Published : 02 Feb 2026, 05:49 PM
রান্নার সময়ে বা বন্ধুদের আড্ডায় খাবার খেতে বসে হঠাৎ তেলের ছিটা পড়ে গেল পোশাকে। এমন অবস্থায় অনেকেই মনে করেন তেলের দাগ মানেই পোশাক নষ্ট।
আর এ ভাবনা থেকে পোশাকটি ফেলেও দেন কেউ কেউ। তবে সঠিক পদ্ধতি জানা থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই তেলের দাগ দূর করা সম্ভব।
“তেলের দাগ যত দ্রুত পরিষ্কার করা যায়, তত সহজে কাপড়কে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। তবে পুরানো দাগও সঠিক উপায়ে পরিষ্কার করা যায়, যদিও একটু বেশি সময় লাগে” মন্তব্য করেন ‘ব্যান্ড বক্স’ সাভার শাখার ব্যবস্থাপক রিপন মিয়া।
পরিষ্কার শুরু করার আগে যা জানা জরুরি
দাগ তুলতে যাওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখা দরকার।
“প্রথমত, কাপড়ের ধরন গুরুত্বপূর্ণ। রেশম, উল বা অতিরিক্ত কোমল কাপড় হলে বাড়িতে পরিষ্কার না করে পেশাদার পরিষ্কারক প্রতিষ্ঠানে দেওয়াই নিরাপদ”- পরামর্শ দেন রিপন মিয়া।
এছাড়া দাগ কোন ধরনের তেল থেকে হয়েছে তাও জানা দরকার। রান্নার তেল তুলনামূলক সহজে উঠলেও যন্ত্রপাতির তেল তুলতে বেশি সময় ও যত্ন লাগে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল- দাগ কত পুরোনো। নতুন দাগ তুলনামূলক সহজে ওঠে। তবে অনেক দিন ধরে পড়ে থাকা দাগ কাপড়ের আঁশে শক্তভাবে বসে যায়।
নতুন তেলের দাগ দূর করার সহজ পদ্ধতি
নতুন দাগ পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়াই সবচেয়ে ভালো। প্রথমে কাপড়ের ওপর জমে থাকা অতিরিক্ত তেল হালকা কাপড় বা টিস্যু দিয়ে আলতোভাবে শুষে নিতে হবে। ঘষা যাবে না।
এরপর বাসন পরিষ্কারের তরল সাবান দাগের ওপর লাগিয়ে আঙুল বা নরম ব্রাশ দিয়ে আলতো করে ঘষতে হবে।
কিছুক্ষণ অপেক্ষা করলে সাবান তেল ভাঙতে শুরু করে। তারপর গরম পানি দিয়ে ধুয়ে দেখতে হবে দাগ উঠেছে কি না।
“না উঠলে একই পদ্ধতি আবার করতে হবে” বলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত।
এরপর কাপড় নির্দেশনা অনুযায়ী ধুয়ে নেওয়া যায়। তবে ধোয়ার পর সরাসরি যন্ত্রে শুকাতে দেওয়া ঠিক নয়। প্রথমে বাতাসে শুকিয়ে দেখে নিতে হবে দাগ পুরোপুরি গেছে কি-না।
যন্ত্রে শুকালে দাগ কেন স্থায়ী হয়ে যায়
অনেকে দাগ না দেখেই কাপড় শুকানোর যন্ত্রে দেওয়া হয়। এতে তাপের কারণে তেলের দাগ কাপড়ের সঙ্গে আরও শক্তভাবে লেগে যায়।
ফলে পরে দাগ তোলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই নিশ্চিত না হওয়া পর্যন্ত বাতাসে শুকানোই নিরাপদ।
পুরানো তেলের দাগ দূর করার কৌশল
অনেক সময় কাপড় ধোয়ার পর দেখা যায় দাগ রয়ে গেছে। এক্ষেত্রে একটু ভিন্ন পদ্ধতি অনুসরণ করা যায়।
দাগের ওপর সামান্য পরিমাণ অক্সিজেনযুক্ত পরিষ্কারক তরল ঢেলে তার ওপর বেইকিং সোডা ছিটিয়ে দিতে হয়। এরপর নরম ব্রাশ বা পুরানো টুথব্রাশ দিয়ে আলতোভাবে ঘষতে হবে।
এই প্রক্রিয়াতে দাগের ভেতরের তেল আলগা হয়ে আসে। এরপর গরম পানি দিয়ে ধুয়ে আবার পরীক্ষা করতে হবে। প্রয়োজনে একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করা যায়।
জিন্স বা মোটা কাপড়ের ক্ষেত্রে করণীয়
জিন্সের মতো মোটা কাপড়ে তেলের দাগ পড়লে প্রথমে অতিরিক্ত তেল মুছে ফেলতে হয়। এরপর দাগের ওপর বেইকিং সোডা ছিটিয়ে কয়েক ঘণ্টা রেখে দিতে হয়, যাতে তেল শুষে নেয়।
“পরে গুঁড়া ঝেড়ে ফেলে সাবান ও পানি দিয়ে দাগ পরিষ্কার করা যায়। এক্ষেত্রেও শুকানোর আগে নিশ্চিত হতে হবে দাগ গেছে কি-না” বলেন তাসমিয়া জান্নাত
গরম পানি নাকি ঠাণ্ডা পানি কোনটি ভালো
সাধারণভাবে তেলের দাগ তুলতে গরম পানি বেশি কার্যকর। কারণ গরম পানি তেল ভাঙতে সাহায্য করে। তবে সব কাপড় গরম পানি সহ্য করতে পারে না।
তাই কাপড়ের লেবেলে কী নির্দেশনা রয়েছে, তা আগে দেখে নেওয়া জরুরি। ঠাণ্ডা পানিতে ধোয়ার নির্দেশ থাকলে সেটাই অনুসরণ করতে হবে।
বাড়িতে থাকা উপকরণ যে কারণে কার্যকর
বাসন ধোয়ার সাবান তেল ভাঙার জন্যই তৈরি। তাই কাপড়ের তেলের দাগ দূর করতেও এটি ভালো কাজ করে।
একইভাবে বেইকিং সোডা তেল শোষণ করে এবং অক্সিজেনযুক্ত তরল দাগ আলগা করতে সাহায্য করে। এ ধরনের তরল বিভিন্ন সুপারশপে সহজেই পাওয়া যাবে।
দাগ পড়া এড়াতে কিছু সতর্কতা
রান্না করার সময় বা খাওয়ার সময় হালকা রংয়ের পোশাক পরে থাকলে সতর্ক থাকা ভালো। রান্নাঘরে এপ্রোন ব্যবহার করলে কাপড় রক্ষা পায়।
এছাড়া দাগ পড়ামাত্র পরিষ্কার করলে পরবর্তী ঝামেলা এড়ানো যায়।
আরও পড়ুন