২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশিয়ায় ‘বৈবাহিক ধর্ষণ’ বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি, বলছে গবেষণা

বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার একটি বড় অংশ এখনও সেই তিন ডজন দেশের তালিকায় রয়ে গেছে যারা বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়নি।

দক্ষিণ এশিয়ায় ‘বৈবাহিক ধর্ষণ’ বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি, বলছে গবেষণা

ছবি: বিবিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 11:34 PM

Updated : 27 Nov 2026, 11:34 PM

‘বৈবাহিক ধর্ষণকে’ অপরাধ হিসেবে গণ্য না করায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮টি দেশের লাখ লাখ নারী ও মেয়ে ঝুঁকিতে বা অরক্ষিত অবস্থায় রয়েছে। এসব দেশগুলোতে সঙ্গীদের দ্বারা নারীদের সহিংসতার শিকার হওয়ার হার বৈশ্বিক গড়ের তুলনায় অন্তত ৩৫ শতাংশ বেশি।

সম্প্রতি দক্ষিণ এশিয়া অঞ্চলের নারী অধিকার সংগঠনগুলোর জোট ‘সমাজ’ এর পরিচালিত এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে।

গবেষণা প্রতিবেদনের বরাতে শুক্রবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ১০০টিরও বেশি দেশ বৈবাহিক ধর্ষণকে বেআইনি ঘোষণা করলেও বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার একটি বড় অংশ এখনও সেই তিন ডজন দেশের তালিকায় রয়ে গেছে যারা বৈবাহিক এটিকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়নি। নেপাল ও ভুটান বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করলেও এ ক্ষেত্রে শাস্তি তুলনামূলক লঘু।

তবে দক্ষিণ এশিয়া অঞ্চলের একমাত্র দেশ মালদ্বীপ, যেখানে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রেও অন্য যে কোনো ধর্ষণের সমান শাস্তির বিধান রয়েছে।

‘সমাজ’-এর অন্তর্ভুক্ত বৈশ্বিক নারী অধিকার সংস্থা ‘ইকুয়ালিটি নাও’ এর রঞ্জিতা সিলওয়াল বলেন, “দক্ষিণ এশিয়ার বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত আইনগুলোর মূল শিকড় মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল থেকে এসেছে।”

Image

ছবি: আল জাজিরা।

ভারত ও বাংলাদেশে ১৮৬০ সালের এবং শ্রীলঙ্কায় ১৮৮৫ সালের প্রণীত আইনে ধর্ষণের ব্যতিক্রমগুলোর তালিকায় একজন পুরুষের তার প্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অধিকারকর্মীরা বলছেন, এই আইনটি সেকেলে এবং অপরাধী যেই হোক না কেন, জোরপূর্বক যে কোনো যৌন সম্পর্কই ধর্ষণ। কারণ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বৈবাহিক যৌন সহিংসতা নারীদের শারীরিক, মনস্তাত্ত্বিক, মানসিক এবং যৌন সুস্থতার মারাত্মক ক্ষতি করে।

গবেষণায় বলা হয়, যুক্তরাজ্যসহ ১০০টিরও বেশি দেশ বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করেছে। কিন্তু ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে এই আইনি ছাড় বা ব্যতিক্রম এখনো বহাল আছে। অন্যদিকে ২০২১ সালে পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে তালেবানরা আফগানিস্তানে নারীদের সুরক্ষা ব্যবস্থাগুলো ক্রমাগত ভেঙে ফেলেছে।

রঞ্জিতা সিলওয়াল বলেন, “আফগানিস্তানে গত জানুয়ারিতে প্রবর্তিত একটি নতুন দণ্ডবিধি পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলেছে। এর অধীনে, কোনো স্বামীকে তার স্ত্রীর বিরুদ্ধে সহিংসতার দায়ে কেবল তখনই বিচারের আওতায় আনা যাবে, যদি তিনি স্ত্রীর হাড় ভেঙে দেন বা শরীরে কোনো ক্ষত তৈরি বা গুরুতর জখম করেন। এমনকি দোষী সাব্যস্ত হলেও তার সর্বোচ্চ মাত্র ১৫ দিনের কারাদণ্ড হতে পারে।

