২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ছে হামের রোগী, যা জানা জরুরি

হামের ভাইরাস শ্বাসনালী দিয়ে শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়।

বাড়ছে হামের রোগী, যা জানা জরুরি
হামে আক্রান্ত অনেক শিশু চিকিৎসা নিচ্ছে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে। ছবি: আব্দুল্লাহ আল মমীন

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 04:32 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অনেক শিশু জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং গায়ে লালচে ফুসকুড়ি নিয়ে ভর্তি হচ্ছে।

কিছু শিশুর অবস্থা গুরুতর হয়ে উঠছে। এই পরিস্থিতিতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। অনেকেই জানতে চাইছেন— হাম কেন বাড়ছে, কীভাবে ছড়ায়, কী করলে শিশুকে রক্ষা করা যাবে এবং টিকা নেওয়া শিশুরাও কি ঝুঁকিতে আছে?

ঢাকা মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জামিল আহমেদ মানিক বলেন, “হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস-জনিত রোগ। এটি বাতাসের মাধ্যমে খুব সহজে ছড়ায়। একজন আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশিতে ভাইরাস বাতাসে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সেই বাতাসে শ্বাস নিলে বা জীবাণুযুক্ত পৃষ্ঠ স্পর্শ করে চোখে-মুখে হাত দিলে যে কেউ আক্রান্ত হতে পারেন।”

হাম কী এবং কেন ছড়াচ্ছে?

ডা. মানিক বলেন, “হাম মূলত ‘রুবেলা’ ভাইরাসের কারণে হয়। এটি শ্বাসনালী দিয়ে শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাময়িকভাবে দুর্বল করে দেয়। ফলে শিশু অন্যান্য জীবাণুর সংক্রমণের জন্যও উন্মুক্ত হয়ে পড়ে।”

হামের প্রাদুর্ভাব বাড়ার পেছনে প্রধান কারণ হল টিকাদানে ঘাটতি।

এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকা, অপুষ্টি এবং স্বাস্থ্য সচেতনতার অভাবও ভাইরাস ছড়ানোর গতি বাড়িয়েছে। হামের সংক্রমণ হার অত্যন্ত বেশি— একজন আক্রান্ত শিশু থেকে আশপাশের শিশু আক্রান্ত হতে পারে।

“হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। সচেতনতা, টিকাদান এবং সঠিক যত্নের মাধ্যমে এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব। অভিভাবকরা সতর্ক থাকুন, শিশুর স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন। সময়মতো টিকা নিলে এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে অনেক বড় বিপদ এড়ানো যাবে”- মন্তব্য করেন এই  চিকিৎসক।

হামের লক্ষণ

হামের প্রাথমিক লক্ষণ দেখা দেয় ভাইরাস শরীরে প্রবেশের ১০ থেকে ১৪ দিন পর।

প্রথমে তীব্র জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া ও চোখ-মুখ ফুলে ওঠে। তারপর চার-পাঁচ দিনের মাথায় মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে ফুসকুড়ি বা র‌্যাশ দেখা দেয়।

শিশু খেতে চায় না, দুর্বল হয়ে পড়ে।

যেসব সমস্যা হতে পারে

হাম শুধু জ্বর ও র‌্যাশের রোগ নয়, এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। ফলে ‘নিউমোনিয়া’, মারাত্মক ডায়রিয়া, কানপাকা, মুখে ঘা, অপুষ্টি, চোখের সমস্যা এমনকি মস্তিষ্কের প্রদাহ (এনসেফালাইটিস) হতে পারে।

চরম ক্ষেত্রে মৃত্যুও ঘটতে পারে।

অভিভাবকদের করণীয়

টিকাদানই সবচেয়ে কার্যকর প্রতিরোধ

ডা. মানিক বলেন, “হামের টিকা (এমআর টিকা) ৯ মাস ও ১৫ মাস বয়সে দুটি ডোজ দেওয়া হয়। দুটি ডোজ নিলে ৯৭ শতাংশ পর্যন্ত সুরক্ষা পাওয়া যায়।”

যেসব শিশু এখনও টিকা পায়নি, তাদের দ্রুত টিকার আওতায় আনা দরকার। অভিভাবকদের পরামর্শ দেওয়া হয় যে, কোনো গুজব বা ভুল ধারণায় বিভ্রান্ত হয়ে শিশুকে টিকা দেওয়া থেকে বিরত থাকা যাবে না।

আরও পড়ুন

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে যেসব খাবার

যেভাবে বাড়ানো যায় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা

শিশুর যত্ন বিষয়ক পরামর্শে পাঁচ পরিবর্তন