কতটা গরমে বাইরে ব্যায়াম করা বিপজ্জনক?
শরীর সবল রাখে ব্যায়াম। তবে গরমে শরীরচর্চা করলে হিতে বিপরীত হতে পারে।
একদিকে রোদ আবার অন্যদিকে তাপ। যা অনেক সময় স্বাস্থ্যঝুঁকিও হয়ে দাঁড়ায়।
বিশেষ করে যারা প্রতিদিন বাইরে শরীরচর্চা করেন, তাদের জন্য প্রশ্ন দাঁড়ায়— কতটা গরমে বাইরে ব্যায়াম করা নিরাপদ?
গরমে শরীরচর্চা: শরীরের ভেতরে কী ঘটে?
নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ‘এনওয়াইইউ ল্যাঙ্গোন স্পোর্টস পারফরম্যান্স সেন্টার’-এর ব্যায়াম বিশেষজ্ঞ হিদার মিল্টন ওয়েলঅ্যান্ডগুড ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে ব্যাখ্যা করেন, “গরমে শরীরচর্চার সময় দেহ একটি গুরুত্বপূর্ণ কাজ করে, যাকে বলে তাপ নিয়ন্ত্রণ। অর্থাৎ শরীর ঘাম ঝরিয়ে ও রক্তপ্রবাহ বাড়িয়ে ভেতরের তাপমাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করে।”
তিনি বলেন, “একই ব্যায়াম শীতল পরিবেশে করলে যেমন লাগে, গরমে করলে তা অনেক বেশি কষ্টকর মনে হয়। কারণ তাপমাত্রা যত বাড়ে, শরীরকে কাজ করাতে হৃদস্পন্দন তত দ্রুত হয়।”
এটি সহজভাবে বুঝতে চাইলে বলা যায়— গরমের মধ্যে হালকা দৌড়ও অনেক সময় ভারী ব্যায়ামের মতো কঠিন মনে হয়।
গরমে ব্যায়ামের পর পুনরুদ্ধার
শরীরচর্চা শেষে দেহ আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে চায়। তবে অতিরিক্ত তাপমাত্রায় সেই কাজটি অনেক সময় ধীর গতিতে হয়।
‘রো হাউজ’ নামের প্রতিষ্ঠানের সবলতার প্রশিক্ষক বেথানি স্টিলওয়াগন বলেন, “উচ্চ তাপমাত্রায় শরীরচর্চার পর হৃদস্পন্দন স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশি সময় লাগে। একই সঙ্গে ঘাম ঝরার কারণে শরীর থেকে পানি ও খনিজ লবণ বেরিয়ে যায়, ফলে মাথাব্যথা, মাথা ঘোরা, পেশি টান, সহজেই ক্লান্ত হয়ে পড়া বা পেশি দুর্বল হয়ে পড়ার মতো সমস্যা দেখা দেয়।”
পেশি পুনরায় শক্তি অর্জনের জন্য পর্যাপ্ত পানি ও রক্তপ্রবাহের প্রয়োজন হয়। তবে গরমের কারণে রক্তপ্রবাহ ত্বকের দিকে চলে যায়, আর ঘামের কারণে পানিশূন্যতা দেখা দেয়। ফলে ব্যায়ামের পর শরীর পুনরুদ্ধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
গরমে শরীরের অভিযোজন
যুক্তরাষ্ট্রের ‘গোল্ড’স জিম’-এর প্রশিক্ষক অ্যালি ম্যাককিনি বলেন, “শরীরকে ধীরে ধীরে গরমের সঙ্গে মানিয়ে নেওয়া যায়। যেমন- নিয়মিত ব্যায়ামের তীব্রতা বাড়ালে আমাদের শরীর উচ্চ তাপমাত্রায় কাজ করতে অভ্যস্ত হয়।”
তবে তিনি সতর্ক করে বলেন, “শরীর যতই মানিয়ে নিক না কেন, একটি সীমার পর গরম আর সহ্য হয় না। তখন শরীর তাপ নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে।”
কতটা গরম হলে ব্যায়াম করা ঝুঁকিপূর্ণ?