অবাক হওয়ার কিছু নেই যে, ওই দণ্ডবিধিতে বৈবাহিক ধর্ষণের কোনো উল্লেখ নেই। তবে শাস্তিযোগ্য সহিংসতার এই সংকীর্ণ সংজ্ঞা কার্যত নারীদের এর বিরুদ্ধে সুরক্ষা পাওয়া থেকে বঞ্চিত করে।

Image

ছবি: দ্য হিন্দু।

বিবিসিকে রঞ্জিতা বলেন, “আফগানিস্তানে এই ধারণাটি এমন বিশ্বাস থেকে এসেছে, যেখানে বলা হয় বিয়ের প্রথার মধ্যেই সব নারীর একধরনের যৌন সম্মতি থাকে। অর্থাৎ বিয়ে এমন একটি সীমানা যেখানে যৌন সম্পর্কের ক্ষেত্রে নারীর সম্মতির প্রশ্ন শেষ হয়ে যায়। তবে এটি সচেতনতার অভাবকেই ফুটিয়ে তোলে। এ প্রথা প্রমাণ করে যে, আমরা এখনো নারীদের সম্পত্তি হিসেবে বিবেচনা করছি এবং আমরা এখনো চরমভাবে পিতৃতান্ত্রিক।”

ভারতে এই আইনকে চ্যালেঞ্জ করে দায়ের করা ১০টি পিটিশন দেশটির সুপ্রিম কোর্টে এখনো বিচারাধীন; যার চূড়ান্ত শুনানি আগামী ৯ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে।

যদিও বিগত বছরগুলোতে ভারতের আদালতগুলো এ বিষয়ে পরস্পরবিরোধী রায় দিয়েছে দাবি করে প্রতিবেদনে বলা হয়, কিছু বিচারক আইনটির সেকেলে প্রকৃতির কথা স্বীকার করে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার জন্য সংসদের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত বছর একটি আদালত নৃশংসভাবে ধর্ষণের পর স্ত্রী মারা যাওয়ার ঘটনায় অভিযুক্ত এক স্বামীকে খালাস দিলে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তবে ভারত সরকার, ধর্মীয় সংগঠন এবং পুরুষ অধিকার কর্মীরা শীর্ষ আদালতে দায়ের করা পিটিশনগুলোর বিরোধিতা করে বলেছেন, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হলে তা ‘বেশি কঠোর’ হয়ে যাবে।

বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলোও বৈবাহিক ধর্ষণের এই আইনি ব্যতিক্রমকে চ্যালেঞ্জ জানিয়েছে। তাদের যুক্তি, এটি সংবিধানে দেওয়া জীবনের অধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতন ও নিষ্ঠুর আচরণ থেকে সুরক্ষার অধিকারকে লঙ্ঘন করে।

রঞ্জিতা সিলওয়াল বলেন, “যারা বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার বিরোধিতা করেন, তারা বলেন এটি পারিবারিক কাঠামোকে দুর্বল করবে এবং পরিবার ভেঙে দেবে। আর আমাদের দেশগুলোতে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন এটি আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রভাবিত করবে এবং পুরুষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের আশঙ্কা তৈরি হবে।”

তার মতে, কেবল আইনের পরিবর্তনই ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত নাও করতে পারে। উদাহরণ হিসেবে রঞ্জিতা ভুটানের কথা উল্লেখ করেন, যেখানে বৈবাহিক ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ হলেও সেটিকে লঘু অপরাধ হিসেবে গণ্য করা হয়। কারণ এর শাস্তি মাত্র এক মাস থেকে এক বছর পর্যন্ত কারাদণ্ড।

অন্যদিকে নেপালে সাধারণ ধর্ষণের শাস্তি ৬ থেকে ২০ বছরের কারাদণ্ড হলেও, কোনো স্বামী তার স্ত্রীকে ধর্ষণ করলে শাস্তি সর্বোচ্চ মাত্র পাঁচ বছর।