২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লান্ত মন ও শরীরের নতুন আশ্রয় ‘ওয়েলনেস রিট্রিট’

ওয়েলনেস রিট্রিটের মূল লক্ষ্য হল- স্নায়ুতন্ত্রকে শান্ত করা এবং শরীরের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনা।

ক্লান্ত মন ও শরীরের নতুন আশ্রয় ‘ওয়েলনেস রিট্রিট’
‘দি ফ্লো ফেস্ট’ এর আয়োজনে কক্সবাজারে ওয়েলনেস রিট্রিট।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 04:47 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

দিনের পর দিন কাজের চাপ, একের পর এক দায়িত্ব, আর রাত গভীর পর্যন্ত মোবাইল স্ক্রল- এই চক্রের ভেতরে হারিয়ে যায় নিজের স্বাভাবিক ছন্দ। তাই কোনো একদিন হঠাৎ ভেঙে পড়া নয়, বরং ধীরে ধীরে জমতে থাকা এক ধরনের ক্লান্তি নিজেকে গ্রাস করে।

ঘুম হচ্ছে, কিন্তু তাতে আর আরাম মিলছে না। শরীর বিশ্রাম নিচ্ছে, কিন্তু মন যেন কখনই থামছে না। এই অবস্থা কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়, এটি স্নায়ুতন্ত্রের ক্লান্ত হয়ে পড়ার একটি বাস্তব সংকেত।

এই পরিস্থিতিতেই ‘ওয়েলনেস রিট্রিট’ বা সুস্থতা-কেন্দ্রিক অবকাশের গুরুত্ব অনেক।

এটি বিলাসিতা নয়, বরং নিজের জন্য প্রয়োজনীয় এক ধরনের যত্ন। যা শরীর ও মনকে আবার ভারসাম্যে ফিরিয়ে আনতে সাহায্য করে।

যে কারণে এই প্রবণতা বাড়ছে

বর্তমান সময়ের জীবনযাত্রা দ্রুত, অনেকে চাপের এবং প্রায়ই ভারসাম্যহীন। বিশেষ করে বড় শহরের মতো জায়গায় প্রতিদিনের যানজট, শব্দদূষণ, প্রতিযোগিতা আর কাজের চাপ ক্রমশ ক্লান্ত করে তুললে পারে। এই বাস্তবতায় শুধু ছুটি কাটানোই যথেষ্ট নয়। সাধারণ ভ্রমণে স্থান পরিবর্তন হয় কিন্তু চাপ এবং চিন্তা নিজের সঙ্গেই থাকে।

ফলে ফিরে এসে আবার সেই একই চক্রে আটকে পড়তে হয়।

এই জায়গায় ‘ওয়েলনেস রিট্রিট’ আলাদা কারণ এটি পরিকল্পিতভাবে শরীর ও মনকে পুনরুদ্ধারের সুযোগ তৈরি করে।

সাভারে ‘দি ফ্লো ফেস্ট’এর আয়োজনে ওয়েলনেস রিট্রিট কার্যক্রম।

সাভারে ‘দি ফ্লো ফেস্ট’এর আয়োজনে ওয়েলনেস রিট্রিট কার্যক্রম।

যেভাবে কাজ করে এই সুস্থতা অবকাশ

ওয়েলনেস রিট্রিটের মূল লক্ষ্য হল- স্নায়ুতন্ত্রকে শান্ত করা এবং শরীরের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনা। এতে বিভিন্ন অনুশীলন থাকে, যা শরীর ও মনকে ধীরে ধীরে চাপমুক্ত করে।

“শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং ধ্যান যা মনকে স্থির করতে সাহায্য করে। এগুলো শরীরের চাপ-সংক্রান্ত হরমোন কমাতেও সহায়ক। একই সঙ্গে প্রকৃতির মধ্যে সময় কাটানো মানসিক অস্থিরতা কমায় এবং মনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনে”- বলেন দি ফ্লো ফেস্ট এর প্রতিষ্ঠাতা ও যোগ-প্রশিক্ষক শাজিয়া ওমর।

