয়েক মিনিট রাখার পর ঠাণ্ডা পানিতে ঢেলে দ্রুত শীতল করলে রং উজ্জ্বল থাকে এবং পুষ্টি কমে না।
এই পদ্ধতি সবজি হালকা সেদ্ধ হওয়ার কারণে রান্নায় সময় বাঁচে, বিশেষ করে রোজার ইফতার ও সেহরির জন্য এটি সুবিধাজনক।
ডিপ করার পাত্র ও সংরক্ষণ
ডিপ করা সবজি সংরক্ষণের জন্য সিল করা কাচের বা ভালো মানের প্লাস্টিকের বাটি ব্যবহার করা ভালো। প্লাস্টিক বাটির ক্ষেত্রে বিপিএ ফ্রি হলে স্বাস্থ্যকর।
বিসফেনল–এ এক ধরনের রাসায়নিক পদার্থ, যা অনেক প্লাস্টিক ও ক্যানজাত খাবারের আবরণ তৈরিতে ব্যবহৃত হয়। কিছু প্লাস্টিক পাত্র থেকে এই বিপিএ খাবার বা পানিতে মিশে যেতে পারে।
এই বিশেষজ্ঞ বলেন, “আলাদা আলাদা সবজির জন্য আলাদা পাত্রে সংরক্ষণ করলে প্রয়োজন অনুযায়ী নেওয়া সহজ হয় এবং সংক্রমণের ঝুঁকি কমে।”
সালাদ বা পাতাযুক্ত সবজি ভালোভাবে ধুয়ে ভিজে না থাকা অবস্থায় ফ্রিজে রাখা উচিত। কারণ অতিরিক্ত আর্দ্রতা পচনের কারণ হতে পারে- বলে মন্তব্য করে এই পুষ্টিবিদ।
ফ্রিজে ডিপ করা সবজি ইফতারে ভাজি, সালাদ, হালকা স্যুপ বা কারিতে সহজেই ব্যবহার করা যায়।
আরও পড়ুন