হিদার মিল্টন সতর্ক করে বলেন, "তাপমাত্রা ৯১ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস)-এর বেশি হলে বাইরে ব্যায়াম ঝুঁকিপূর্ণ হতে পারে। এই অবস্থায় শরীর পর্যাপ্ত রক্ত প্রবাহ সব অঙ্গপ্রত্যঙ্গে দিতে পারে না, ফলে ‘হিট এক্সহস্টশন’ বা গরমজনিত অসুস্থতা দেখা দেয়। "
এর লক্ষণ হল— অজ্ঞান হয়ে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, শরীরচর্চা চালিয়ে যেতে না পারা ইত্যাদি।
আরও বিপজ্জনক হল হিট স্ট্রোক।
এ অবস্থায় শরীরের ভেতরের তাপমাত্রা ৩৭ থেকে বেড়ে ৪০ ডিগ্রির বেশি হয়ে যায়। তখন বিভ্রান্তি, মাথা ঘোরা, অস্বাভাবিক আচরণ, এমনকি অজ্ঞান হয়ে পড়ার মতো গুরুতর অবস্থা সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে দ্রুত ঠাণ্ডা করার ব্যবস্থা না করলে জীবনহানির ঝুঁকি তৈরি হয়।
গরমে নিরাপদে ব্যায়াম করার উপায়
‘নিউ ইয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতাল কলম্বিয়া’র কার্ডিও-অবসটেট্রিকস বিভাগের পরিচালক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জেনিফার হেইথে বলেন, "সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শরীরকে পর্যাপ্ত পানি দেওয়া। তার মতে— ব্যায়ামের আগে অন্তত দুই গ্লাস পানি পান করতে হবে।”
ব্যায়াম চলাকালীন প্রতি ২০ মিনিট পরপর চার থেকে ছয় আউন্স পানি পান করতে হবে।
“ব্যায়ামের পর আবার যথেষ্ট পানি পান করতে হবে"- বলেন তিনি।
শরীর ঘাম ঝরানোর মাধ্যমে শুধু পানি নয় খনিজ লবণও হারায়, বিশেষ করে সোডিয়াম। তাই পানির পাশাপাশি মাঝে মাঝে লবণ ও খনিজসমৃদ্ধ পানীয়ও প্রয়োজন।
ডা. হেইথে বলেন, "যেসব পানীয়তে প্রতি ৮ আউন্সে ১৪ গ্রাম কার্বোহাইড্রেইট, ২৮ মিলিগ্রাম পটাসিয়াম ও ১০০ মিলিগ্রাম সোডিয়াম থাকে, তা শরীরের জন্য উপকারী।"
শুধু পানীয় নয়, খাবারের মাধ্যমেও শরীরকে পুনরায় শক্তি দেওয়া যায়। যেমন- সোডিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম থাকে এমন খাবার। যা শরীরের ঘাটতি পূরণে সাহায্য করে।
হিদার মিল্টন আরও একটি পরামর্শ দিয়েছেন, "ঘামে শরীর থেকে যতটা ওজন কমবে, প্রতি পাউন্ড ওজন কমার বিপরীতে অন্তত আধা লিটার পানি খেতে হবে। অনেক সময় স্বাভাবিকের তুলনায় ২০ শতাংশ পর্যন্ত বেশি পানি নেওয়ার প্রয়োজন হতে পারে।"
কখন ব্যায়াম করা উচিত?
দিনের সবচেয়ে গরম সময়ে বাইরে ব্যায়াম এড়িয়ে চলা জরুরি। বরং ভোরে বা সন্ধ্যায়, যখন তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকে, তখন বাইরে হাঁটা বা দৌড়ানো ভালো।
যদি খুব বেশি গরম পড়ে, তবে ঘরের ভেতরে ঠাণ্ডা পরিবেশে ব্যায়াম করাই সবচেয়ে নিরাপদ।
আরও পড়ুন
