চোখে সমস্যা নেই বলে পরীক্ষা করাচ্ছেন না? এটাই বড় ভুল
চোখের অনেক বড় রোগ শুরু হয় নীরবে। ব্যথা নেই, অসুবিধা নেই! অথচ ভেতরে ভেতরে হয়ত দৃষ্টি নষ্ট হচ্ছে।
দাঁতে ব্যথা হলে দাঁতের ডাক্তারের কাছে যাওয়া হয়। পেটে সমস্যা হলে চিকিৎসক দেখানো হয়। কিন্তু চোখে?
‘দেখতে পাচ্ছি তো, সমস্যা নেই’- এই যুক্তিতে বছরের পর বছর কেটে যায়।
অথচ চোখের সবচেয়ে বিপজ্জনক রোগগুলো ঠিক এভাবেই শুরু হয়। কোনো লক্ষণ ছাড়াই। যখন বুঝতে পারছেন, তখন অনেকটা দেরি হয়ে গেছে।
গ্লুকোমা — দৃষ্টি চুরি হয়ে যায় নীরবে
বাংলাদেশ আই হাসপাতালের কর্নিয়া বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মোহাম্মদ রাশেদ আলম শান্তনু বলছেন, “চোখের কিছু রোগ আছে যেগুলো প্রাথমিক পর্যায়ে একদমই বোঝা যায় না।”
গ্লুকোমার কথাই ধরুন। এটি চোখের একটি গুরুতর রোগ যা ধীরে ধীরে দৃষ্টিশক্তি নষ্ট করে। তবে শুরুতে কোনো ব্যথা নেই, ঝাপসা দেখা নেই, কোনো অস্বস্তি নেই। মানুষ জানতেই পারেন না যে চোখের ভেতরে কিছু একটা ঘটছে।
যখন বুঝতে পারেন, তখন দৃষ্টির একটা বড় অংশ হয়ত চলে গেছে। এই ক্ষতি আর ফেরানো যায় না।
নিয়মিত চোখ পরীক্ষা করলে গ্লুকোমা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে। তখন চিকিৎসা করলে দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব। তবে লক্ষণের অপেক্ষায় থাকলে সেই সুযোগ হারিয়ে যায়।
শিশুর পড়াশোনায় মন নেই? কারণটা চোখে থাকতে পারে
সন্তান পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, ক্লাসে বোর্ড দেখতে পাচ্ছে না, মাথাব্যথার কথা বলছে— অনেক বাবা-মা এটাকে দুষ্টুমি বা অলসতা মনে করেন।
তবে অনেক ক্ষেত্রে সমস্যাটা আসলে চোখে। দৃষ্টির সমস্যায় কাছের জিনিস দেখা যায়, দূরে দেখা যায় না। বোর্ডের লেখা ঝাপসা দেখলে শিশু যদি চশমা না পরে পড়াশোনা করে, তাহলে পড়াশোনাই কঠিন হয়ে যায়।
এই সমস্যা তাড়াতাড়ি ধরা পড়লে সহজেই ঠিক হয়। তবে ধরা না পড়লে শিশুর পুরো শিক্ষাজীবনে প্রভাব পড়তে পারে।
তাই শিশুর জন্য বছরে একবার চোখ পরীক্ষা করানো ঠিক ক্লাস পরীক্ষার মতোই জরুরি।
চশমা পরছেন বছরের পর বছর, তবে পাওয়ার বদলেছে জানেন কি?
