নিজের সমালোচক সত্তাকে নিয়ন্ত্রণের পন্থা
নিজের প্রতি ক্ষোভ ও কঠোর সমালোচনা দূর করতে রয়েছে সহজ মানসিক কৌশল!
যেকোনো ছোটখাটো ভুল বা ব্যর্থতার পর মনের ভেতর নিজের প্রতি এক ধরনের তীব্র অসন্তুষ্টি বা নেতিবাচক চিন্তা দানা বেঁধে ওঠা খুবই সাধারণ একটি মানসিক প্রবৃত্তি।
জীবনের ভালো অর্জনগুলোকে মনে করার জন্য ভেতর থেকে যে ‘উজ্জীবনী শক্তি’ বা অনুপ্রেরণা পাওয়ার কথা, তার চেয়ে নিজের ত্রুটি খুঁজে বের করা ‘ভেতরের কঠোর সমালোচক’ সত্তা অনেক সময় বেশি শক্তিশালী হয়ে ওঠে।
মানুষ প্রাকৃতিকভাবে নিজের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করতে না চাইলেও, অবচেতনে এই সমালোচকের কণ্ঠস্বরই সবসময় বেশি জোরে শোনা যায়।
জীবনযাপন ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে মনোবিদরা জানিয়েছেন, এটি মানুষের কোনো ব্যক্তিগত অক্ষমতা নয়, বরং মানব মস্তিষ্কের এক আদিম ও প্রাকৃতিক বিবর্তনীয় সুরক্ষাকৌশল।
ভেতরের সমালোচক কেন এত বেশি শক্তিশালী?
যুক্তরাষ্ট্রের কনকর্ড কাউন্সেলিং অ্যাসোসিয়েটসের ট্রমা থেরাপিস্ট ও হার্ভার্ডের সাবেক ফেলো ড. রে জুনকো প্রতিবেদনে ব্যাখ্যা করেন, “মানুষের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম প্রাকৃতিকভাবেই কোনো ভালো প্রশংসা মনে রাখার চেয়ে যেকোনো সম্ভাব্য বিপদ বা হুমকি শনাক্ত করাকে বেশি প্রাধান্য দেয়।”
তিনি বলেন, “আদিম যুগে একটি বিপদ এড়ানো যেমন জীবন বাঁচানোর জন্য জরুরি ছিল, একটি প্রশংসা হাতছাড়া হওয়া ততটা ঝুঁকিপূর্ণ ছিল না। ফলে এই অভ্যন্তরীণ সমালোচকটি মস্তিষ্কের সবচেয়ে পুরানো ও আদিম অংশ ‘অ্যামিগডালা’র সঙ্গে সরাসরি যোগাযোগের একটি শর্টকাট লাইন পেয়ে গেছে, যা অনুপ্রেরণাদায়ী অংশের নেই।"
যুক্তরাষ্ট্রের মাভিদা হেলথের সহ-প্রতিষ্ঠাতা ও মনোবিদ ডা. সারাহ ওরেক বলেন, “শৈশবে মা-বাবা বা চারপাশের মানুষের কড়া সমালোচনাগুলো মানুষের অবচেতন মনে ভয়ের সংকেত হিসেবে জমা হয়ে থাকে। বড় হওয়ার পরও যখনই কোনো ভুল হয়, মস্তিষ্ক সেই পুরনো যন্ত্রণাদায়ক আবেগকে একই তীব্রতায় জাগিয়ে তোলে, যাকে সাধারণ মানুষ আত্মবিশ্বাসের অভাব বলে মনে করেন।”
নিজের আত্মলোচনা শান্ত করার ৪ উপায়
মস্তিষ্কের এই নেতিবাচক গতিপথ পরিবর্তন করে নিজের ভেতরের ইতিবাচক শক্তিকে জাগিয়ে তুলতে বিশেষজ্ঞরা ৪টি নিয়ম অনুশীলনের পরামর্শ দিয়েছেন।
নেতিবাচক চিন্তা চিহ্নিত করা এবং তথ্যের ভারসাম্য আনা
মনস্তত্ত্বে ‘নেগেটিভিটি বায়েস’ বা নেতিবাচকতার পক্ষপাতের কারণে মানুষের মগজ নিজের সাফল্যগুলোকে খুব ছোট করে দেখে।
