২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্সটাগ্রামে ‘লিংক ইন বায়ো’ খুঁজে পাওয়ার উপায়

‘লিংক ইন বায়ো’ কেবল একটি প্রযুক্তিগত শব্দ নয়, বরং ইন্সটাগ্রাম ব্যবহারের একটি কার্যকর কৌশল।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 01:36 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

ইন্সটাগ্রামে ছবি বা ভিডিও দেখেই অনেক সময় মনে হয়, এর পেছনের গল্পটা যদি জানা যেত! এমন মুহূর্তে চোখে পড়ে পরিচিত একটি বাক্য— বিস্তারিত জানতে লিংক ইন বায়ো দেখুন।

তবে অনেক ব্যবহারকারী জানেনই না - লিংকটি আসলে কোথায় থাকে বা কীভাবে সেখানে পৌঁছাতে হয়। ফলে দরকারি লেখা, রেসিপি কিংবা গুরুত্বপূর্ণ তথ্য থাকার পরও সেগুলো আর পড়া হয়ে ওঠে না।

‘লিংক ইন বায়ো’ কেবল একটি প্রযুক্তিগত শব্দ নয়, বরং ইন্সটাগ্রাম ব্যবহারের একটি কার্যকর কৌশল।

এটি ঠিকভাবে বুঝে নিতে পারলে তথ্য খোঁজা যেমন সহজ হয় তেমনি নিজের কাজ বা উদ্যোগও অন্যদের কাছে পৌঁছে দেওয়া যায় আরও ঝমেলাহীন।

‘লিংক ইন বায়ো’ বলতে কী বোঝায়

ইন্সটাগ্রামে কোনো ছবি বা ভিডিওর নিচের লেখায় সাধারণত এমন লিংক থাকে না, যেখানে চাপ দিলে সরাসরি অন্য কোনো ওয়েবসাইট খুলে যাবে।

এর পেছনে রয়েছে ইন্সটাগ্রামের নিজস্ব নীতিমালা। ব্যবহারকারীকে অ্যাপের ভেতরেই ধরে রাখাই এর উদ্দেশ্য।

রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির ‘ডিজিটাল হেল্থ অ্যান্ড ওয়েলনেস’- বিষয়ক সম্পাদক ম্যাগি সিভার বলেন, “এই সীমাবদ্ধতার কারণেই ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো তাদের প্রোফাইলের পরিচিতি অংশে একটি লিংক যুক্ত করে রাখে। এই লিংক-ই পরিচিত ‘লিংক ইন বায়ো’ নামে। এখানে চাপ দিলে সংশ্লিষ্ট ওয়েবসাইট, পূর্ণ লেখা, পণ্যের বিস্তারিত বা অতিরিক্ত তথ্য পাওয়া যায়। অর্থাৎ ছবির সঙ্গে যে গল্পের আভাস দেওয়া হয়, তার পূর্ণ রূপ লুকিয়ে থাকে বায়োর ওই লিংকে।”

কেন পোস্টে লিংক না দিয়ে বায়োতে দেওয়া হয়

ম্যাগি সিভারের ভাষায়, “ইন্সটাগ্রামের কাঠামোর কারণে পোস্টের লেখায় থাকা লিংক কার্যকর হয় না। এতে ব্যবহারকারীরা বিভ্রান্ত হন এবং প্রয়োজনীয় তথ্যে পৌঁছাতে পারেন না। এই সমস্যার সমাধান হিসেবেই বায়োতে লিংক যুক্ত করার সুযোগ রাখা হয়। এতে একদিকে ইন্সটাগ্রাম তার নীতিমালা বজায় রাখতে পারে, অন্যদিকে ব্যবহারকারীরাও একটি নির্দিষ্ট পথ ধরে প্রয়োজনীয় তথ্যে পৌঁছাতে পারেন।”

নিজের প্রোফাইলে লিংক যোগ করবেন যেভাবে

নিজের লেখা, কাজ বা কোনো উদ্যোগ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চাইলে বায়োতে লিংক যোগ করা বেশ কার্যকর একটি উপায়।

নিজের প্রোফাইলে ঢুকে ছবির নিচে থাকা প্রোফাইল সম্পাদনার অপশনে যেতে হয়। সেখানে আলাদা করে লিংক যোগ করার জায়গা থাকে।

সেখানে ঠিকানা বসিয়ে সংরক্ষণ করলেই সেটি বায়োতে দেখা যাবে।

একাধিক লিংক যোগ করার সুযোগও রয়েছে। এতে একটি জায়গা থেকেই নানান তথ্যের পথ খুলে দেওয়া সম্ভব।

তবে এই পরিবর্তনগুলো সাধারণত মোবাইল অ্যাপ ব্যবহার করেই করতে হয়।

লিংক ইন বায়ো যেভাবে কাজে লাগানো যায়

‘লিংক ইন বায়ো’ কেবল লেখা পড়ার মাধ্যম নয়, এটি নিজের পরিচিতি ও কাজ তুলে ধরার একটি কার্যকর মাধ্যম।

কেউ যদি নিজের লেখা, ছবি, সেবা বা উদ্যোগের কথা জানাতে চান, তাহলে বায়ো’র লিংক হতে পারে এর কেন্দ্রবিন্দু। এর মাধ্যমে মানুষ সহজেই অন্য একটি পাতায় গিয়ে বিস্তারিত জানতে পারেন।

চাকরির খোঁজে থাকাদের জন্যও এটি কার্যকর হতে পারে। নিজের কাজের নমুনা বা পরিচিতি এক জায়গায় রেখে সেই লিংক বায়োতে দিলে আগ্রহী ব্যক্তি সহজেই যোগাযোগের পথ খুঁজে পান।

কত ঘন ঘন লিংক বদলানো উচিত

এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। প্রয়োজন অনুযায়ী লিংক বদলানো যেতে পারে। নতুন কোনো লেখা বা কাজ সামনে এলে সেটির লিংক যোগ করা যায়, আবার পুরানোটি রেখেও দেওয়া সম্ভব। সবকিছুই নির্ভর করে ব্যবহারকারীর লক্ষ্য ও কৌশলের ওপর।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যমের ত্বক পরিচর্যার রুটিন হতে পারে ক্ষতিকর

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ চিহ্নিত করার পন্থা

ক্লান্তির কারণ হতে পারে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম