২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঁকায় আরোগ্য: মানসিক স্বাস্থ্যচর্চায় আর্ট থেরাপি

‘যে অনুভূতিগুলো বলা কঠিন, সেগুলো প্রায়ই রংয়ের মাধ্যমে তাদের ভাষা খুঁজে পায়।’

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 02:14 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেনি। মানুষ এখনও দুঃখ, রাগ, অপরাধবোধ, ট্রমা-এসব অনুভূতি মুখে বলতে সংকোচ বোধ করে।

তবে মনের ভেতর জমতে থাকা নীরব ভার একসময় অসহ্য হয়ে ওঠে। সেই নীরব অনুভূতির ভাষা রং, রেখা আর সৃষ্টিশীলতার মাধ্যমে প্রকাশ করার এক অসাধারণ পদ্ধতিই হল ‘আর্ট থেরাপি’।

আর্ট থেরাপি শুধু আঁকার কাজ নয়- এটি মানুষের মনস্তত্ত্ব, তার ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতি এবং অজানা ভয়ের সঙ্গে গভীর এক সংযোগ তৈরির পথ। মানসিক স্বাস্থ্যচর্চা যে শুধুই কথা বলার থেরাপি, এমন ধারণাকে বদলে দিচ্ছে এই ‘থেরাপিউটিক আর্ট’।

‘আর্ট থেরাপি’র কার্যকারিতা, বৈজ্ঞানিক ভিত্তি, প্রয়োগ ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত লিখেছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ‘লিভিং উইথ ওয়েলনেস’য়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহমুদা মাহমুদা।

আর্ট থেরাপির মূল দর্শন

মানুষের অনুভূতি সবসময় শব্দে ধরা যায় না। আমাদের মস্তিষ্কের যেখানে ‘ট্রমা’ বা গভীর আবেগ জমে থাকে, সেই অংশ অনেক সময় ভাষা দিয়ে প্রকাশ করতে অস্বীকার করে। কিন্তু রং, লাইন, টেক্সচার এবং প্রতীক- এসব ‘নন-ভার্বাল’ মাধ্যম অচেতন মনকে সহজেই জাগিয়ে তোলে।

আর্ট থেরাপির মূল কথা হল- ‘আপনার আঁকা সুন্দর না হলেও চলে, আপনার অনুভূতি সত্য হওয়াটাই জরুরি।’

এ কারণে এটি শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক, বয়স্ক সব বয়সির মধ্যেই কার্যকর। বিশেষ করে যারা কথার মাধ্যমে অনুভূতি প্রকাশ করতে পারেন না, তাদের জন্য আর্ট থেরাপি এক অনন্য সহায়ক।

যেভাবে কাজ করে আর্ট থেরাপি

আর্ট থেরাপি কার্যকর হওয়ার পেছনে তিনটি প্রধান মনস্তাত্ত্বিক কারণ আছে—

নন-ভার্বাল এক্সপ্রেইশনের শক্তি: কথা না বলে অনুভূতি প্রকাশ করা অনেকের কাছে সহজ। রং বেছে নেওয়া, চাপ দিয়ে বা নরম হাতে ব্রাশ চালানো- এসবই মনের অবস্থা নির্দেশ করে। মানুষ যা মুখে বলতে পারে না, তা ছবির মাধ্যমে ‘প্রকাশ’ হতে শুরু করে।

নিউরোলজিক্যাল রিলিজ: মস্তিষ্কের লিম্বিক সিস্টেম (যেখানে আবেগ বাস করে) রং ও ‘ভিজ্যুয়াল ইমেজে’র প্রতি দ্রুত সাড়া দেয়। ফলে আঁকা শুরু করলেই দুশ্চিন্তা কমে, স্নায়ুতন্ত্র শান্ত হয়, মস্তিষ্ক ও হাতের মধ্যে নতুন সংযোগ তৈরি হয়।

থেরাপিউটিক রিফ্লেকশন: সেশন শেষে যখন থেরাপিস্ট ছবির নির্দিষ্ট অংশ নিয়ে প্রশ্ন করেন— ‘এটা কোন অনুভূতির প্রতীক?’, ‘এই রং কেন বেছে নিলেন?’ তখন ব্যক্তি নিজের ভেতরের গল্পকে নতুনভাবে দেখতে পারেন। এই আত্ম-উপলব্ধিই আর্ট থেরাপির মূল নিরাময়।