যুক্তরাষ্ট্রের ‘দ্য ওহানা লাক্সারি অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টার’-এর ক্লিনিক্যাল পরিচালক ক্রিস্টা ওয়াকার বলেন, “যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, তা এড়িয়ে না গিয়ে একটি ডায়েরিতে সঙ্গে সঙ্গে লিখে ফেলা উচিত এবং সেটির সপক্ষে বাস্তব কোনো প্রমাণ আছে কি না তা যাচাই করা উপকারী।”
ডা. ওরেক এর প্রতিকারে ফোনের নোটপ্যাডে নিজের প্রতিদিনের ছোট ছোট ভালো কাজ বা অর্জনের একটি ‘ব্র্যাগ ফাইল’ বা রানিং নোট রাখার পরামর্শ দেন।
এটি মস্তিষ্ককে কাল্পনিক ভয়ের বদলে বাস্তব ও ভারসাম্যপূর্ণ তথ্য সরবরাহ করে আত্মবিশ্বাস বাড়ায়।
শ্বাসের ব্যায়াম
ভেতরের সমালোচক অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠার কারণ হল, শরীর ‘ফাইট-অর-ফ্লাইট’ বা ‘হয় বাঁচ নয় মর’ এরকম অদৃশ্য মেজাজে রয়েছে।
ড. রে জুনকো এই মেজাজ থেকে বের হতে ‘ভেন্ট্রাল ভাগাল স্টেট’ বা স্নায়ুতন্ত্রের নিরাপদ সামাজিক স্তরে ফিরে যাওয়ার জন্য ‘বক্স ব্রিথিং’ করার পরামর্শ দেন।
এই পদ্ধতিতে নিঃশ্বাস নেওয়ার চেয়ে ছাড়ার সময় বেশি দীর্ঘ করতে হয়।
চোখ বন্ধ করে কয়েকবার গভীর শ্বাসের এই কসরত মস্তিষ্ককে শান্ত করে এবং চিন্তার তীব্র নেতিবাচক বা নিম্নমুখী চক্রকে থামিয়ে দেয়।
সমালোচকের কণ্ঠস্বরকে একটি কাল্পনিক নাম দেওয়া
নিজের নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে নিজের মূল অস্তিত্ব থেকে আলাদা করা মানসিক শান্তির জন্য জরুরি।
ডা. সারাহ ওরেক বলেন, “যখনই কোনো সমালোচনার চিন্তা মাথায় আসবে, তখন মনে মনে সেটিকে একটি আলাদা নাম দিয়ে লেবেল করা উচিত। যেমন ‘এটি আমার ভেতরের সমালোচক কথা বলছে’।”
চিন্তার সঙ্গে নিজের এই দূরত্বের কারণে ওই নেতিবাচক ভাবনার তীব্র মানসিক ও আবেগীয় চাপ এক ধাক্কায় অনেক কমে যায়।
আত্ম-সহানুভূতি বা নিজের প্রতি দয়াশীল হওয়া
মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, মানুষ তার পরম বন্ধুদের বিপদে বা ভুলের ক্ষেত্রে যেভাবে সান্ত্বনা ও ক্ষমাশীল দৃষ্টিভঙ্গি দেখায়, নিজের ভুলের ক্ষেত্রে তার বিন্দুমাত্র দেখায় না।
ডা. ওরেক, এক্ষেত্রে একটি মনস্তাত্ত্বিক কৌশলের কথা জানিয়েছেন। যখনই কোনো নেতিবাচক চিন্তা মনকে আচ্ছন্ন করবে, তখন নিজেকে প্রশ্ন করা উচিত— ‘এই একই ভুল যদি কাছের বন্ধু করত, তবে কি আমি তাকে এই কুৎসিত কথাগুলো বলতাম?”
যদি উত্তর ‘না’ হয়, তবে ঠিক যেভাবে একজন প্রিয় বন্ধুকে সান্ত্বনা দেওয়া হত, নিজের মনকেও ঠিক সেই একই ক্ষমার বাক্যে বোঝানো অত্যন্ত উপকারী।
নিজের ভেতরের এই সমালোচককে জোর করে দমন করা বা উপেক্ষা করা অনেক সময় এটিকে আরও বেশি শক্তিশালী করে তোলে।
তাই একে নিজের একটি স্বাভাবিক অংশ হিসেবে মেনে নিয়ে, সচেতন অনুশীলনের মাধ্যমে এর ক্ষতিকর তীব্রতা কমিয়ে নিজের ভেতরের আত্মবিশ্বাসকে সুযোগ দেওয়াই দীর্ঘমেয়াদী মানসিক সুস্থতার একমাত্র বৈজ্ঞানিক উপায়।
আরও পড়ুন