চশমা একবার বানালে সেটা বহু বছর ব্যবহার করেন অনেকে। মনে করেন একবার পাওয়ার ঠিক হলেই হল।
ডা. শান্তনু বলেন, “দৃষ্টিশক্তি স্থির থাকে না। বয়সের সঙ্গে, পরিবেশের সঙ্গে, শরীরের পরিবর্তনের সঙ্গে চোখের পাওয়ার বদলায়।”
পুরানো চশমায় ভুল পাওয়ার চোখকে বেশি কাজ করতে বাধ্য করে। এ কারণে চোখে ক্লান্তি, মাথাব্যথা, এমনকি মনোযোগে সমস্যা হতে পারে।
সময়মতো পাওয়ার ও চোখ পরীক্ষা করে সঠিক চশমা ব্যবহার করলে এই সমস্যা এড়ানো যায়।
ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ থাকলে, চোখটাও বিপদে আছে
ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে এমন মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা— এই রোগগুলো শরীরের সঙ্গে সঙ্গে চোখেরও ক্ষতি করে।
‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’ হল- ডায়াবেটিসের একটা জটিলতা যেখানে রেটিনার রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়। আর ‘হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি’ হয় উচ্চ রক্তচাপের কারণে।
দুটোই প্রাথমিক পর্যায়ে লক্ষণহীন। তবে সময়মতো ধরা না পড়লে অন্ধত্ব পর্যন্ত যেতে পারে।
ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে বছরে অন্তত একবার, বিশেষ ক্ষেত্রে দুবার রেটিনা পরীক্ষা করা উচিত। এই পরীক্ষা চোখ বাঁচানোর পাশাপাশি অন্যান্য সমস্যার সংকেতও দিতে পারে।
বয়স বাড়লে কোন রোগগুলো আসে— আগে জানলে সামলানো সহজ
চল্লিশের পর থেকে চোখে কিছু পরিবর্তন আসা স্বাভাবিক। তবে কোন পরিবর্তন স্বাভাবিক আর কোনটা রোগ— সেটা পরীক্ষা ছাড়া বোঝা কঠিন।
ছানির পড়ার কারণে চোখের লেন্স ঘোলা হয়ে যায়, দৃষ্টি ঝাপসা হয়। ‘ম্যাকুলার ডিজেনারেইশন’য়ে চোখের কেন্দ্রীয় দৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়। এই রোগগুলো বয়স বাড়লে বেশি দেখা যায়।
প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসা সহজ, ফলাফলও ভালো। দেরি হলে চিকিৎসা কঠিন হয়, দৃষ্টিক্ষতি বেশি হয়।
কতটুকু সময় পরপর পরীক্ষা করাবেন — একটা সহজ নির্দেশনা
অনেকের মনে প্রশ্ন আসে— ঠিক কতদিন পরপর চোখ দেখাতে হবে?
ডা. শান্তনুর দেওয়া তথ্যানুসারে-
শিশুদের ক্ষেত্রে: জন্মের পর প্রথম পরীক্ষা, তারপর ছয় থেকে বারো মাসের মধ্যে। স্কুলে যাওয়ার আগে অবশ্যই একবার, এবং স্কুলজীবনে প্রতিবছর একবার।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে: বিশ থেকে চল্লিশ বছর বয়সে দুই থেকে তিন বছরে একবার। একচল্লিশ থেকে ষাট বছর বয়সে বছরে একবার। ষাটের পর প্রতিবছর।
তবে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে, পরিবারে গ্লুকোমার ইতিহাস বা চোখে লালচে ভাব, ক্লান্তি থাকলে — আরও ঘন ঘন পরীক্ষা করানো দরকার।
চোখের যত্নটা আর পরে নেওয়ার সুযোগ নাও থাকতে পারে
দাঁত গেলে নকল দাঁত লাগানো যায়। কিডনি বা বৃক্ক বিকল হলে ডায়ালাইসিস আছে। তবে দৃষ্টিশক্তি গেলে ফিরিয়ে আনা অনেক কঠিন — অনেক ক্ষেত্রে অসম্ভব।
তাই চোখের যত্নটা আজকেই শুরু করুন। নিয়মিত পরীক্ষা করান। সমস্যা থাকলে খুঁজে পাবেন, না থাকলে নিশ্চিত থাকবেন। চোখ ভালো থাকলে পৃথিবীটা সুন্দর দেখায়।
আরও পড়ুন
