২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স বাড়ার সাথে কেন মনে হয় অ্যালার্জিও বাড়ছে

পরিবেশ, শারীরিক পরিবর্তন ছাড়াও নানান বিষয় অ্যালার্জি তৈরি করতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 04:40 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

শিশু বা তরুণ বয়সে অনেকেরই অ্যালার্জির সমস্যা ধরা পড়ে। তবে কারও কারও আবার জীবনে অ্যালার্জি প্রথম ধরা পড়ে প্রাপ্তবয়স্ক বয়সে, এমনকি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উপসর্গ আরও তীব্র মনে হতে পারে।

হঠাৎ নাক বন্ধ, গলায় খুসখুস, চোখ চুলকানো বা হাঁচি— এসব দেখে অনেকেই ভাবেন শরীর হয়ত দুর্বল হয়ে যাচ্ছে।

তবে চিকিৎসকেরা বলছেন, বিষয়টি শুধু বয়সের কারণে নয়, এর পেছনে আছে শরীরের প্রতিরোধ ব্যবস্থার পরিবর্তন, পরিবেশগত চাপ এবং জীবনযাপনের নানান প্রভাব।

প্রাপ্তবয়স্ক বয়সে নতুন করে অ্যালার্জি কেন হয়

যুক্তরাষ্ট্রভিত্তিক চিকিৎসক ডা. কারা ওয়াডা রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “প্রাপ্তবয়স্কদের মধ্যে অ্যালার্জির হার মোটেই কম নয়।”

তার মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের প্রতিরোধ ব্যবস্থা বা ‘ইমিউন সিস্টেমে’ পরিবর্তন ঘটে। আগে যেসব উপাদান শরীর সহজে সহ্য করত, সময়ের সঙ্গে সেই সহনশীলতা কমে যেতে পারে।

ফলে ধীরে ধীরে শরীর ওই উপাদানের প্রতি সংবেদনশীল হয়ে ওঠে।

তিনি আরও ব্যাখ্যা করেন, “দীর্ঘদিন ধরে ধুলাবালির মতো উপাদানের সংস্পর্শে থাকলে শরীর একসময় সেগুলোর প্রতি প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। এর সঙ্গে যদি যুক্ত হয় মানসিক চাপ, অসুস্থতা, গর্ভাবস্থা, বিপাকীয় পরিবর্তন বা নতুন কোনো পরিবেশে বসবাস, তাহলে অ্যালার্জির ঝুঁকি আরও বাড়ে।”

আবার কেউ যদি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যান, যেখানে ভিন্ন ধরনের গাছপালা বা ধুলার ধরন রয়েছে, তাহলে নতুন অ্যালার্জি তৈরি হতে পারে।

পরিবেশ ও দূষণের প্রভাব

বিশ্বের পরিবেশগত পরিবর্তনও অ্যালার্জি বৃদ্ধির একটি বড় কারণ।

ডা. কারা ওয়াডা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে পরাগরেণুর মৌসুম দীর্ঘ হচ্ছে এবং বাতাসে এর পরিমাণও বাড়ছে। পাশাপাশি বায়ুদূষণ এই পরাগরেণুকে আরও বেশি ক্ষতিকর করে তুলছে।

“ফলে যাদের আগে অ্যালার্জি ছিল না, তারাও এখন উপসর্গ অনুভব করতে পারেন”- বলেন তিনি।

বায়ুদূষণ নাক ও শ্বাসনালীর ভেতরের আবরণকে দুর্বল করে দেয়, ফলে বাইরের ক্ষতিকর উপাদান সহজে শরীরে প্রবেশ করতে পারে। এতে প্রদাহ সৃষ্টির মাধ্যমে অ্যালার্জির উপসর্গ তীব্র হয়।

তাই অনেক সময় মনে হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অ্যালার্জি বেড়েছে। আসলে পরিবেশের পরিবর্তনই বেশি দায়ী।

বয়স কি সত্যিই অ্যালার্জির সমস্যা বাড়ায়

চিকিৎসাবিজ্ঞানের তথ্য বলছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অ্যালার্জি সবসময় বাড়ে না। বরং অনেক ক্ষেত্রে বয়স্ক বয়সে অ্যালার্জির উপসর্গ কমে যেতে পারে।

