২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসবিকুসেস থেকে টিনিটিস— বয়সজনিত শ্রবণ হ্রাস

অনেকে মনে করেন— একটু কম শোনা ক্ষতিকর তেমন কিছু না। তবে এই অবহেলা বিপজ্জনক।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2026, 03:02 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

বয়স বাড়ার সঙ্গে চোখে কম দেখা, চুল পাকা-সহ নানান সমস্যা দেখা দেয়। তবে কানে কম শোনা? টিভির ভলিউম বাড়িয়ে দিলেই হল।

কেউ কেউ ভাবেন— এটা বয়সের দোষ, এমনই হবে। তবে বয়সজনিত শ্রবণহ্রাসকে বলে ‘প্রেসবিকুসেস’।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “বয়স বাড়লে ভেতরের কানের ‘ককলিয়র হেয়ার সেল’, সংবেদনশীল কোষ ও সূক্ষ্ম স্নায়ু ধীরে ধীরে ক্ষয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৬০ বছরের বেশি বয়সিদের একটা বড় অংশ কোনো না কোনো মাত্রায় শ্রবণশক্তি হ্রাসে ভোগেন।”

“তবে এটিকে শুধু বয়সের দোষ ভেবে অবহেলা করলে সামাজিক বিচ্ছিন্নতা, হতাশা, একাকিত্ব এমনকি স্মৃতিশক্তির ক্ষয় পর্যন্ত হতে পারে”- মন্তব্য করেন এই চিকিৎসক।

যে কারণে কমে শ্রবণশক্তি

‘প্রেসবিকুসেস’য়ের প্রধান কারণ বয়স। ‘ককলিয়র হেয়ার সেল’ ও ‘অডিটরি নার্ভ’ ক্ষয়ে যায়।

তবে এর সঙ্গে যুক্ত হয় অন্যান্য কারণ— দীর্ঘদিন উচ্চ শব্দে কাজ করা, শব্দদূষণ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। এগুলো বয়সজনিত শ্রবণ হ্রাসকে ত্বরান্বিত করে।

অনেকে মনে করেন— একটু কম শোনা তো হবেই। তবে এই অবহেলা বিপজ্জনক।

ডা. নয়ন বলেন, “গবেষণায় দেখা গেছে, অনিয়ন্ত্রিত শ্রবণ হ্রাস ‘ডিমেনশা’ বা স্মৃতিভ্রংশ অথবা আলৎঝাইমার’স ঝুঁকির সঙ্গে যুক্ত। কানে কম শুনলে মস্তিষ্কে শব্দের উদ্দীপনা কমে, যা স্মৃতি ও চিন্তাশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

টিনিটিস— কানে ভোঁ ভোঁ শব্দ

অনেকে কানে ভোঁ ভোঁ, শোঁ শোঁ, ঘণ্টার মতো ধ্বনি অনবরত শোনেন, একে বলে টিনিটিস। পৃথিবীতে প্রতি পাঁচজনের একজন এতে ভুগছেন।

টিনিটিস কানের মধ্যে হলেও এর উৎপত্তি মস্তিষ্কে। ‘অডিটরি করটেক্সে’ ভুল ‘ইলেকট্রিক্যাল সিগন্যাল’ যায়।

কানের ভেতরের ক্ষুদ্র লোমকোষ ক্ষতিগ্রস্ত হলে, উচ্চ শব্দ, কানে ময়লা জমা, হাড় বেড়ে যাওয়া— এসব কারণেও হয়।

নারীদের চেয়ে পুরুষেরা বেশি আক্রান্ত হন। শব্দদূষণ বেশি এলাকায় এটি বেশি দেখা যায়।

লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়া জরুরি

একাধিক লক্ষণ দেখা দিলে দেরি না করে ‘ইএনটি বিশেষজ্ঞ’ বা ‘অডিওলজিস্টে’র কাছে যেতে হবে। নিয়মিত ‘হিয়ারিং’ পরীক্ষা করানো উচিত, বিশেষ করে বয়স ৫০ পার হওয়ার পর।

“চিকিৎসা ও প্রতিরোধ প্রেসবিকুসেস পুরোপুরি সারে না, তবে নিয়ন্ত্রণে রাখা যায়”- বলেন ডা. নয়ন।

আধুনিক ‘হিয়ারিং এইড’ ছোট, কার্যকর এবং জীবনযাত্রার মান অনেক উন্নত করে।

শব্দদূষণ থেকে নিজেকে বাঁচাতে হবে। উচ্চ শব্দে দীর্ঘ সময় হেডফোন এড়িয়ে চলতে হবে। রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি।

পাশাপাশি ধূমপান ত্যাগ করা, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শ্রবণশক্তি ভালো রাখে।

আরও পড়ুন

মস্তিষ্ক নীরবে ধ্বংস হচ্ছে যে আট অভ্যাসে

স্বাস্থ্যকর চর্বি জমতে সাহায্য করে ব্যায়াম

কানের সুস্থতায় আধুনিক অভ্যাস