খাবারের দিকেও এতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার শরীরকে শক্তি এবং মস্তিষ্ককে স্বস্তি দেয়। পাশাপাশি পর্যাপ্ত ও গভীর ঘুমের সুযোগ অনেকের জন্যই দীর্ঘদিন পর এক নতুন অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়।

মানুষের সঙ্গে সংযোগের নতুন অনুভূতি

ওয়েলনেস রিট্রিটের একটি গুরুত্বপূর্ণ দিক হল- মানুষের সঙ্গে সংযোগ। প্রথম দিন সবাই অপরিচিত থাকলেও, খুব অল্প সময়ের মধ্যেই এক ধরনের আন্তরিকতা তৈরি হয়।

একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার কারণে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে সহজেই সংযুক্ত হতে পারেন। এই সংযোগ এক ধরনের মানসিক সমর্থন তৈরি করে, যা একাকিত্ব কমাতেও দারুণ কাজ করে। আবার অনেক সময় এই অভিজ্ঞতা দীর্ঘস্থায়ী বন্ধুত্বেও রূপ নেয়।

সিলেটে ‘দি ফ্লো ফেস্ট’এর আয়োজনে ওয়েলনেস রিট্রিট কার্যক্রম।

সিলেটে ‘দি ফ্লো ফেস্ট’এর আয়োজনে ওয়েলনেস রিট্রিট কার্যক্রম।

বাস্তবতা থেকে পালানো নয়, ফিরে আসা

অনেকেই মনে করেন, এই ধরনের অবকাশ বাস্তবতা থেকে পালানোর একটি উপায়। প্রকৃতপক্ষে এটি তার বিপরীত। এটি বরং নিজেদের কাছে ফিরে যাওয়ারই একটি সুযোগ।

ওয়েলনেস রিট্রিট মূলত শেখায় কীভাবে শরীরের সংকেত শোনা যায়, কীভাবে মনকে শান্ত এবং নিজের যত্ন নেওয়া যায়। এটি অনেকটাই পুনরারম্ভের মতো, যেখানে নতুনভাবে জীবনকে দেখার সুযোগ পাওয়া যায়।

অভ্যাসগুলো ঘরে ফিরেও থাকে

এই ধরনের অভিজ্ঞতার সবচেয়ে বড় সুবিধা হলো শেখা অভ্যাসগুলো প্রতিদিনের জীবনেও কাজে লাগে। যেমন শ্বাস-প্রশ্বাসের কৌশল, ধ্যানের অভ্যাস বা দিনের শুরু ও শেষে কিছু নির্দিষ্ট অনুশীলন।

‘কর্পোরেট ইয়োগা’ কার্যক্রমের অংশ হিসেবে ‘দি ফ্লো ফেস্ট’এর ‘দ্য ওয়ার্ড ব্যাংক’য়ে ওয়েলনেস রিট্রিট কর্মশালা।

‘কর্পোরেট ইয়োগা’ কার্যক্রমের অংশ হিসেবে ‘দি ফ্লো ফেস্ট’এর ‘দ্য ওয়ার্ড ব্যাংক’য়ে ওয়েলনেস রিট্রিট কর্মশালা।

দেশেও বাড়ছে আগ্রহ

এখন দেশেও এই ধারণা ধীরে ধীরে গ্রহণযোগ্য হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থানে হচ্ছে নানান আয়োজন থাকে যা কয়েক দিনের জন্য নিজের যত্ন নেওয়ার সুযোগ দিচ্ছে।

এ ধরনের আয়োজনের মধ্যে ‘দ্য ফ্লো ফেস্ট’ অনেকটাই পরিচিত নাম। দেশের ভেতরে ও বাইরেও নিয়মিত সুস্থতা-কেন্দ্রিক অবকাশ আয়োজন করছে তারা।