২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শখের চর্চায় বাড়বে ডোপামিন

আনন্দ অনুভূতির জন্ম দেয় হরমোন ‘ডোপামিন’। এই হরমোন কমলে ভর করে বিষণ্নতা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 06:31 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

প্রতিদিনের শখের চর্চা শুধু সময় কাটানোর মাধ্যম নয়, এটি সরাসরি মানসিক স্বাস্থ্যের ওপরেও প্রভাব ফেলে।

একাধিক গবেষণা বলছে সৃজনশীল কাজ, বাগান করা, হাতের কাজ বা শখের চর্চা জীবনে সন্তুষ্টি বাড়ায় এবং একাকিত্ব বা মানসিক ক্লান্তি কমায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক মনোবিজ্ঞানী, ঘুম এবং ‘ট্রমা’-বিষয়ক বিশেষজ্ঞ ড. লিয়া কেইলর রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “বছরের নির্দিষ্ট সময়ে মস্তিষ্কে ডোপামিনের মাত্রা কমে যেতে পারে। ফলে বেশি ক্লান্ত, অনুৎসাহী বা একাকী অনুভূত হয়। তখন মানুষ স্বাভাবিকভাবেই এমন কিছু খোঁজে, যা দ্রুত ভালো লাগা এনে দেয়।”

তিনি আরও বলেন, “কিছু সহজ শখ বা অভ্যাসের মাধ্যমে স্বাভাবিকভাবেই ডোপামিন বাড়ানো সম্ভব, যা মন ভালো রাখতে এবং মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে।”

ডোপামিন আসলে কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?

ডোপামিন হল- মস্তিষ্কের একটি রাসায়নিক বার্তাবাহক। যা আনন্দ, উৎসাহ, প্রেরণা এবং পুরস্কারের অনুভূতির সঙ্গে যুক্ত।

যখন কোনো আনন্দদায়ক কাজ করা হয় বা কোনো লক্ষ্য পূরণ হয় তখন ডোপামিন নিঃসরণ হয় এবং ভালো অনুভূত হয়।।

ড. লিয়া কেইলর ব্যাখ্যা করেন, “সূর্যের আলো কমে গেলে বা দীর্ঘ সময় ঘরে থাকলে ডোপামিনের কার্যকারিতা কমে যেতে পারে। ফলে ক্লান্তি, মন খারাপ বা কাজের আগ্রহ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তখন দ্রুত আনন্দ পাওয়ার জন্য সাধারণত অস্বাস্থ্যকর খাবার বা অকারণ সময় নষ্ট করার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা বাড়ে।”

তবে এ সময়ে সৃজনশীল বা সক্রিয় কাজ করলে মস্তিষ্ক স্বাভাবিকভাবেই ডোপামিন তৈরি করে, যা দীর্ঘস্থায়ী ভালো লাগা এনে দেয়।

পরিচিত শখে নতুনত্ব

অনেক সময় একই কাজ বারবার করতে করতে বিরক্ত লাগে।

ডা. কেইলর বলেন, “মস্তিষ্ক নতুন কিছু পছন্দ করে। তাই সম্পূর্ণ নতুন কিছু শুরু না করে, পরিচিত কাজেই একটু নতুনত্ব আনা যায়।”

যেমন- প্রতিদিন একই রকম রান্না না করে, মাঝে মাঝে নতুন কোনো পদ রান্না করা যায়। পরিচিত হাঁটার জায়গা বদলে নতুন রাস্তায় হাঁটা, অথবা পুরানো শখে নতুন কৌশল যোগ করা যেতে পারে।

এতে মস্তিষ্ক নতুন অভিজ্ঞতা পায় এবং ডোপামিনের মাত্রা বাড়ে।

ঠাণ্ডা পানির অভিজ্ঞতা চেষ্টা করা

ঠাণ্ডা পানিতে গোসল বা ঠাণ্ডা পানির সংস্পর্শ মস্তিষ্ককে সক্রিয় করে তোলে।

ড. কেইলর বলেন, “ঠাণ্ডা পানি শরীরের স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে এবং ডোপামিনের মাত্রা দ্রুত বাড়াতে সাহায্য করে।”

এতে সতেজ ও মানসিকভাবে পরিষ্কার অনুভব হয়। তবে এটি ধীরে ধীরে অভ্যাস করা উচিত, যাতে শরীরের জন্য কষ্টকর না হয়।

শরীরচর্চায় সৃজনশীলতা

শরীরচর্চা মন ভালো রাখে। তবে নিয়মিত ব্যায়াম একঘেয়ে লাগতেই পারে। তাই ব্যায়ামে সৃজনশীলতা আনা দরকার।

নাচ, লাফানো, ‘ইনডোর পাহাড়ে চড়া’ বা খেলার ছলে শরীর নড়াচড়া করার মতো কাজ শরীর ও মস্তিষ্ক দুটোকেই সক্রিয় রাখে।

মন দিয়ে গান শোনা

কাজ করতে করতে বা গাড়িতে বসে গান শুনলে মন ব্যস্ত থাকে। তবে মনোযোগ দিয়ে গান শোনা নিজেই এক ধরনের মানসিক থেরাপির মতো কাজ করতে পারে।

মন চাঙা করতে প্রাণবন্ত ছন্দের গান শোনা ভালো, আবার চাপ কমাতে ধীর ও শান্ত সুরের গান কার্যকর। গান শুনলে আবেগ নিয়ন্ত্রণ সহজ হয় এবং মানসিক চাপ কমে।

মস্তিষ্কচর্চার খেলা

যুক্তিভিত্তিক খেলাগুলো শুধু সময় কাটানোর মাধ্যম নয়, এগুলো মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং সাফল্যের অনুভূতি তৈরি করে।

প্রতিবার এমন খেলায় কারণে মস্তিষ্ক ছোট একটি সাফল্যের অনুভূতি পায় এবং ডোপামিন নিঃসরণ হয়। এতে মনোযোগ বাড়ে এবং কাজে আগ্রহ থাকে।

আলোর অভাব পূরণে বিকল্প ব্যবস্থা

অনেক সময় আবহাওয়া বা ব্যস্ততার কারণে বাইরে গিয়ে সূর্যালোক পাওয়া সম্ভব হয় না। এ অবস্থায় সম্ভব হলে সকালে কিছু সময় খোলা আলোতে থাকা ভালো। দিনের যে কোনো সময়ে আলো পেলে মস্তিষ্ক ইতিবাচক প্রতিক্রিয়া দেখায় এবং ডোপামিনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।

আরও পড়ুন

স্মৃতিকাতর শখ পূরণে বয়স কোনো বিষয় না

আনন্দোচ্ছলে দুশ্চিন্তা কমানোর পন্থা

প্রতিদিন আনন্দ লাভের রুটিন গড়তে