এই প্রক্রিয়াকে বলা হয় ‘ইমিউনোসেনেসেন্স’, যেখানে বয়সের সঙ্গে প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা কিছুটা কমে যায়।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হল— পরিবেশগত চাপ ও জীবনযাপনের পরিবর্তন এতটাই বেড়েছে যে অনেকের ক্ষেত্রে উপসর্গ আগের তুলনায় বেশি অনুভূত হয়।

অ্যালার্জিক ও নন-অ্যালার্জিক সমস্যা

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যালার্জি ও প্রতিরোধবিদ্যায় প্রশিক্ষিত চিকিৎসক ডা. মেগান ডব্লিউ. শেফার্ড বলেন, “যেটাকে অ্যালার্জি ভাবা হয়, সেটি আসলে অ্যালার্জি নাও হতে পারে।”

যেমন- নাক বন্ধ, হাঁচি বা গলা দিয়ে পানি পড়ার মতো উপসর্গ ‘নন-অ্যালার্জিক রাইনাইটিস’ নামের একটি সমস্যাতেও হতে পারে।

এই অবস্থায় উপসর্গগুলো অ্যালার্জির মতো হলেও এর কারণ ভিন্ন। সাধারণত এতে চুলকানির প্রবণতা কম থাকে।

অনেক ক্ষেত্রে শরীরে একই সঙ্গে দুই ধরনের সমস্যাই থাকতে পারে।

বয়স বাড়ার সঙ্গে নন-অ্যালার্জিক সমস্যার প্রবণতা বাড়ে, ফলে মনে হয় অ্যালার্জি বেড়ে গেছে।

সঠিক রোগ নির্ণয়ের গুরুত্ব

অ্যালার্জি ও নন-অ্যালার্জিক সমস্যার চিকিৎসা এক নয়। তাই সঠিকভাবে রোগ নির্ণয় করা জরুরি।

ডা. মেগান শেফার্ড পরামর্শ দেন, “যদি নতুন করে উপসর্গ দেখা দেয় বা পুরানো সমস্যা তীব্র মনে হয়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য দরকার। প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয় সমস্যার ধরন।

জীবনযাপনের প্রভাব

অ্যালার্জির ক্ষেত্রে জীবনযাপনও গুরুত্বপূর্ণ। ঘরের ভেতরের ধুলাবালি, বিছানার চাদর, পোষা প্রাণী, এমনকি খাবারের ধরনও এতে প্রভাব ফেলে।

পাশাপাশি মানসিক চাপ শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দেয়, যা অ্যালার্জির উপসর্গ বাড়াতে পারে।

এছাড়া ঘুমের অভাব, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং শারীরিক নিষ্ক্রিয়তাও অ্যালার্জিকে তীব্র করতে পারে।

তাই শুধু ওষুধ নয়, জীবনযাপনে পরিবর্তন আনাও সমান গুরুত্বপূর্ণ।

করণীয়

অ্যালার্জি পুরোপুরি প্রতিরোধ করা সবসময় সম্ভব না হলেও কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে উপসর্গ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

ধুলাবালি এড়িয়ে চলা, বাইরে থেকে এসে হাত-মুখ ধোয়া, ঘর পরিষ্কার রাখা এবং প্রয়োজনে মুখে মাস্ক ব্যবহার করা উপকারী হতে পারে।

পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া এবং নিয়মিত ‘ফলোআপ’ জরুরি।

নিজে নিজে ওষুধ খাওয়ার প্রবণতা থেকে বিরত থাকা উচিত, কারণ ভুল চিকিৎসা সমস্যাকে দীর্ঘস্থায়ী করতে পারে।

আরও পড়ুন

অ্যালার্জি নিয়ে প্রচলিত ভুল ধারণা

যেসব খাবারে কমতে পারে অ্যালার্জির সমস্যা

রাত জাগা থেকে হাঁপানি ও অ্যালার্জি

যেভাবে বুঝবেন অ্যালার্জি নাকি ঠাণ্ডা-কাশি