২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ুদূষণ আর বাড়তি গরমে ত্বক, চুল ও স্বাস্থ্য সুরক্ষা

দূষণের কারণে ফুসফুসের রোগ হওয়ার পাশাপাশি ত্বক ও চুলেরও ক্ষতি হয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 06:04 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

এ সময়ে ঢাকার বাতাস শুধু অস্বাস্থ্যকর নয়, অনেকটা দুর্যোগপূর্ণ পর্যায়েও পৌঁছে যাচ্ছে। কারণ কোনো এলাকার বায়ুমান সূচক ৩০০ পার হলে, সেটিকে অত্যন্ত বিপজ্জনক ধরা হয়।

অথচ সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, ঢাকার কিছু এলাকায় এই সূচক ৬০০-এরও বেশি।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার –এর তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করা লাইভ সূচকে ঢাকাকে প্রায়ই সবচেয়ে দূষিত নগরীগুলোর তালিকায় দেখা গেছে।

এমন অবস্থায় শুধু শ্বাসতন্ত্র নয়, ত্বক, চুল ও সামগ্রিক স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব পড়তে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে দিনের বেলায় গরম ও তাপমাত্রা।

দূষিত বাতাসে শরীরের যে ধরনের ক্ষতি হয়

“বায়ুদূষণের সবচেয়ে বড় ক্ষতি হয় ফুসফুস ও শ্বাসতন্ত্রে। বাতাসে থাকা ক্ষুদ্র কণা বা ‘পার্টিকুলেট ম্যাটার’ সহজেই শ্বাসের সঙ্গে শরীরে ঢুকে যায়। এগুলো ফুসফুসে জমে শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি বা দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগের ঝুঁকি বাড়ায়। যাদের আগে থেকেই হাঁপানি বা অ্যালার্জির সমস্যা আছে, তাদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে”- বলেন সরকারি কর্মচারী হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান কামরুল হাসান।

তিনি আরও বলেন, “দূষিত বাতাস হৃদরোগের ঝুঁকিও বাড়ায়। বাতাসে বিষাক্ত কণার মাত্রা বাড়লে উচ্চ রক্তচাপ, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকিও বৃদ্ধি পায়। শিশু, বয়স্ক এবং গর্ভবতী নারীরা এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। দীর্ঘদিন দূষণের মধ্যে বসবাস করলে মাথাব্যথা, ক্লান্তি, মনোযোগ কমে যাওয়া বা ঘুমের সমস্যাও দেখা দিতে পারে।”

ত্বকের ওপর বায়ুদূষণের প্রভাব

বাতাসে থাকা ধুলা, ধোঁয়া ও রাসায়নিক কণা ত্বকের ওপর একটি অদৃশ্য স্তর তৈরি করে। এটি ত্বকের স্বাভাবিক প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেয়। ফলে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়, ‍র‌্যাশ বা অ্যালার্জি দেখা দিতে পারে এবং ব্রণের সমস্যাও বাড়ে।

দূষিত বাতাসে থাকা ‘ফ্রি র‌্যাডিক্যাল’ ত্বকের কোষের ক্ষতি করে, যার ফলে ত্বক দ্রুত বয়সের ছাপ পেতে শুরু করে। বলিরেখা, নিস্তেজ ভাব এবং ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়ার অন্যতম কারণও হতে পারে বায়ুদূষণ।

“ঈদের কেনাকাটা বা অফিস থেকে ঘরে ফিরে মুখ ভালোভাবে পরিষ্কার করা জরুরি”, বলেন- বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি ।

তার মতে, “মৃদু ফেইসওয়াশ দিয়ে দিনে অন্তত দুবার মুখ ধোয়া, নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার এবং বাইরে গেলে সানস্ক্রিন লাগানো ত্বককে কিছুটা সুরক্ষা দিতে পারে। ধুলাবালি বেশি থাকলে স্কার্ফ বা মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখা ত্বকের জন্যও উপকারী।“

চুলের ক্ষতি ও যত্ন

বায়ুদূষণের প্রভাব সমানভাবে চুলের ওপরও পড়ে। বাতাসে থাকা ধুলা ও দূষিত কণা মাথার ত্বকে জমে চুলকে নিস্তেজ করে দেয়। এতে খুশকি, চুল পড়া বা মাথার ত্বকে চুলকানির সমস্যা বাড়তে পারে।

বাইরে থেকে এসে চুল ঝেড়ে নেওয়া এবং নিয়মিত চুল ধোয়ার পাশাপাশি খুব বেশি রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহার না করে মৃদু শ্যাম্পু ব্যবহার করার পরামর্শ দেন, এই রূপচর্চাকর।

এছাড়া চুলে তেল ব্যবহার করলে মাথার ত্বক কিছুটা সুরক্ষা পায় এবং চুলের আর্দ্রতা বজায় থাকে বলেও মত দেন তিনি।

গরম ও দূষণের সময়ে প্রতিদিনের অভ্যাসে পরিবর্তন

এ সময় দিনে তাপমাত্রাও বাড়ছে আর রোজার কারণে শরীর দ্রুত পানিশূন্য হয়ে উঠছে। তাই ইফতার ও সেহরিতে পর্যাপ্ত পানি পান পাশাপাশি ফল, শাকসবজি ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার খেলে শরীর দূষণের ক্ষতিকর প্রভাবের সঙ্গে লড়াই করতে কিছুটা সক্ষম হয়।

বায়ুর মান খুব খারাপ হলে বাইরে অপ্রয়োজনীয় সময় না কাটানো, বাইরে বের হলে অবশ্যই মানসম্মত মাস্ক ব্যবহার এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখাই ভালো।

আরও পড়ুন

যেসব জিনিস থেকে ঘরে ছড়াচ্ছে দূষণ

ঘরের দূষণ দূর করতে

বায়ু দূষণ থেকে টাক পড়া সমস্যা