যাদের জন্য আর্ট থেরাপি সবচেয়ে বেশি কার্যকর

আর্ট থেরাপি প্রয়োগযোগ্য প্রায় সব বয়সী মানুষের জন্য। বিশেষত— উদ্বেগ ও আতঙ্ক (Anxiety), বিষণ্নতা (Depression), অতীতের মানসিক আঘাত (Post-traumatic stress disorder/PTSD), শোক ও ক্ষতি (Greif & Loss), রাগ ব্যবস্থাপনা (Anger Management), মানসিক চাপ, অত্যাধিক কাজের চাপ (Burnout), একাকিত্ব ও ইমোশনাল ব্লক, অটিজম, ADHD বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, যাদের ভাষা সীমিত, অথবা যারা অনুভূতি চেপে রাখেন— তারা দ্রুত উপকার পান।

বিভিন্ন ধরনের আর্ট থেরাপি

ফ্রি ড্রয়িং থেরাপি: এখানে কোনো নিয়ম নেই। যা মনে আসে তাই আঁকা হয়— এটি গভীর আবেগ উন্মুক্ত করে।

মণ্ডলা থেরাপি: বৃত্তের মধ্যে রং করা মনকে শান্ত করে এবং উদ্বেগ কমায়।

কোলাজ থেরাপি: ম্যাগাজিন কাটিং, রঙিন কাগজ, ছবি মিলিয়ে নিজের গল্প বা লক্ষ্য সাজানো। এটি ট্রমা থেরাপিতে অত্যন্ত কার্যকর।

বডি ম্যাপিং থেরাপি: শরীরের কোন অংশে অনুভূতি জমে আছে— রং ও চিহ্ন দিয়ে তা চিত্রিত করা হয়।

ক্লে থেরাপি: মাটির কাজ হাতে নিলে শরীরের চাপ দ্রুত কমে যায়। বিশেষ করে যারা ট্রমায় আক্রান্ত।

মাস্ক থেরাপি: মুখোশের মাধ্যমে লুকানো সত্তাকে প্রকাশ করা যায়। এটি ব্যক্তিত্ব বিশ্লেষণে অনেক গভীরতা আনে।

একটি আর্ট থেরাপি সেশন যেমন হয়

নিরাপদ পরিবেশ তৈরি: থমথমে বিচারহীন পরিবেশ যেখানে ক্লায়েন্টকে বলা হয়— ‘এখানে কোনো ভুল নেই।’

রং নির্বাচন: ক্লায়েন্ট নিজেই বেছে নেন-প্যাস্টেল? জলরং? ক্লে? প্রিয় রংগুলোও মনের অবস্থাকে ইঙ্গিত করে।

সৃষ্টির সময়: ১০ থেকে ৩০ মিনিট সম্পূর্ণভাবে রং ও অনুভূতির সংস্পর্শে থাকা। এ সময় মন ধীরে ধীরে খুলে যায়।

প্রতিফলন ও আলোচনা: কাজটি নিয়ে আলাপ থেরাপির অন্যতম মূল অংশ। এতে আবেগ, স্মৃতি, ভয় অথবা আশা-সব প্রকাশ পায়।

সমাপনী গ্রাউন্ডিং: হালকা শ্বাস-প্রশ্বাস এর ব্যায়াম বা ‘রিলাক্সেইশন এক্সারসাইজ’ দিয়ে সেশন শেষ করা।

বাস্তব উপকারিতা

আর্ট থেরাপির দীর্ঘমেয়াদি উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত-গভীর আবেগ চেনা সহজ হয়। ট্রমার প্রভাব কমে, মনোযোগ ও স্মৃতির উন্নতি, আত্মবিশ্বাস বেড়ে যায়, ‘স্ট্রেস’ বা চাপ কমার সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতাও বৃদ্ধি পায়, নিজের ওপর নিয়ন্ত্রণের বোধ তৈরি হয়, অনেক সময় একটি ছবি এমন কথা বলে যেটা কথায় বলা যায় না

বাড়িতে সহজে করা যায় এমন পাঁচটি আর্ট থেরাপি অনুশীলন

এই ধরনের কাজে ১৫ মিনিটেই মানসিক প্রশান্তি অনুভব করা সম্ভব।

লেখকের বার্তা

মানুষের অনুভূতি চেপে রাখা আমাদের শেখানো হয়েছে ছোটবেলা থেকেই। তবে সেই চেপে রাখা অনুভূতিগুলোই ভবিষ্যতে উদ্বেগ, দুঃখ, রাগ, ট্রমা হিসেবে ফিরে আসে। আর্ট থেরাপি আমাদের সেই চেপে রাখা অনুভূতিগুলোকে নিরাপদভাবে মুক্ত হতে সাহায্য করে।

আরও পড়ুন

খাবার যেভাবে মনের ওপর প্রভাব ফেলে

আনন্দোচ্ছলে দুশ্চিন্তা কমানোর পন্থা

জিনিস জমিয়ে রাখার প্রবণতা কি মানসিক অসুস্থতা?